Tag: জেফার রহমান

  • সোনালি সন্ধ্যায় প্রীতম পূজা ও জেফার রহমান

    জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, অভিনেত্রী পূজা চেরী ও জেফার রহমান এ প্রজন্মের তারকা। গানে ও অভিনয়ে তারা মানুষকে মাতিয়ে রেখেছেন। তবে তাদের নতুন কাজ নিয়ে দর্শকদের মনে ভীষণ আগ্রহ থাকে। 

    সম্প্রতি এ তিন তারকা একমঞ্চে পারফর্ম করে এসেছিলেন মালয়েশিয়ায়। ‘সোনালি সন্ধ্যা’ নামে সেই অনুষ্ঠানটি উপভোগ করেছিলেন বসবাসরত প্রবাসী বাঙালিরা। দেশের মানুষের সেই সুযোগ হয়নি। এবার দেশের মানুষও দেখতে পাবেন সেই অনুষ্ঠানটি এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভির পর্দায়। 

    এ উপলক্ষ্যে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করা হবে ‘সোনালি সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় অনুষ্ঠানটিতে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা ছাড়াও পারফর্ম করতে দেখা যাবে প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও অনেককেই।

    ‘সময়ের সাথে আগামীর পথে’— এ স্লোগান নিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল ২০০৩ সালের ৩ জুলাই। আগামীকাল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রাত ৯টা ৩০ মিনিটে প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ।  

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিশেষ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, অভিনেত্রী সুমাইয়া শিমু ও আইশা খান। এ ছাড়া আরও নানা আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী।

    বিনোদন ডেস্ক

  • শিহাব শাহীনের ‘তুমি আমি শুধু’ সিনেমার আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রীতম–জেফার

    ঢালিউডের স্বনামধন্য নির্মাতা শিহাব শাহীন রোমান্টিক ঘরানায় সিনেমা নির্মাণে সিদ্ধহস্ত।  ‘তুমি আমি শুধু’ সিনেমাতেও রয়েছে সেই ছাপ। তিনি চিরচেনা গল্পকেই উপভোগ্য করে হাজির করেছেন এ সিনেমাটি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও গায়িকা জেফার রহমান। তারা দুজনই এর আগে এ পরিচালকের সঙ্গে কাজ করেছেন। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ আর সবশেষ ঈদে ‘ক্যাকটাস’–এ বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন প্রীতম। অন্যদিকে অভিনেত্রী জেফার রহমানকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’–এ দেখা গেছে। এ দুই সংগীতশিল্পীর রসায়ন দর্শকরা বেশ পছন্দ করেছেন।

     ‘তুমি আমি শুধু’ সিনেমা মুক্তির আগে টিজার-ট্রেলার ঘিরে যে কৌতূহল তৈরি হয়েছিল, সিনেমা মুক্তির পর অনেকটাই তা পূরণ করতে পেরেছে বলে মনে করছেন দর্শকরা। এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে সংগীতশিল্পী প্রীতম হাসান বলেন, গল্পটা প্রথম থেকেই আমার খুব পছন্দের ছিল। এক বছর আগে যখন শুনি, তখন থেকেই কাজটা নিয়ে এক্সাইটেড ছিলাম। বিশ্বাস করেছিলাম, কাজটার ভালো রেসপন্স আসবে এবং সেটাই হচ্ছে। 

    চরিত্রটা এমনভাবে করার চেষ্টা করেছি, যাতে শহরের তরুণরা সহজেই আমার সঙ্গে রিলেট করতে পারে বলে জানিয়েছেন এ অভিনেতা। তিনি বলেন, গল্পটা আমাদের সমাজের খুব বেসিক জায়গা থেকে নেওয়া। তাই এটাকে সহজভাবে উপস্থাপন করাটাই ছিল মূল লক্ষ্য। 

