Tag: এআর রহমান

  • সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

    অস্কারজয়ী সংগীত পরিচালক এআর রহমানের ছেলে ও সংগীতশিল্পী এআর আমীন এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরে ভারতের চেন্নাইয়ের গুইন্ডির কাথিপাড়া ফ্লাইওভারের কাছে অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালে এ দুর্ঘটনা ঘটে। 

    দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 

    ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে কোয়ামবেদু থেকে চেন্নাইয়ের দিকে যাচ্ছিলেন আমীন। পুলিশ জানায়, পার্শ্ববর্তী এক গলি থেকে হঠাৎ একটি ওয়াগন-আর মডেলের গাড়ি মূল রাস্তায় উঠে এলে আমীনের পোরশে গাড়িটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

    সংঘর্ষের পর আমীন ও অপর গাড়ির চালককে কাভেরি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে দুজনকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে ওয়াগন-আর কারের আহত এক আরোহীকে ‘কালাইগনার শতবার্ষিকী সুপার স্পেশালিটি’ হাসপাতালে নেওয়া হয়েছিল, তিনিও প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

    ঘটনার তদন্তের অংশ হিসেবে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইং গাড়ি দুটিকে পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করে দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    উল্লেখ্য, এআর রহমান ও সায়রা বানু দম্পতির সন্তান এআর আমীন ২০১৫ সালে মনি রত্নমের ‘ও কাদাল কানমানি’ সিনেমার ‘মৌলা সাল্লি ওয়াসাল্লিম’ গানের মাধ্যমে প্লেব্যাক গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

    প্রথম আত্মপ্রকাশের পর থেকেই আমীন বিভিন্ন ধরনের সুর ও ভাষার সংগীত নিয়ে কাজ করছেন। বাবার আন্তর্জাতিক কনসার্ট ট্যুরেও নিয়মিত পরিবেশনায় অংশ নিয়ে বিশ্বমঞ্চে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। 

    সম্প্রতি রাম চরণের নতুন চলচ্চিত্র ‘পেদ্দি’র তামিল ভাষার ‘চিকিরি চিকিরি’ গানটিতে কণ্ঠ দিয়েছেন আমীন। এ ছাড়া সংগীতশিল্পী জাসলীন রয়্যালের সঙ্গে ‘ভিগি ভিগি’ নামে একটি গানে কাজ করেছেন তিনি, যার মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর।  

    বিনোদন ডেস্ক

  • এ আর রহমানের স্টোরিতে বাংলাদেশের দুই শিল্পী

    বাংলাদেশের কণ্ঠশিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতার জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ অর্জন। অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমান তাদের গাওয়া একটি গান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

    দীর্ঘ প্রায় দেড় বছর ধরে ‘মোজি অ্যান্ড কোং’ প্রকল্পের অধীনে জনপ্রিয় পুরোনো গান নতুন আঙ্গিকে পরিবেশন করে আসছেন শুভ ও নন্দিতা। তাদের এই উদ্যোগ ইতোমধ্যেই শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো এ আর রহমানের স্বীকৃতিও।

    সম্প্রতি রহমানের সুর করা জনপ্রিয় গান ‘সাওয়ারিয়া’ নতুনভাবে কাভার করেন এই দুই শিল্পী। গানটি প্রকাশের পর সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এ আর রহমান। বিষয়টি স্বাভাবিকভাবেই আনন্দে ভাসিয়েছে শুভ ও নন্দিতাকে। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    অনুভূতি প্রকাশ করে শুভ বলেন, ‘ছোটবেলা থেকেই এ আর রহমানের গান শুনে বড় হয়েছি। তার কাজ সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে। সেই মানুষটিই আমাদের গান শুনে নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য এক অনুভূতি।’

    অন্যদিকে, এ আর রহমানের ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন নন্দিতা। তিনি লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি? কেউ আমাকে চিমটি কাটো, প্লিজ! এই মুহূর্ত আর এই স্মৃতি আমার সারাজীবনের অনুপ্রেরণা হয়ে থাকবে।’

    বিনোদন ডেস্ক

  • ‘দেশবিরোধী সিনেমা’ মন্তব্য নজরে পড়তেই যে প্রতিক্রিয়া এআর রহমানের

    বলিউড পরিচালক ইমতিয়াজ আলির নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ নিয়ে দিনকয়েক ধরেই চলছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। সিনেমাটিকে কেউ কেউ ‘দেশবিরোধী’ বলেও কটাক্ষ করছেন। এক নেটিজেন লিখেছেন— ‘এই সিনেমায় পাকিস্তানকে কোনো জঙ্গি বা গোপন এজেন্ট ছাড়াই দেখানোর সাহস করেছেন?’ 

