Tag: কারাদণ্ড

  • বলিউড অভিনেতা রাজপাল যাদবের ৩ মাসের কারাদণ্ড

    চেক জালিয়াতি মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের সাজা বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। তবে নিম্ন আদালতের দেওয়া ৬ মাসের কারাদণ্ডের মেয়াদ আংশিক সংশোধন করে তা কমিয়ে ৩ মাস করার নির্দেশ দেওয়া হয়েছে। 

    শুক্রবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মার একক বেঞ্চ রাজপাল যাদবের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই রায় দেন। একই সঙ্গে মামলা চলাকালীন অভিনেতার আচরণ ও বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে তাকে ‘প্রবেশন অব অফেন্ডার্স অ্যাক্ট’-এর অধীনে কোনো ধরনের আইনি ছাড় বা প্রবেশনের সুবিধা দিতে অস্বীকৃতি জানিয়েছে আদালত। 

    আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, মামলার শুনানির সময় রাজপাল যাদব বকেয়া অর্থ পরিশোধের জন্য একাধিকবার লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। আদালত তাকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে বা পাওনা টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। 

    বিচারপতি বলেন, ‘আদালত ও আইনজীবীদের পক্ষ থেকে তাকে বারবার আশ্বস্ত করার এবং সমঝোতার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আদালতের দেওয়া শর্ত ও নিজের প্রতিশ্রুতিগুলো একের পর এক লঙ্ঘন করেছেন।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    মূলত মেসার্স মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির দায়ের করা ৭টি চেক বাউন্সের মামলায় এই রায় দেওয়া হলো। 

    বিচারপতি স্বরণ কান্ত শর্মা নির্দেশ দিয়েছেন যে, রাজপাল যাদবকে ৭টি মামলার প্রতিটিতে ১.০৫ কোটি রুপি করে জরিমানা দিতে হবে। এছাড়া ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি অভিযোগকারী সংস্থাকে এবং ২৫,০০০ রুপি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। 

    অভিনেতার পাশাপাশি তার স্ত্রী রাধা যাদবকেও প্রতিটি মামলায় ৫ লাখ ৫১ হাজার ৩৮০ রুপি করে জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। অবশ্য অভিনেতা এর আগে যে ২.২৫ কোটি রুপি আদালতে জমা দিয়েছিলেন, তা চূড়ান্ত হিসাবের সঙ্গে সমন্বয় করা হবে। 

    রায় ঘোষণার পর আদালত রাজপাল যাদবের সাজা কার্যকরের প্রক্রিয়াটি আগামী ২ মাসের জন্য স্থগিত রেখেছে। এই সময়ের মধ্যে অভিনেতা চাইলে উচ্চ আদালতে (সুপ্রিম কোর্ট) আপিল করতে পারবেন অথবা আদালতের এই নির্দেশ মেনে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। 

    বিনোদন ডেস্ক

  • কারাদণ্ড থেকে মুক্তি পেলেন পপ আইকন ব্রিটনি স্পিয়ার্স

    মদ্যপ অবস্থায় বিপজ্জনক গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হওয়া পপ সম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্স শেষ পর্যন্ত জেল খাটা থেকে রেহাই পেলেন। আদালতের সঙ্গে একটি বিশেষ সমঝোতার মাধ্যমে চলতি বছরের শুরুতে শুরু হওয়া এই আইনি জটিলতার অবশেষে সমাপ্তি ঘটল।

    গত ৪ মার্চ যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪৪ বছর বয়সী এই গায়িকাকে গ্রেফতার করেছিল পুলিশ। 

    অভিযোগ ছিল, তিনি তার বিএমডব্লিউ গাড়িটি অত্যন্ত উচ্চগতিতে এবং বিপজ্জনকভাবে চালাচ্ছিলেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ সন্দেহ করে, তিনি মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

    সোমবার (৪ মে) লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। ব্রিটনি নিজে উপস্থিত না থাকলেও তার আইনজীবীর মাধ্যমে অপরাধ স্বীকার করে নেন। 

    তবে আদালতের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তার বিরুদ্ধে থাকা গুরুতর (মদ্যপ অবস্থায় গাড়ি চালানো) অভিযোগটি তুলে নেওয়া হয়েছে। এর পরিবর্তে তাকে ‘রে বেকলাস ড্রাইভিং’ বা মদ্যপানের সঙ্গে সংশ্লিষ্ট বেপরোয়া গাড়ি চালানোর থেকে অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সংশোধনের পথে ব্রিটনি 