    প্রীতম হাসান বলেন, প্রোডাকশন খুব কম সময়ের মধ্যে হয়েছে; কিন্তু শিহাব ভাই এক সপ্তাহের মধ্যেই যেভাবে আউটপুট দিয়েছেন, সেটি সত্যিই চমকপ্রদ। এখন দর্শকদের কাছ থেকে অনেক ভালো সাড়া পাচ্ছি। অনেকে একাধিকবার দেখছেন, এটা আমাদের জন্য বড় আনন্দ।

    গায়িকা থেকে নায়িকা জেফার রহমান বলেন, সিনেমাটি নিয়ে যে সাড়া পাচ্ছি, তাতে আমি অভিভূত। এত ইতিবাচক প্রতিক্রিয়া পাব, ভাবিনি। আমি যেহেতু অভিনয়ে নতুন, তাই শুরুতে একটু নার্ভাস ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে—এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আমার অভিনয়ের প্রশংসা হচ্ছে, এটা আমার জন্য ভিন্ন রকম অনুভূতি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘তুমি আমি শুধু’ সিনেমা প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন বলেন, বছরখানেক আগে শুটিং শেষ হলেও বিভিন্ন কারিগরি জটিলতায় আটকে ছিল ‘তুমি আমি শুধু’। অবশেষে সেই জটিলতা কাটিয়ে বৈশাখে সিনেমাটি মুক্তি পেয়েছে। তিনি বলেন, এটি মূলত এক তরুণীর স্বাধীন ইচ্ছা ও নিজের মতো করে বাঁচার গল্প। একই সঙ্গে এটি একটি প্রেমের গল্পও, যেখানে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন।

    ‘তুমি আমি শুধু’ সিনেমার গল্পে একটু ভিন্নতা রয়েছে। একটি ‘ভুল’, যে ভুল ঠিকানায় পৌঁছে যায় একটি ফুড ডেলিভারি। সেই ছোট্ট ঘটনাই বদলে দেয় দুই অচেনা মানুষের জীবন। একদিকে তানভীর (প্রীতম), যে কিনা আবেগপ্রবণ, হঠাৎ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এবং যে বিশ্বাস করে জীবনের সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে থাকে। অন্যদিকে সুবাহ (জেফার), যে কিনা সংযত, যুক্তিনির্ভর ও সম্পর্কের আগে প্রশ্ন করতে ভালোবাসে। এ দুই বিপরীতমুখী মানুষের মানসিকতার রাস্তা এক হওয়া, তাদের মধ্যে অদৃশ্য টান তৈরি হওয়া—এসব নিয়েই এগিয়েছে গল্পের কাহিনি। তাই প্রশ্নটা থেকেই যায়, বারংবার ঘটে যাওয়া ঘটনাগুলো কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কোনো যোগসূত্র রয়েছে? নতুন সংজ্ঞা খুঁজে নেয় শিহাব শাহীনের সিনেমা ‘তুমি আমি শুধু’।

    ‘তুমি আমি শুধু’ সিনেমায় প্রীতম হাসান ও জেফার রহমান ছাড়াও আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, অভিনেত্রী মুনমুন আহমেদ, নতুন মুখ আব্দুল্লাহ আল সেন্টু ও জায়মা রহমান।

    বিনোদন ডেস্ক

  • প্রবাসীদের মাতাতে মালয়েশিয়া যাচ্ছেন প্রীতম-জেফার-পূজা-তমা

    ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রবাসীদের আনন্দে মাতাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজন করা হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ‘সোনালী সন্ধ্যা’। আগামী ২৪ মে মিনারা পিজিআরএম টাওয়ার-২ এ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বিশেষ আয়োজন।

    ‘এমএস গোল্ড প্রেজেন্টস সোনালী সন্ধ্যা, পাওয়ারড বাই সোনালী জুয়েলস’ শীর্ষক এই কনসার্টে এক মঞ্চে দেখা যাবে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও তারকাদের। আয়োজক প্রতিষ্ঠান এনএস ইউনিক গ্লোবাল এসডিএন বিএইচডি জানায়, অনুষ্ঠানে গান পরিবেশন করবেন প্রীতম হাসান, জেফার ও প্রতীক হাসান। 

