Tag: জাহিদ হাসান

  • বিকৃত কনটেন্ট নিয়ে ক্ষুব্ধ জাহিদ হাসান, নিচ্ছেন আইনি ব্যবস্থা

    দেশের ছোট ও বড়পর্দার খ্যাতনামা অভিনেতা জাহিদ হাসান। সম্প্রতি এই অভিনেতা তার বক্তব্য বিকৃত করে ভিন্ন ঘটনার ভিডিওর সঙ্গে যুক্ত করে একাধিক ফেসবুক পেজে প্রকাশিত কনটেন্ট নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন। এবার এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

    পাশাপাশি তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও নিয়েছেন। ইতোমধ্যে তার আইনজীবী ও ডিজিটাল টিমকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশও দিয়েছেন এই অভিনেতা। 

    সম্প্রতি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, সংগ্রাম ও মানসিক অনুভূতি নিয়ে কথা বলতে গিয়ে জাহিদ হাসান বলেছিলেন, ‘আমি কষ্টে মরে যাচ্ছি, তবু মুখে হাসি রাখার চেষ্টা করি।’ তবে তার এই বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট উপেক্ষা করে কিছু ফেসবুক পেজ তা ভিন্নভাবে উপস্থাপন করে। 

    অভিযোগ উঠেছে, প্রয়াত অভিনেতা শামস সুমনের জানাজার একটি ভিডিওর সঙ্গে ওই সাক্ষাৎকারের বক্তব্যজুড়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনামে কনটেন্ট তৈরি করা হয়েছে। বিষয়টি নজরে আসার পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান জাহিদ হাসান। 

    তিনি বলেন, ‘যা দেখছি, সভ্যতা-ভব্যতার সব সীমা অতিক্রম করছে এসব ভুঁইফোড় ফেসবুক পেজ। দিন দিন এদের দৌরাত্ম্য বাড়ছে। এভাবে তো চলতে পারে না।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি আরও জানান, তার আইনজীবী ও ডিজিটাল টিম এরই মধ্যে সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোর তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। কারা পরিকল্পিতভাবে এসব বিভ্রান্তিকর কনটেন্ট ছড়াচ্ছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

    এ বিষয়ে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন বলে জানান এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে পুলিশের সাইবার অপরাধ বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছেন। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এভাবে ছাড় দেওয়ার কোনো মানে হয় না।’ 

    শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেই নয়, বিষয়টি নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করেছেন জাহিদ হাসান। 

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অন্য হাতে

    বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার পাড়ভক্ত। কিন্তু বিশ্বকাপের ট্রফি দেখতে চান অন্য হাতে। এমন কথাই বলেছেন অভিনেতা। সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন তিনি। যদিও জাহিদ হাসান মনের কষ্টগুলো খুব একটা প্রকাশ করেন না। শতদুঃখের মাঝেও মুখে হাসি রাখার চেষ্টা করেন তিনি। যখন ভেতরের ভারটা বেশি বেড়ে যায়, তখন নির্জনে কোথাও একা বসে থাকেন এ অভিনেতা। মন খারাপের দিনে কখনো চলে যান মসজিদে। সেখানে নিজের সঙ্গে কথা বলেন, কখনো জমে থাকা কষ্ট থেকে নিজেকে হালকা করতে নীরবে কাঁদেন।

    সম্প্রতি দাম্পত্য জীবনের মজার কিছু স্মৃতি শেয়ার করে নিয়েছেন জাহিদ হাসান। হাসি-আনন্দের মাঝে লুকিয়ে থাকে একজন মানুষের একান্ত ব্যক্তিগত গল্পও। বাস্তব জীবন আর অভিনয় জীবন কখনোই এক করে দেখেন না স্ত্রী মৌ। জাহিদ হাসানের অভিনয়ের কোনো চরিত্রের ছাপ বাস্তব জীবনে চলে এলে সঙ্গে সঙ্গেই তাকে মনে করিয়ে দেন মৌ।

    জীবন নিয়ে জাহিদ হাসানের দর্শন— জীবনের সবচেয়ে কঠিন অভিনয়টা করতে হয় বাস্তব জীবনেই। মানুষ যখন কষ্টে থাকে, তখনো তাকে হাসতে হয়। পেশাদার অভিনেতা হলেও সেই বাস্তব অভিনয়টা সবচেয়ে কঠিন বলে মনে হয় তার কাছে।