    গ্রেফতারের পরপরই ব্রিটনি একটি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তার প্রতিনিধিরা জানিয়েছেন, ব্রিটনি নিজের ভুল বুঝতে পেরেছেন এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের চেষ্টা করছেন। 

    তার আইনজীবী আদালতে জানান, ব্রিটনি নিজেকে শুধরে নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন, যা আদালতের নমনীয় হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।

    এই আইনি সমঝোতার ফলে এই গায়িকাকে কোনো ধরনের কারাদণ্ড ভোগ করতে হবে না। তবে তাকে নির্দিষ্ট মেয়াদে আদালতের নজরদারিতে থাকতে হতে পারে। ব্রিটনির ভক্তরা এই খবরে স্বস্তি প্রকাশ করলেও, নেটিজেনদের মধ্যে তারকাদের প্রতি আইনি নমনীয়তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। 

    সূত্র: জিও নিউজ 

    বিনোদন ডেস্ক

  • সেই কেটামিন কুইনের ১৫ বছর কারাদণ্ড

    হলিউড তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় জড়িত মাদক কারবারি জাসভিন সাংঘাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। ‘ফ্রেন্ডস’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর কারণ মাদক সেবন, যেটা এই নারী তাকে সরবরাহ করেছিল বলে জানা গেছে।

    এর দায়ে বুধবার (৮ এপ্রিল) ৪২ বছর বয়সি এই ব্রিটিশ-আমেরিকান নারীকে এই সাজা শোনানো হয়।

    ভারতের পাঞ্জাব বংশোদ্ভূত জাসভিন সাংঘা দীর্ঘদিন ধরে লস অ্যাঞ্জেলেসে উচ্চবিত্ত ও তারকাদের মাদক সরবরাহ করে আসছিলেন। প্রসিকিউটরদের মতে, তিনি তার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে একটি বিশাল মাদক নেটওয়ার্ক পরিচালনা করতেন।

    নিজেকে তিনি হলিউডের ‘এক্সক্লুসিভ ডিলার’ হিসেবে জাহির করতেন এবং দাবি করতেন তার সব গ্রাহকরা ‘ভিআইপি সেলিব্রিটি’ সার্কেলের সদস্য। হলিউড মহলে তিনি ‘কেটামিন কুইন’ নামে পরিচিত ছিলেন।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়, পেরি যেই মাসে মারা যান সেই মাসে জাসভিন সাংঘা এবং এরিক ফ্লেমিং নামে এক ব্যক্তি অভিনেতার কাছে ৫১ ভায়াল কেটামিন বিক্রি করেন। এই মাদকগুলো পেরির ব্যক্তিগত সহকারী কেনেথ ইওয়ামাসার মাধ্যমে অভিনেতার কাছে পৌঁছাত।

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ২০২৩ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসের বাসভবনে ‘হট টাব’ থেকে অজ্ঞান অবস্থায় পেরিকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তে অতিরিক্ত কেটামিন গ্রহণের বিষয়টি উঠে আসে।

    ম্যাথিউ পেরির মৃত্যুর খবর গণমাধ্যমে দেখার পরপরই জাসভিন সাংঘা তার সহযোগী ফ্লেমিংকে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এ বার্তা পাঠিয়ে বলেন, ‘আমাদের সব মেসেজ ডিলিট করে দাও।’

    এ বিষয়ে প্রসিকিউটররা আদালতে যুক্তি দেখান, এটিই প্রমাণ করে যে তিনি জানতেন তার সরবরাহ করা মাদকেই অভিনেতার মৃত্যু হয়েছে এবং তিনি তড়িঘড়ি করে প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন।

    সঙ্গে জাসভিনের পারিবারিক ও শিক্ষাগত পটভূমি তুলে ধরে প্রসিকিউটররা বলেন, এটি কোনো অভাব বা হতাশার গল্প নয়। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ২০১০ সালে এমবিএ সম্পন্ন করেছিলেন। ভালো শিক্ষিত ও সচ্ছল পরিবার থেকে আসা সত্ত্বেও তিনি কেবল ‘লোভ, গ্ল্যামার এবং প্রতিপত্তির’ টানে এই অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়েন।