    পাশাপাশি নৃত্য পরিবেশনায় অংশ নেবেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি ও তমা মির্জা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করবেন রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কা। 

    এছাড়া ডিজে আভিলার লাইভ পারফরম্যান্স পুরো আয়োজনকে আধুনিক ফেস্টিভ্যালের আবহ দেবে বলে জানিয়েছেন আয়োজকরা।

    আয়োজক কমিটির সদস্যরা গত সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, ‘সোনালী সন্ধ্যা’ শুধু একটি কনসার্ট নয়, বরং এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি মিলনমেলা। এখানে ঈদ পুনর্মিলনীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে সংযুক্ত থাকার সুযোগ তৈরি হবে।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুষ্ঠানের টিকিট রাখা হয়েছে ছয়টি ক্যাটাগরিতে, যার মূল্য ৯৯ থেকে ৩৪৯ রিঙ্গিত পর্যন্ত। ভিআইপি, প্ল্যাটিনাম, গোল্ড ও সিলভারসহ প্রতিটি টিকিট আসনভিত্তিক।

    টিকিট পাওয়া যাবে অনলাইন প্ল্যাটফর্ম ‘Tiket2U’, নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর এবং কুয়ালালামপুরের হ্যাংতুয়া, বুকিত বিনতাং, মাসজিদ ইন্ডিয়া, কোটারায়া ও পুদু এলাকার নির্ধারিত স্থান থেকে।

    বিনোদন ডেস্ক

  • জেফারের প্রশংসায় পঞ্চমুখ রাফসান

    অনেকদিনের গুঞ্জনকে সত্যি করে কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোবিজের আলোচিত জুটি কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। গত ১৪ জানুয়ারি তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন। তখন থেকেই নতুন করে নেটিজেনদের আলোচনায় উঠে আসেন তারা। 

    বিয়ের পর কেমন যাচ্ছে চর্চিত এই যুগলের নতুন জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফারকে প্রশংসায় ভাসাতে দেখা যায় রাফসানকে। সেখানে একসঙ্গে নতুন জীবন যে বেশে উপভোগ করছেন দুজন, সেটাই রাফসানের কথায় ফুটে ওঠে। 

    স্ত্রীকে নিয়ে এ উপস্থাপক বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এদিকে, শোবিজে রাফসানের অনেক আগেই ক্যারিয়ার শুরু করেন জেফার। স্ত্রীর প্রতি তিনি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।’ 

    পাশাপাশি স্ত্রীকে নিজের অনুপ্রেরণার উৎস বলেও দাবি করেন রাফসান। বিয়ের পর থেকে জেফার তার ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনে কীভাবে প্রভাব রাখছে সে সম্পর্কে বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’ 

    বিনোদন ডেস্ক

  • জেফার-রাফসান সম্পর্ক নিয়ে যা বললেন সাবেক স্ত্রী এশা

    কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোবিজের আলোচিত জুটি উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। কিন্তু গেল বুধবার (১৪ জানুয়ারি) এই দম্পতির বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনার মুখে পড়েন তারা। কারণ রাফসানের সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশার সঙ্গে তার বিচ্ছেদের ঘোষণার পর থেকেই নেটদুনিয়ায় জোর গুঞ্জন ছিল কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই রাফসানের প্রথম সংসার ভেঙে গিয়েছিল। 

    এদিকে, জেফার-রাফসানের বিয়ের একই দিনে এই উপস্থাপকের প্রাক্তন স্ত্রী এশার জন্মদিন হওয়ায় তিনিও ব্যাপক লাইমলাইটে চলে আসেন এবং নেটিজেনরা তার প্রতি সমবেদনা জানাতে থাকেন। নেটিজেনরা বলতে থাকেন, এশার সঙ্গে সম্পর্কে থাকার সময়ই জেফার-রাফসান প্রেমের সম্পর্কে জড়ান। তবে এ বিষয়টি নিয়ে তেমন কথা না বললেও রাফসানের বিয়ের দুদিন পর এক ফেসবুক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন এশা। 