    আর এমনই একটি পোস্ট  নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজি দিয়েছেন অস্কারজয়ী সংগীত সুরকার পরিচালক এআর রহমান। এ সংগীত সুরকারের পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অস্কারজয়ীর প্রতিক্রিয়া নিয়ে রীতিমতো চর্চা নেটদুনিয়ায়।

    অনেকেরই হয়তো ধারণা ছিল, এ সিনেমায় ইমতিয়াজ আলি পাকিস্তানের ওপর ভারতীয় গোয়েন্দাদের প্রতিশোধ নেওয়ার গল্প বলেছেন। তবে গোটা সিনেমায় তেমন কোনো বিষয়ের উল্লেখ না থাকায় খানিকটা অবাকও হয়েছে সিনেমাপ্রেমী দর্শকদের একাংশ।

    এআর রহমানের হাসির প্রতিক্রিয়া দেখে এক নেটিজেন লিখেছেন— ‘একদম ঠিক, কোনো সিনেমায় যদি পাকিস্তানকে শত্রু হিসেবে না দেখায়, তাদের গালাগাল না করে এবং মুসলমানদের মানহানি না করে, তাহলে সেই সিনেমা দেশপ্রেমমূলক হয় কী করে?’

    ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার গল্পে দেশভাগের যন্ত্রণার মতো বিষয় থাকলেও, প্রেমের আভাসও রয়েছে। সিনেমাটির প্রথম থেকেই লোকমুখে এতটাই প্রচার হয়েছে, ফলে বক্স অফিসেও তার প্রভাব পড়ছে। দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১.১৫ কোটি টাকা বক্স অফিসে আয় হয়েছে। নাসিরুদ্দিন শাহের অল্প বয়সের একটি চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ। এ ছাড়া ইমতিয়াজ আলি ও এআর রহমানও যুগলবন্দি রয়েছেন এ সিনেমায়।

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানের মন্তব্য বিকৃত করে তুলে ধরা হয়েছিল!

    আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সুরকার এআর রহমানের কিছুদিন আগে প্রকাশিত এক মন্তব্যকে ঘিরে দেশটির বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভারতে ধর্মীয় বিভাজন নিয়ে মন্তব্যের জেরে দেশটির বিজেপি সরকারপন্থী রাজনীতিকদের কটাক্ষের মুখে পড়েন তিনি। এর মাঝে অনেক শোবিজ তারকা এআর রহমানের পাশেও দাঁড়ান। এবার এ সুরকার জানালেন, তার সেই বক্তব্যটি অনেকে বুঝতে ভুল করেছিল এবং অনেকের কাছে বিকৃতভাবে পৌঁছেছিল। 

    সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে অংশ নিয়ে এসব কথা জানান অস্কারজয়ী এই সংগীতজ্ঞ। তিনি বলেন, ‘কীভাবে তথ্য সবাই ভুল বুঝল, সেটা বুঝতে শিখলাম। আলাদা রাজ্য, আলাদা সংস্কৃতি। এখানে তথ্য সবার কাছে পৌঁছানোর আগেই বিকৃত হয়ে যায়-এটাই এই বিশ্বের বড় সমস্যা।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    এর আগে জানুয়ারির শুরুতে দেওয়া এক সাক্ষাৎকারে এআর রহমান জানান, গত কয়েক বছরে বলিউডের বহু কাজ তার হাতছাড়া হয়েছে। এর পেছনে সাম্প্রদায়িক বিভাজনের প্রভাব থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। যদিও সরাসরি কেউ তাকে এমন কিছু বলেননি, তবে ‘কানাঘুষা’ শোনা কথা থেকেই তিনি এমন ধারণা পেয়েছেন বলে উল্লেখ করেন। 

    পরে ১৮ জানুয়ারি ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘গান সবসময়ই আমার সংযোগ স্থাপন, উদযাপন এবং সম্মান প্রদর্শনের মাধ্যম। ভারত আমার অনুপ্রেরণা, আমার শিক্ষক এবং আমার বাড়ি। কখনো কখনো উদ্দেশ্য নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু সংগীতের মাধ্যমে উন্নতিসাধন ও সম্মানজ্ঞাপনই আমার লক্ষ্য। আমি কখনো কাউকে ব্যথা দিতে চাইনি।’ 