    অবশ্য ম্যাথিউ পেরি ছাড়াও ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা কোডি ম্যাকলরি নামক এক ব্যক্তির মৃত্যুর ঘটনায়ও জাসভিনের নাম জড়িয়েছে। প্রসিকিউটরদের মতে, জাসভিনের কাছ থেকে কেটামিন কেনার কয়েক ঘণ্টার মধ্যেই কোডির মৃত্যু হয়েছিল। এরপরও তিনি মাদক ব্যবসা চালিয়ে যান।

    সাজা ঘোষণার আগে আদালতে জাসভিন সাংঘা অনুশোচনা করে বলেন, ‘আমি প্রতিদিন ক্ষমা প্রার্থনা করি। আমাকে এই জগত থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই।’

    এদিকে তার আইনজীবীদের দাবি ছিল, জাসভিন অপরাধের দায় স্বীকার করেছেন এবং গত দুই বছর ধরে তিনি সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছেন। তবে আদালত এসব যুক্তি নাকচ করে তাকে ১৫ বছরের দীর্ঘ কারাদণ্ড প্রদান করেছেন। ২০২৪ সালের আগস্টে গ্রেফতার হওয়ার পর থেকেই তিনি ফেডারেল হেফাজতে ছিলেন। 

    সূত্র: এনডিটিভি

    বিনোদন ডেস্ক

  • কান চলচ্চিত্র পুরস্কারজয়ী ইরানি পরিচালকের কারাদণ্ড, নেপথ্যে কি

    ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম জয়ী পরিচালক জাফর পানাহিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর এএফপির।

    জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলির বরাতে দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি জাফরকে দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। তাছাড়া যেকোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের সদস্যপদে যোগদানের নিষেধাজ্ঞাও রয়েছে। 

    পরিচালকের আইনজীবী মোস্তফা নিইলি জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। কি কারণে পানাহির শাস্তি, এমন প্রশ্নের জবাবে তার আইনজীবী বলেছেন, পানাহির বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রবিরোধী ‘প্রচারমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকা। এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি জানান, ইরানের বাইরে আছেন পানাহি।

    ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ বছর কান চলচ্চিত্র উৎসবে পানাহি তার চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’–এর জন্য সর্বোচ্চ সম্মান পাম দ’র অর্জন করেন। গত মাসে যুক্তরাষ্ট্র সফরে গেছেন পানাহি। আসন্ন অস্কারে ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’ এর পক্ষে ক্যাম্পেইনে অংশ নিতেই তার এই ভ্রমণ। পানাহির অবর্তমানেই ইরান সরকার তাকে কারাদণ্ড দেয়ার কথা ঘোষণা করলো।

    ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’-এই চলচ্চিত্রটি ফ্রান্সের পক্ষ থেকে এবারের অস্কারে অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং মার্চের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

    চলচ্চিত্র নির্মাতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে পানাহি ইউরোপের বিভিন্ন উৎসবে বহু পুরস্কার জিতেছেন। ১৯৯৫ সালে কান উৎসবে তার বিখ্যাত ছবি ‘দ্য হোয়াইট বেলুন’ সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে। ২০১০ সালে সরকারবিরোধী গণআন্দোলনে সমর্থন ও আধুনিক ইরানের পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক চলচ্চিত্র নির্মাণের কারণে তাকে দেশত্যাগ ও চলচ্চিত্র নির্মাণে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ‘রাষ্ট্রবিরোধী প্রচারণা’র অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হলেও তিনি মাত্র দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান।

    নিষেধাজ্ঞার এক বছর পর তিনি কেকের ভেতর ইউএসবি ড্রাইভে লুকিয়ে কান উৎসবে পাঠান ‘দিস ইজ নট আ ফিল্ম’ নামের একটি ডকুফিল্ম। ২০১৫ সালে প্রকাশিত তার চলচ্চিত্র ‘ট্যাক্সি’ও ইরান সরকারের নিষেধাজ্ঞার মধ্যেই তৈরি। ওই সিনেমাতে তিনি নিজেই ট্যাক্সিচালক হিসেবে অভিনয় করেছিলেন, আর পুরো দৃশ্য একটি গাড়ির ভেতর ধারণ করা হয়।

    ২০২২ সালে চলচ্চিত্র নির্মাতাদের একটি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তিনি আবারও গ্রেফতার হন এবং প্রায় সাত মাস কারাবন্দি থাকার পর মুক্তি পান। এই মুহূর্তে পানাহি তার নতুন সিনেমা ‘ইট ওয়াজ জাস্ট অ্যান্ড অ্যাক্সিডেন্ট’-এর প্রচারের জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বলে জানা গেছে। 