    গত শুক্রবার (১৬ জানুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে এশা লেখেন, ‘বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। জীবনের এই পর্যায়ে এসে আমি আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে বা তাতে জড়াতে চাই না। আমি নিজে একটি অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে গেছি—অনেক কিছু সহ্য করেছি, গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি। এই পুরো যাত্রাপথে কাছের মানুষদের পাশাপাশি অনেক অচেনা মানুষের কাছ থেকেও যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তা আমাকে গভীরভাবে আপ্লুত করেছে। কাছের হোক বা দূরের—প্রতিটি শুভকামনা ও উৎসাহের জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এশা দীর্ঘ স্ট্যাটাস শেষ করেছেন অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে। তিনি আরও রেখেন, ‘আমি নিজের জন্য এমন কিছু গড়ে তুলতে চাই, যা কঠিন সময়ে আমাকে ছেড়ে যাবে না কিংবা কোনো বিপর্যয়ে আমাকে অসহায় করে তুলবে না। আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না। আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—ডা. এশা।’ 

    গণমাধ্যমেও সম্প্রতি এ বিষয়ে কথা বলেন তিনি। সম্প্রতি চিকিৎসক সানিয়া শামসুন এশা গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার জীবন নিজের মতো গড়ে তুলছি, আমি একটি ইতিবাচক দিক মানুষকে দেখানোর চেষ্টা করছি। মানুষকে অনুপ্রাণিত করছি। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে যখন বিষয়টা চলে আসে, তখন বিরক্তি তৈরি করে। আমার দিক থেকেও মানুষ একটা স্টেটমেন্ট আশা করে। কিন্তু এই ব্যাপারে আমি কোনো নেতিবাচকতা ছড়াতে চাই না।’ 

    উল্লেখ্য, জেফার রহমান ও রাফসান সাবাবের প্রেমের গুঞ্জনকে এই যুগল বরাবরই গুজব বলে আসছিলেন এতদিন। যদিও শেষ পর্যন্ত সেই গুজবকেই সত্যি প্রমাণ করে একসঙ্গে গাটছড়া বাঁধলেন তারা। 

    বিনোদন ডেস্ক

  • আরও আগেই বিয়ে সেরেছেন জেফার-রাফসান!

    বর্তমানে শোবিজে সবচেয়ে চর্চিত বিষয় হল সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ের খবর। প্রথম স্ত্রীর সঙ্গে দুই বছর আগে বিচ্ছেদের পর রাফসানের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা কম হয়নি। 

    বুধবার (১৪ জানুয়ারি) নিজেদের ফেসবুকে বিয়ের ছবি প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে নবদাম্পত্য জীবনের জানান দেন এই জুটি। তাদের ঘনিষ্ঠজনদের থেকেও এদিনই তাদের বিয়ে হওয়ার খবরটি জানা গিয়েছিল। আলোচিত এই যুগলের বিয়ে নিয়ে এবার জানা গেল নতুন খবর, গত বুধবার নয় আরও আগেই নাকি গাঁটছড়া বেঁধেছেন জেফার-রাফসান! 