    বিনোদন ডেস্ক

  • ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে এআর রহমান

    সংগীতাঙ্গনের সুরস্রষ্টা অস্কারজয়ী সুরকার এআর রহমান হিন্দি সিনেমা জগতে ধর্মীয় মেরুকরণের রাজনীতি নিয়ে মন্তব্য করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন। 

    বলিউডে তাকে ‘কোণঠাসা’ করা হচ্ছে—এমন দাবি ঘিরে তারকাদের মতভেদ থাকলেও এ সুরকারের মন্তব্য নিয়ে এখনো চর্চা চলমান।  ঠিক এমন সময়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বিশেষ আমন্ত্রণ পেলেন এ অস্কারজয়ী। 

    বৃহস্পতিবার রাতে ওয়াশিংটন ডিসির ঐতিহ্যবাহী কেনেডি সেন্টারে এক জমকালো আয়োজন করা হয় মেলানিয়া ট্রাম্পের জীবন ও ভূমিকা নিয়ে নির্মিত একটি তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানের। সেখানেই বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন এআর রহমান। এ সময় প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, জনপ্রিয় র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট—যার জীবন অবলম্বনে নির্মিত হয়েছে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’। সেই প্রিমিয়ারে যোগ দিতেই যুক্তরাষ্ট্রে যান এআর রহমান। 

    এ ছাড়া রাজনৈতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের মধ্যেও উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামস, যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র ও রাজস্বসচিব স্কট বেসেন্ট। এমন তারকাখচিত আয়োজনে এআর রহমানের উপস্থিতি যে বিশেষ আকর্ষণ ছিল, তা বলার অপেক্ষা রাখে না। 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    ‘মেলানিয়া’ শিরোনামের সেই তথ্যচিত্রটি শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। তথ্যচিত্র ‘মেলানিয়া’-তে ফার্স্টলেডির ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। এতে তাকে শুধু ফ্যাশন আইকন বা কূটনৈতিক চরিত্রেই নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবেও দেখানো হয়েছে।

    এ তথ্যচিত্র নির্মাণে আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে প্রায় ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তথ্যচিত্রের একটি উল্লেখযোগ্য দৃশ্যে দেখা যায়, প্রেসিডেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ পোশাকে মেলানিয়া নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দিচ্ছেন।

    আজ শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে দেড় হাজারের বেশি প্রেক্ষাগৃহে তথ্যচিত্রটি মুক্তি পাওয়ার কথা। তবে মুক্তির আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি আশানুরূপ হয়নি। বৃহস্পতিবার পর্যন্ত মাত্র তিনটি টিকিট বিক্রির খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতেই প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অস্কারজয়ী সুরকার এআর রহমান।

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানের কাছে ‘পাত্তা না পেয়েই’ কি এত ক্ষোভ বিজেপির কঙ্গনার?

    কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুরের জাদুকর এআর রহমান দাবি করেন, বলিউডের অন্দরে থাকা কুসংস্কার ও ধর্মীয় বিভাজনের কারণে গত আট বছরে তিনি বহু কাজ হারিয়েছেন।  অস্কারজয়ী এই সুরকারের এমন মন্তব্যে বলিউডে বিতর্ক সৃষ্টি হয়েছেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে অনেকেই কথা বলছেন। রহমানের মন্তব্যে চটেছেন বলিউড অভিনেত্রী ও ভারতে ক্ষমতাসীন বিজেপির রাজনীতিবিদ কঙ্গনা রানাউত।  

    ধারণা করা হচ্ছে, এআর রহমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কঙ্গনা। কিন্তু এই গুণী শিল্পী দেখা করতে অস্বীকৃতি জানানোয় বেশ ‘অপমানিত’ হয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী গেরুয়া শিবিরের এই রাজনীতিবিদ। তার জেরেই এআর রহমানের সাম্প্রতিক মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। বলিউড এই অভিনেত্রীর স্বীকারোক্তিতেও বিষয়টি স্পস্ট হয়েছে। 

    কঙ্গনা অভিযোগ করেছেন, এর আগে রহমান তার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং তার ছবি ‘ইমারজেন্সি’-তে কাজ করতে চাননি।  কারণ হিসেবে তিনি জানান, এ আর রহমান এটিকে একটি ‘প্রোপাগান্ডা ধরনের ছবি’ বলে মনে করেছিলেন। 