    আরও পড়ুন
    আরও পড়ুন
     

    তবে বাস্তবে ভুলোমনা স্বভাবের জাহিদ হাসান। আধাঘণ্টা আগে কী বলেছেন, সে কথা মনে রাখতে কষ্ট হয় তার। অন্যদিকে মৌ ঠিক তার বিপরীতমুখী। অতীত সব ঘটনাই যেন তার স্মৃতিতে গাঁথা থাকে। 

    চলছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রতিটি ঘরেই ভিন্ন দলের সমর্থক রয়েছে। যার যার দল নিয়ে গলা ফাটাচ্ছেন, তর্কবিতর্ক করছেন। এ অভিনেতার প্রিয় দল আর্জেন্টিনা। ছোটবেলা থেকেই ভক্ত ম্যারাডোনার। সময়ের সঙ্গে ভালোবেসেছেন লিওনেল মেসির ফুটবল জাদু। অভিনেতা আর্জেন্টিনার সমর্থক হলেও তার স্ত্রী সাদিয়া ইসলাম মৌ ব্রাজিলের সমর্থক। ফলে খেলা নিয়ে প্রায়ই তর্ক হয় দুজনের মধ্যে।

    তবে এবারের বিশ্বকাপে অভিনেতা জাহিদ হাসান আর্জেন্টিনার সমর্থক হলেও প্রত্যাশা— শিরোপা জিতুক পর্তুগাল। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান তিনি।

    বিনোদন ডেস্ক

  • মৌ আমার সাবেক প্রেমিকার কথা জানে: জাহিদ

    জনপ্রিয় তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে একসঙ্গে কোথাও দেখা যায় না। এমনকি শোবিজের কোনো অনুষ্ঠানেও একসঙ্গে তাদের দেখা যায় না। এ নিয়ে বিস্তর অভিযোগ সমালোচকদের। তাদের অনেকেই ভেবে নেনসংসারজীবনে ভালো নেই জাহিদ-মৌ দম্পতি।

    সম্প্রতি একটি অনুষ্ঠানে তাদের দাম্পত্য নিয়ে কথা বলেছেন জাহিদ হাসান। সেই সঙ্গে সাবেক প্রেমিকার প্রসঙ্গও সামনে এনেছেন জাহিদ।

    মৌয়ের আগে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল জাহিদ হাসানের। দুজন একসঙ্গে অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। তার চিঠি এখনো বাড়িতে যত্ন করে রেখে দিয়েছেন জাহিদ হাসান।

    তিনি বলেন, আমার সাবেক প্রেমিকার কথাও জানে মৌ। এ নিয়ে মৌ তার সঙ্গে অনেক সময় মজাও করে। জাহিদ বলেন, আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। তারা ব্যাপারটি নাইসলি দেখে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করেএকদিন হঠামৌ বলল এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখোদেখি তার হাতে অনেকগুলো চিঠি

    সম্পর্ক ভেঙে যাওয়ার পর একত্রে আর কোনো কাজ করেননি জাহিদ ও ওই অভিনেত্রী। এমনকি মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে পরস্পরের সঙ্গে কথাও বলেন না। তাকে নিয়ে এখন কোনো মন্তব্যও করতে চান না অভিনেতা।

    জাহিদ বলেন, তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সে-ও খুব ভালো আছে। এটাই বড় কথা।

    মৌয়ের সঙ্গে কোথাও যাওয়া প্রসঙ্গে অভিনেতা বলেন, এ বিষয়ে মানুষ আসলে ঠিক কথাই বলে। একসঙ্গে তো কোথাও আসলেই যাওয়া হয় না। আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি।

    বিহাইন্ড দ্য ফ্রেম উইথ আরআরকে পডকাস্টে জাহিদ হাসান আরও বলেন, দাম্পত্যজীবনে আমরা ভালো আছি। কিছু লোক তো থাকেই এমনটি ভাবার জন্যকিছু একটা বের করা লাগবে, এ জন্য এসব বলে বেড়ায়। তিনি বলেন, মৌ তার সব বিষয়ে খেয়াল রাখেন। তাকে রান্না করে খাওয়ান।