    তাদের বিয়েতে উপস্থিত এক পরিচালক গণমাধ্যমের কাছে এমনটাই দাবি করেছেন। সেই নির্মাতা জানান, গত ১০ জানুয়ারি (শনিবার) তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। এর চারদিন পর (বুধবার) বন্ধু-আত্মীয়স্বজন নিয়ে পরবর্তীতে কেবল আনুষ্ঠানিকতা সারেন। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    পরিচালকের বরাত অনুসারে, শনিবারই ঘরোয়া আয়োজনে তাদের হলুদ ও বিয়ে হয়েছে । আর বুধবার হয় বড় পরিসরের আয়োজন; যেখানে গান আড্ডা ও অন্যান্য তারকাদের মিলমেলায় ভরে ওঠে অনুষ্ঠানস্থল। 

    আলোচিত দম্পতির এই বিয়ের আয়োজনে মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, সাবিলা নূর, তাসনিয়া ফারিণ, প্রীতম হাসান, শেহতাজ মুনিরা হাশেম, সুনেরাহ বিনতে কামালসহ শোবিজের অনেক তারকাই উপস্থিত ছিলেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন করা হয় বলে জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • রাফসান–জেফারের ছবিতে মুগ্ধ সাফা কবির

    দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমান। 

    বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন রাফসান।

    একটি বিশেষ মুহূর্তের কিছু ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসঙ্গে পথচলার এক সুন্দর গল্প।’

    এই সুখবর প্রকাশের পরই অভিনন্দনে ভাসতে থাকেন নবদম্পতি। শোবিজের অনেকেই শুভকামনা জানালেও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের মন্তব্যটি নেটিজেনদের আলাদা করে নজর কাড়ে। আবেগঘন বার্তায় সাফা যেন নিজের আনন্দই লুকাতে পারেননি।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সামাজিক যোগাযোগমাধ্যমে সাফা কবির লেখেন, ‘দৃশ্যটি কী যে চমৎকার! আমি চোখ ফেরাতে পারছি না। আনন্দে আমার বুক ভরে উঠছে, চোখ যেন খুশির অশ্রুতে ভরে উঠেছে। এই দুই সুন্দর মানুষ যখন এক হতে যাচ্ছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকুক। আল্লাহ তোমাদের জীবন সীমাহীন ভালোবাসা আর নিয়ামতে ভরিয়ে দিন।’

    রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন ইভেন্ট ও শো উপস্থাপনার মাধ্যমে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার কণ্ঠ ও ফ্যাশন সেন্স দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে বেশ জনপ্রিয়। বিনোদন জগতের দুই সফল মানুষের এই নতুন পথচলা দর্শকদের কাছেও বাড়তি আনন্দ যোগ করেছে।

    বিনোদন ডেস্ক

  • বিয়ের আসরে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার– প্রীতম, নাচলেন সাবিলা

    দীর্ঘদিনের নীরবতার অবসান ঘটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব।

    বুধবার (১৪ জানুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবরটি নিজেই নিশ্চিত করেছেন রাফসান সাবাব।

    বিয়ের আসরে জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন জেফার রহমান। মঞ্চে তার সঙ্গে ছিলেন বর রাফসান সাবাব। এ সময় গানটির সঙ্গে মঞ্চে নাচতে দেখা যায় সংগীতশিল্পী প্রীতম হাসান ও অভিনেত্রী সাবিলা নূরকে।

    গানটির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করেন নির্মাতা আদনান আল রাজীব। ক্যাপশনে তিনি লেখেন, ‘হোয়াট আ শো’। ভিডিওটি ফেসবুকে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। 

    গত বছর ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ সিনেমায় গানটি গেয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান। সিনেমাটিতে গানটিতে ঠোঁট মেলান শাকিব খান ও সাবিলা নূর।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    বিয়ের আসরের আরও একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন মেহজাবীন চৌধুরী। এক ঘণ্টার ব্যবধানে ভিডিওটি প্রায় ৮ লাখ বার দেখা হয় এবং ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে।

    জেফার রহমান ও রাফসান সাবাবের বিয়ের আসরে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিন, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের আরও অনেক তারকা।

    নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে পরিচালক আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

    শঙ্খ দাশগুপ্ত লিখেছেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা। অভিনন্দন!’ 

    পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ‘অভিনন্দন, প্রিয় জেফার ও রাফসান।’

    বিনোদন ডেস্ক

  • আলোচনায় রাফসানের সাবেক স্ত্রী সানিয়ার পোস্ট

    বছর দুয়েক আগে জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব ও চিকিৎসক সানিয়া এশার বিবাহবিচ্ছেদ ঘটে। তিন বছরের মাথায় তাদের সংসার ভেঙে যায়। সংসার ভাঙার পর আজ বুধবার (১৪ জানুয়ারি) সংগীতশিল্পী জেফার রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রাফসান সাবাব। এ খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মনে প্রশ্ন—কোথায় আছেন বা কী করছেন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা? এর আগে ২০২০ সালের অক্টোবরে এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান। 

    এদিকে রাফসান সাবাবের সাবেক স্ত্রী সানিয়া এশার ফেসবুক প্রোফাইল সূত্রে জানা গেছে, কসমেটিক মেডিসিনের জগতে সাফল্যের সঙ্গে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন এশা। বর্তমানে বিশ্বমানের চিকিৎসাসেবা কেন্দ্র ‘এস্তে এসথেটিক হাসপাতাল’-এ কনসালট্যান্ট হিসেবে নিযুক্ত আছেন তিনি। গত বছরের ৩১ ডিসেম্বর দীর্ঘ আড়াই বছরের সফল কর্মজীবন শেষে এসথেটিক মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মজীবন শুরু করেন এশা। 

    সামাজিক মাধ্যমে এক পোস্টে নিজের সাফল্যের কথা জানান তিনি। পোস্টের ক্যাপশনে সানিয়া এশা লিখেছেন— আমি অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি যে, আমি এস্তে এসথেটিক হাসপাতালে একজন এসথেটিক মেডিসিন কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছি।

    তিনি বলেন, এস্তে মেডিকেল বাংলাদেশে আড়াই বছর কাটানোর পর এ অর্জনের মাধ্যমে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করলাম। এটি আমার জন্য আরও বেশি দায়িত্ব, পেশাগত উন্নয়ন এবং শেখার সুযোগ এনে দিয়েছে। পুরো যাত্রাজুড়ে ম্যানেজমেন্ট এবং শিক্ষাগুরুরা আমার ওপর আস্থা রেখেছেন ও উৎসাহ জুগিয়েছেন, এ জন্য আমি তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আমি আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে আছি। নতুন এই পথচলায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এশা, সবাই আমার জন্য দোয়া করবেন।

    বিনোদন ডেস্ক

  • জেফার কি অ্যালেন স্বপনের ’বৈয়াম পাখি’

    গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। তিনি বলেছেন— ‘আমি বৈয়াম পাখি নই’। গানে গানে এই দ্বন্দ্ব হয়তো থাকবে আরও কিছু দিন। আসছে ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক-শ্রোতারা।

    গতকাল বুধবার (১৯ মার্চ) বিকালে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটির মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানালো সিরিজটিতে যুক্ত হয়েছেন জেফার রহমান। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, সেই সঙ্গে অভিনয়ও করেছেন। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন এ সংগীতশিল্পী। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে সিরিজে।

    চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’-এর গান ‘বৈয়াম পাখি ২.০’  এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল গায়িকা জেফার রহমানের। নির্মাতা শিহাব শাহীন যখন অভিনয়ের জন্য তাকে প্রস্তাব দেন, তখন আর বেশি ভাবতে হয়নি গায়িকাকে, রাজি হয়ে যান।

    জেফার রহমান বলেন, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। ‘বৈয়াম পাখি ২.০’ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।

    গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার রহমান। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

    গানে জড়িত হওয়ার প্রসঙ্গে জেফার রহমান বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে এবং তিনি একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে, সে জন্যই গানটিতে যুক্ত হওয়া।’

    উল্লেখ্য, স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’-এর ভিডিও। টুডি, থ্রিডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করে চরকি কর্তৃপক্ষ। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন। 

    বিনোদন ডেস্ক