    শনিবার (১৭ জানুয়ারি) কঙ্গনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে বিবিসি এশিয়ান নেটওয়ার্কে দেওয়া রহমানের একটি সাক্ষাৎকারের স্ক্রিনশট শেয়ার করেন। সেখানে তিনি সুরকারকে সরাসরি উল্লেখ করে লেখেন, ‘প্রিয় রহমানজি, আমি একটি গেরুয়া দলকে সমর্থন করি বলে চলচ্চিত্র জগতে বহু কুসংস্কার ও পক্ষপাতের মুখে পড়েছি। কিন্তু আপনার মতো এতটা পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আমি আর দেখিনি।’ 

    আরও পড়ুন
    আরও পড়ুন

    কঙ্গনা জানান, তিনি রহমানের সঙ্গে তার পরিচালিত ছবি ‘ইমারজেন্সি’ নিয়ে আলোচনা করতে এবং ছবির গল্প শোনাতে আগ্রহী ছিলেন। ‘আমি আপনাকে ইমারজেন্সি ছবির গল্প বলতে চেয়েছিলাম। গল্প শোনা তো দূরের কথা, আপনি আমার সঙ্গে দেখা করতেও অস্বীকৃতি জানিয়েছিলেন। আমাকে বলা হয়েছিল, তিনি (এআর রহমান) প্রোপাগান্ডার উদ্দেশ্যে নির্মিত কোনো ছবির অংশ হতে চান না,’ আরও লেখেন তিনি। 

    উল্লেখ্য, ‘ইমারজেন্সি’ ছবিতে কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন। ছবিটি ১৯৭৫–৭৭ সালের ভারতের জরুরি অবস্থার সময়কালকে কেন্দ্র করে নির্মিত। মুক্তির পর থেকেই এটি রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ছবিটিতে অনুপম খের, শ্রেয়স তালপাড়ে এবং মিলিন্দ সোমানের মতো অভিজ্ঞ অভিনেতারাও অভিনয় করেছেন। 

    তবে ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার কথা স্বীকার করলেও কঙ্গনার দাবি, বহু সমালোচক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এর প্রশংসাও করেছেন। কঙ্গনা বলেন, ‘বিদ্রূপাত্মকভাবে ইমারজেন্সি অনেক সমালোচকের কাছেই একটি মাস্টারপিস হিসেবে বিবেচিত হয়েছে। এমনকি বিরোধী দলের নেতারাও ছবিটির ভারসাম্যপূর্ণ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির জন্য আমাকে প্রশংসাসূচক চিঠি পাঠিয়েছেন। কিন্তু আপনি আপনার ঘৃণায় অন্ধ। আপনার জন্য আমার দুঃখ হয়।’ 

    প্রসঙ্গত, ভিকি কৌশলের ঐতিহাসিক সিনেমা ‘ছাওয়া’ নিয়ে এ আর রহমানের সাম্প্রতিক মন্তব্যের পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। রহমান ছবিটিকে ‘বিভাজন সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। যদিও একই সঙ্গে তিনি ছবির মূল বিষয়বস্তুর সাহসিকতার কথাও স্বীকার করেন।

    বিনোদন ডেস্ক

  • গান চুরির অভিযোগ, এআর রহমানকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ

    ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সিনেমা ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সেটি গড়িয়েছে আদালত পর্যন্ত।  একটি গান থেকে সুর চুরি করে তৈরি করা হয়েছে আরেকটি গান, যা শুনতে একই রকম লাগে—এমনটিই অভিযোগ করা হয় অস্কারজয়ী সুরকার ও সংগীতশিল্পী এআর রহমানের বিরুদ্ধে। আর তাই এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি টাকা দিতে বলেছেন দিল্লি হাইকোর্ট। একটি গানকে ঘিরে কপিরাইট মামলায় জড়িয়ে এ টাকা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। 

    ‘বীরা রাজা বীরা’ গানটি নাসির ফৈয়াজুদ্দিন দাগার ও তার ভাই জাহিরুদ্দিন দাগারের তৈরি ‘শিবা স্তুতি’ থেকে সুর চুরি করেছেন এআর রহমান— এমনই অভিযোগ করেছেন ফৈয়াজুদ্দিনের ছেলে ভারতীয় শাস্ত্রী সংগীতশিল্পী ও পদ্মশ্রী সম্মানে ভূষিত ফৈয়াজ ওয়াসিফুদ্দিন দাগার। 

    গণমাধ্যম সূত্রে জানা গেছে, সেই ইস্যুতে এআর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে দুই কোটি রুপি দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারপতি প্রতিভা এম সিংয়ের মনে হয়েছে— ‘বীরা রাজা বীরা’ গানটি ‘শিবা স্তুতি’র হুবহু নকল না হলেও শুনতে একই রকম লাগে। 