    বিনোদন ডেস্ক

  • দাম্পত্য জীবনে কলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

    দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ১৯৯৭ সালে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। দুই সন্তানের এই দম্পতি একসঙ্গে কাটিয়ে দিয়েছেন দীর্ঘ ২৭ বছর।

    তবে সাম্প্রতিক সময়ে তাদের ব্যস্ততা বেড়ে যাওয়ায় একসঙ্গে অনুষ্ঠানে দেখা যায় না বলে জানিয়েছেন জাহিদ হাসান।

    সম্প্রতি এক পডকাস্টে দাম্পত্য জীবনে দূরত্ব এসেছে কিনাএমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভালো আছি। যদিও একসঙ্গে কোথাও আসলেই যাই না। কারণ আমার শুটিং থাকে রাত করে। এত বছর শুটিংয়ের কারণেই একত্রে কোথাও যেতে পারিনি। যারা মন্তব্য করে, তারা হয়তো জানে না, আমার আপন ভাইয়ের বিয়েতেও আমি যেতে পারিনি। সেদিন আমার বিচ্ছু নাটকের শো ছিল বরিশালে। আমার জীবন এভাবেই শুরু হয়েছে। শুটিংয়ের জন্য শিডিউল আগে থেকে নিয়ে রাখা হয়। এর মধ্যে হঠাৎ দাওয়াত এসে পড়েতখন আর সেই দাওয়াতে যাওয়া যায় নাআর এখন কোনো ক্লাবে গেলে আড্ডা ছেড়ে আসতে ইচ্ছা করে নাতাই অনুষ্ঠানগুলোয় মৌ একাই যায়। সে দেশে না থাকলে আমি যাওয়ার চেষ্টা করি।’

    এ সময় নিজের সাবেক প্রেমিকার প্রসঙ্গও টেনে আনেন জাহিদ হাসান। তিনি জানান, স্ত্রী মৌ বিষয়টি জানেন এবং এ নিয়ে মাঝে মাঝে মজাও করেন। অভিনেতার ভাষায়, ‘আমার পরিবারের সবাই আমার আগের সম্পর্কের কথা জানে। মৌ মাঝে মাঝে এটা নিয়ে মজা করে। আমাকে লেগপুলিং করে। একদিন হঠাৎ সে আমাকে বলল, এগুলো এভাবে ফেলে রাখো কেন, যত্ন করে রাখোদেখি, তার হাতে অনেকগুলো চিঠি। ’

    মৌয়ের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক ছিল জাহিদ হাসানের। সেই অভিনেত্রীর সঙ্গে একসময় একাধিক নাটকে কাজ করলেও সম্পর্ক ভেঙে যাওয়ার পর আর একসঙ্গে কাজ করেননি। এখন দেখা হলেও কথাবার্তা হয় না।

    তাকে নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ জাহিদ হাসান। তিনি বলেন, ‘তাকে নিয়ে কিছু বললে অশ্রদ্ধা করা হয়। সেটা করতে চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও খুব ভালো আছে। এটাই বড় কথা। ’

    বিনোদন ডেস্ক

  • শাকিবের ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন জাহিদ হাসান

    অভিনেতা শাকিব খানের সিনেমাগুলোয় সম্প্রতি তার নামের আগে ‘মেগাস্টার’ শব্দ ব্যবহার করা হয়। তবে শাকিবের নামের আগে এই শব্দচয়ন নিয়ে আপত্তি রয়েছে অভিনেতা জাহিদ হাসানের। 

    কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে মন্তব্য করেন তিনি। জাহিদ হাসান জানান, তার কাছে মেগাস্টার শব্দটি কানে লাগে।

    সম্প্রতি একটি গণমাধ্যমের লাইভ টক শোতে শাকিব খানের নামের আগে ‘মেগাস্টার’ উপাধি নিয়েই প্রশ্ন তোলেন অভিনেতা জাহিদ হাসান। কুরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ সাড়া জাগিয়েছে বক্স অফিসে। ছবিটি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমাকেও ব্যবসার দিক থেকে ছাড়িয়ে গেছে। 

    এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে শাকিব খানকে ঘিরে প্রচলিত বিশেষ ট্যাগ নিয়ে জাহিদ হাসান বলেন, ‘শাকিবের নামের আগে মেগাস্টার শব্দটা কানে লাগে।’ জাহিদ হাসানের মন্তব্যটি ভালোভাবে নেননি শাকিব ভক্তরা। অভিনেতার মন্তব্যের জেরে ফেসবুকে বিভিন্ন গ্রুপে সমালোচনা মেতেছেন শাকিবিয়ানরা। সমালোচনার মধ্যেই ‘মেগাস্টার’ বিতর্ক নিয়ে ফের মুখ খুললেন জাহিদ হাসান। 

    গণমাধ্যমকে তিনি জানান, ‘মেগাস্টার’ শব্দচয়ন নিয়ে ইতিবাচকভাবে মন্তব্য করলেও তা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, না হয় আমি ভালোভাবে বুঝাতে পারিনি।

    জাহিদ হাসান বলেন, ‘আমি যেভাবে বলতে চাচ্ছিলাম, সেভাবে হয়তো বুঝাতে পারিনি। আমি চিন্তা করছিলাম যে, নিজেই যেহেতু একটা মানুষ বড় হয়ে যায়, তার সামনে অন্য কোনো বিশেষণ লাগে না। যেমন- টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান বা মেরাডোনা, তাদের নামের আগে কি অন্য কিছু দেওয়ার দরকার আছে?’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    তিনি বলেন, ‘তাদের নামের আগে তো কিছু লাগে না। তাদের নামই যথেষ্ট। আমি সেটিই বুঝাতে চেয়ে গিয়ে মানুষ কষ্ট পেয়েছে। আমি বলতে চাই যে, আমাদেরই তো মানুষ। কাউকে ছোট করে কেউ বড় হবে, সেটা কখনো কেউ হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাইও না।, পাগল নাকি (হাসতে হাসতে)। আমি নিজেই মানুষটা অনেক ছোট।’

    সবশেষে শাকিব ভক্তদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি তাদের আবেগকে সম্মান করি। যারা তার ভক্ত-অনুসারী, তারা যে মন খারাপ করেছে, এটি এক ধরনের ইতিবাচক। কিন্তু তারা বিষয়টি বুঝতে পারলে শাকিব খান আরও বড় হতো বলে আমি বিশ্বাস করি। কারণ তারা তো শাকিবকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। আমি কি বুঝাতে পেরেছি, এটাও যেন ভুলভাবে ব্যাখ্যা না হয়।’

    বলে রাখা ভালো, কুরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত ‘উৎসব’। তারকা বহুল এই সিনেমায় জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।

    বিনোদন ডেস্ক

  • কেমন আছেন জাহিদ হাসান, নিজেই জানালেন

    জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ঠান্ডজনিত সমস্যা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার (ঈদের আগের দিন) হঠাৎ করে অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে- এমনটাই জানালেন অভিনেতা নিজে।

    মঙ্গলবার জাহিদ হাসান জানান, তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। এখন তিনি কিছুটা সুস্থতা বোধ করছেন।

    গত ১০ জানুয়ারি নাটকের শুটিংয়ে নেপাল গিয়েছিলেন জাহিদ হাসান।  সেখানে ঠান্ডা লাগে। সাতদিন নেপালে থেকে অসুস্থ হয়ে পড়েন। 

    এরপর ১৭ তারিখ শুটিং শেষে নেপাল থেকে ফিরেই সাধারণ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এই অভিনেতা। তখন তার শারীরিক অবস্থা বেগতিক দেখে চিকিৎসক হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

    জাহিদ হাসান বলেন, ‘আমি এখনো হাসপাতালে রয়েছি। চিকিৎসকরা জানিয়েছেন আরও কিছু দিন থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    এর আগে, গত শুক্রবার অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক জানান, জাহিদ হাসান নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। এদিকে, এ ঈদে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’ মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন তানিম নূর। সিনেমাতে আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, আফসানা মিমি, অপি করিমসহ অনেকে।

    বিনোদন ডেস্ক

  • হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান

    ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। ঈদের আগেরদিন (শুক্রবার) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