    বিনোদন ডেস্ক

  • নায়িকাকে জড়িয়ে ধরায় ৯ দিনের কারাদণ্ড

    কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডের মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘উইকড: ফর গুড’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয় ১৩ নভেম্বর সিঙ্গাপুরে। সেই অনুষ্ঠানে ঘটে অদ্ভূত এক ঘটনা। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একজন ভক্ত হঠাৎ এসে আরিয়ানাকে জড়িয়ে ধরেন। তবে দ্রুতই আইনের হাতে ধরা পড়েন ওই ব্যক্তি।

    আস্ট্রেলিয়ার নাগরিক জনসন ওয়েন (২৬) এই ঘটনার জন্য ৯ দিনের কারাদণ্ড পেয়েছেন।    

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, আরিয়ানাকে লালগালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটতে দেখে জনসন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন। গায়িকার সহশিল্পী সিন্থিয়া এরিভো সঙ্গে সঙ্গে তার দিকে ঝাঁপিয়ে পড়েন এবং নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। ঘটনাস্থলে তৎক্ষণাৎ উত্তেজনার সৃষ্টি হয়। আরিয়ানাকে তার সহশিল্পীরা সান্ত্বনা দেন। সামাজিক মাধ্যমে ভিডিওটি প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়।

    সোমবার (১৭ নভেম্বর) বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের আদালত জানায়, প্রিমিয়ারে জনসন দুইবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করেন। পরের দিন তাকে গ্রেফতার করা হয় এবং জনসাধারণকে উপদ্রবের অভিযোগে মামলা করা হয়। আদালতে তিনি দোষ স্বীকার করেন এবং বলেন, আমি আর কখনো এমন কিছু করব না।

    এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি আরিয়ানা গ্র্যান্ড। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে তিনি কিছু অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছেন। ২০১৭ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টারে তার এক কনসার্টে সন্ত্রাসী হামলায় ২২ জন দর্শক নিহত হয়।

    বিনোদন ডেস্ক

  • যৌন হয়রানির দায়ে বিখ্যাত অভিনেতার কারাদণ্ড

    শুটিংয়ের মাঝেই দুই নারীকে যৌন হেনস্তার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ফরাসি অভিনেতা জেরাড দেপারদিউ। ৭৬ বছরের অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। 

    জানা গেছে, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ সিনেমার শুটিং চলাকালে জেরাড দেপারদিউ হেনস্তা করেন দুই সহকর্মীকে। তাদের মধ্যে একজন ওই সিনেমার সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার।  অভিযোগকারিণীদের দাবি— অভিনেতা তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন একাধিকবার। 

    প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছেন, উপযুক্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

    এদিন আসন্ন সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত ছিলেন না দেপারদিউ। অভিনেতার আইনজীবী অবশ্য জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।

    অন্যদিকে অভিযোগকারিণীদের আইনজীবী ক্যারিন ডিবোল্ট বলেন, আজকের জয় শুধু দুই অভিযোগকারিণীর জয় নয়, বরং ওই সেটে থাকা সব নারীর জয়। শুধু তা-ই নয়, আমি তো ভাবছি সেসব নারীর কথা, যারা কোনো না কোনো সময় দেপারদিউয়ের শিকার হয়েছেন।

    একটি সূত্রের খবর, মামলার রায়দানের সময় বিচারক জানিয়েছেন, যেভাবে অভিনেতা ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে তারা দাবি করেছেন, তাতে সন্দেহের কোনো অবকাশ থাকেন না দেপারদিউ অপরাধী। এ জন্য অভিনেতাকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে দুই অভিযোগকারিণীকে বলে আদালত জানিয়েছেন।

    অভিনেতার আইনজীবী অবশ্য দাবি করেছেন, মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ওই দুই নারী। তবে দেপারদিউয়ের বিরুদ্ধে অনেক নারীই অভিযোগ তুলেছেন যৌন হেনস্তার। তবে সেসব মামলা আদালত অবধি গড়িয়েছে এই প্রথম।

    উল্লেখ্য, দেপারদিউ ফ্রান্সের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ দিকপাল পরিচালকের সিনেমাতে অভিনয় করেছেন, পেয়েছেন গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কার।

    বিনোদন ডেস্ক