    অভিনেতার স্ত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ জানান, হঠাৎ ঠাণ্ডা লেগে জ্বর আসে এবং এরপর থেকেই শারীরিক অবস্থা কিছুটা খারাপ হতে থাকে। তবে বর্তমানে জাহিদ হাসানের অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি অনেকটাই সুস্থ আছেন।

    মৌ জানান, হঠাৎ করেই ঠাণ্ডা লেগে গিয়েছিল। এরপর জ্বর আসে এবং শরীর দুর্বল হয়ে পড়ে। তখনই হাসপাতালে ভর্তি করা হয়। এখন আগের চেয়ে অনেক ভালো আছেন।

    চিকিৎসকের বরাত দিয়ে সাদিয়া ইসলাম মৌ গণমাধ্যমকে বলেন, উনার (জাহিদ) তো একটু ঠাণ্ডাজনিত, অর্থাৎ নিউমোনিয়ার সমস্যা রয়েছে। ঠাণ্ডা থেকেই এমনটা হয়েছে।এখন ভালো আছে, সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যেতে পারব।

    এদিকে ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত চলচ্চিত্র ‘উৎসব’। পারিবারিক গল্পনির্ভর এই ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর। এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী ও জয়া আহসান।

    বিনোদন ডেস্ক

  • প্রকাশ্যে জাহিদ হাসানের ‘আমলনামা’, কী থাকছে ফিল্মটিতে

    দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। বিশেষ দিবস ও কয়েকটি ধারাবাহিক নাটক ছাড়া এখন তাকে আর অভিনয়ে দেখা যায় না। তবে তার মনোযোগ এখন ওটিটি কনটেন্টে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন পর প্রকাশ হতে যাচ্ছে এ অভিনেতার ‘আমলনামা’। গত বছরই রায়হান রাফি পরিচালিত এ ওয়েবফিল্মের শুটিং শেষ করেছেন জাহিদ হাসান। এতে তার নায়িকা তমা মির্জা। 

    সম্প্রতি ফিল্মটির পোস্টার ও ট্রেলার প্রকাশ হয়েছে। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তবে এ মুহূর্তে নিজের চরিত্র ও গল্প প্রসঙ্গে বেশি কিছু বলতে নারাজ অভিনেতা। 

    তিনি বলেন, ‘এর গল্প অসাধারণ। সত্যি ঘটনায় নির্মিত কাজটি করে আমার দারুণ অভিজ্ঞতাও হয়েছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ 

    সম্প্রতি প্রকাশিত ট্রেলারের শুরুটা হয়েছে একটি কবিতা দিয়ে। এরপর মধ্যরাতে একজনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে পরিবারের ছোটাছুটি দেখা যায়। কিন্তু কেউ জানে না তার খবর। ট্রেলারে উঠে এসেছে এসব বিষয়। যে কোনো কাজের নমুনা হচ্ছে ট্রেলার। ‘আমলনামা’র ট্রেলার দেখে আঁচ করা গেছে এর গল্পে কী হতে পারে। বোঝা গেছে গুম হওয়া মানুষগুলোর পরিবার কী ঘূর্ণিপাকে পড়ে! আর রাষ্ট্রের নির্ভরযোগ্য জায়গাগুলো যখন বিষয়টি এড়িয়ে যায় তখন ভোগান্তি পোহানো মানুষগুলোর পায়ের তলার মাটিটুকুও সরে যায়। সত্য ঘটনার ওপর নির্মিত ফিল্মের ট্রেলারে তা স্পষ্ট। ট্রেলারে ভিন্ন লুকে জাহিদ হাসানের পাশাপাশি নজরে পড়েছে তমা মির্জার অভিনয়। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। 

    এ প্রসঙ্গে পরিচালক রাফি বলেন, ‘এই সিনেমায় যে গল্পটি দেখানো হচ্ছে, তা দর্শককে এক ধরনের রহস্যে ডুবিয়ে রাখবে। আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এ সিনেমায়ও দর্শক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবেন।’ ১২ মার্চ একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবফিল্মটি মুক্তি পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ওটিটিতে জাহিদ হাসানের ‘আমলনামা’

    ওটিটিতে ফিরছেন অভিনেতা জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে। কক্সবাজারের এক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘিরে এ ফিল্মের গল্প। আমলনামা সিনেমায় জাহিদ হাসানকে দেখা যাবে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

    সম্প্রতি প্রকাশ পেয়েছে ওয়েব ফিল্মটির টিজার। ২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। 

    মুক্তির আগে সিনেমার গল্প ও নিজের অভিনীত চরিত্র নিয়ে কিছু বলতে চান না জাহিদ হাসান।  শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। 

    জাহিদ হাসান বলেন, সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার আলোকে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কি করব আর কি করব না, সেটা যেন চিন্তা করে।

    সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান।

    পরিচালক রায়হান রাফী বলেন, যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।

    আমলনামায় অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ। চলতি মাসেই দেশের একটি ওটিটিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

    বিনোদন ডেস্ক

  • জাহিদ হাসানের নায়িকা তমা

    নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এখন খুব একটা আর নাটকে তাকে দেখা যায় না। ভালো গল্প পেলে তবেই তাকে দেখা যায়। নাটকে অভিনয় কমিয়ে দিয়ে এখন ওটিটি কনটেন্টের কাজে মনোযোগী হয়েছেন এ অভিনেতা। গত বছরেই তিনটি ওটিটি কনটেন্টে যুক্ত হবার কথা জানিয়েছেন তিনি। এরমধ্যে একটির শুটিংও শুরু করেছেন। 

    ‘আমলনামা’ নামে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন রায়হান রাফি। তবে এ ফিল্মের নায়িকা নিয়ে বেশ গুঞ্জন উঠেছিল। কে হচ্ছে এ ফিল্মে জাহিদ হাসানের নায়িকা?

    সেসময় বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা রক্ষা করেন সংশ্লিষ্টরা।  অবশেষে জানা গেলো নায়িকার নাম। এবার জাহিদ হাসানের সঙ্গে জুটি বাঁধলেন তমা মির্জা। 

    একটি সত্য ঘটনা কেন্দ্র করেই নির্মিত হয়েছে এ ফিল্মটি। এরইমধ্যে শুটিংও শেষ হয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ফিল্মটির দুটি পোস্টার ও টিজার।  একটি পোস্টারে দেখা গেছে তমা মির্জাকে। দ্বিতীয় পোস্টারে দেখা গেছে একটি ভাঙা ছবির ফ্রেম, যেখানে গুলি ও রক্তের দাগে একজনের মুখ, তবে স্পষ্ট নয়। আরও রয়েছেন অভিনেতা জাহিদ হাসান ও তমা মির্জা, তাদের সঙ্গে দুই বাচ্চা মেয়ে। 

    তবে গল্পে আভাস বা গতিপ্রকৃতি নিয়ে এখন কিছু বলতে চান না নির্মাতা। টিজার এবং ট্রেইলার দেখলে দর্শক সেই ঘটনা ধরতে পারবেন বলেও জানিয়েছেন নির্মাতা রাফী। 

    তিনি বলেন, ‘আমলনামা’ একটি সত্য ঘটনা থেকেই নির্মাণ করা হয়েছে। তবে কোন সত্য ঘটনা সেটা বলা যাবে না। আমি যে ধরণের সিনেমা বানাই এটাও তার ব্যতিক্রম নয়। দর্শক ফিল্মটি দেখলেই বুঝে যাবে। 

    জাহিদ হাসান প্রসঙ্গে নির্মাতা বলেন, ভাইকে নিয়ে এটাই আমার প্রথম কাজ, উনার সঙ্গে কাজটি করে অনেক ভালো লেগেছে। অনেকদিন পর তার ওটিটি কনটেন্ট আসছে। এটা আমার জন্য বড় ব্যাপার। আশা করি দর্শকেরও ভালো লাগবে।

    কবে এ ফিল্মটি মুক্তি পাবে এ বিষয়ে দিনক্ষণ এখনও চুড়ান্ত নয়। তবে মার্চের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা। 

    এতে জাহিদ হাসান ও তমা মির্জা ছাড়াও আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কামরুজ্জামান কামু, সারিকা সাবরিন, এ কে আজাদ সেতু, হাসনাত রিপনসহ কয়েকজন।

    আনন্দনগর প্রতিবেদক