    ফৈয়াজের দাবি, ‘বীরা রাজা বীরা’র সুর, তাল ও লয় একেবারেই ‘শিবা স্তুতি’র কার্বনকপি। যদিও গানের কথা আলাদা। অন্যদিকে এআর রহমান বলেন, ‘শিবা স্তুতি’ একটি সাবেকি কম্পোজিশন। তাতে মিশে আছে ধ্রুপদ। তিনি আরও বলেন, ‘বীরা রাজা বীরা’ তাদের মৌলিক কম্পোজিশন। যেখানে রয়েছে পাশ্চাত্য সংহীতের মিশেল। ২২৭টি স্তর আছে গানের। 

    এ নিয়ে পানি কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

    বিনোদন ডেস্ক

  • বিচ্ছেদের পর সাবেক স্বামী রহমানের উদ্দেশে যে বার্তা দিলেন সায়রা

    গত বছরের শেষ দিকে ভারতের জনপ্রিয় সুরকার সঙ্গীত প্রযোজক ও শিল্পী এআর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন সায়রা বানু। তার পর থেকে রহমানকে নিয়ে নানা গুঞ্জন ছড়ায়, শোনা যায় পরকীয়ায় জড়িয়েছেন সুরকার। সেই সময় স্বামীর হয়ে ময়দানে নামেন সায়রা।

    সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ‘সব ইউটিউবার ও সংবাদমাধ্যমের কর্মীদের অনুরোধ করছি, রহমানের নামে কোনো খারাপ কথা বলবেন না। তার কোনো দোষ নেই। তার মতো মানুষ হয় না। আমার দেখা সেরা মানুষ।’ এ বার গুরুতর অসুস্থ সায়রা পাশে পেলেন সেই রহমানকেই। কৃতজ্ঞতা জানিয়ে কী লিখলেন স্ত্রী?

    সায়রার পক্ষ থেকে বিবৃতি দিয়ে বন্দনা লেখেন, ‘কিছু দিন আগেই অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে সায়রা রহমানকে। এক জটিল অস্ত্রোপচারও হয়েছে তার। এমন এক কঠিন সময়ে দ্রুত সেরে ওঠাই তার একমাত্র লক্ষ্য। রহমানের সাবেক স্ত্রীর সঙ্গে অস্কারজয়ী রসুল পুকুট্টি এবং তার স্ত্রী শাহিদারও সুসম্পর্ক রয়েছে। ওই বিবৃতিতে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে লেখেন, লস অ্যাঞ্জেলেসের বন্ধু রসুল পুকুট্টি, শাহিদা, আইনজীবী বন্দনা শাহ এবং অবশ্যই এআর রহমানকে অসংখ্য ধন্যবাদ আমার এই কঠিন সময়ে পাশে থাকার জন্য।

    বিনোদন ডেস্ক

  • এআর রহমানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিজিতের

    বলিউডে প্রায় ৬ হাজারের বেশি গান গেয়েছেন সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য। কিন্তু এআর রহমানের সুরে একটি মাত্র গান গেয়েছেন তিনি। নিছক কাকতালীয় বিষয় নয়, সচেতনভাবেই রহমানের সঙ্গে কাজ করেননি অভিজিৎ। কারণ অস্কারজয়ী এআর রহমানের কাজ করার পদ্ধতির সঙ্গে সহমত পোষণ করেন না এ সংগীতশিল্পী। 

    সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমান প্রসঙ্গে অভিজিৎ ভট্টাচার্য বলেন, নিয়মিত সময়ে কাজ করার অভ্যাস নেই ওদের। ঠিকঠাক পদ্ধতিতে কাজ করতে অভ্যস্ত আমি। এবার সৃজনশীলতার নামে যদি রাত ৩টা ৩৩ নাগাদ গান রেকর্ড করতে বলে, এর অর্থ বুঝি না আমি!

    সেই সময় প্রথম সারির সুরকার অনু মালিক, আনন্দ-মিলিন্দ, যতিন-ললিতের ‘ডাবি’ করছিলেন তিনি। সেই ব্যস্ততার মধ্যেই রহমানের সঙ্গে একদিন সাক্ষাৎ করতে গিয়েছিলেন অভিজিৎ। কিন্তু হোটেলে অপেক্ষা করেই সময় কেটে যায়। রহমানের দেখা নেই।

    সারাক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তাই সকালে রেকর্ডিংয়ের পরামর্শ দেন তিনি। রাত ২টা নাগাদ স্টুডিওতে যাওয়ার ডাক পান অভিজিৎ। কিন্তু হোটেলে পৌঁছে দেখেন, রহমান সেখানে নেই। রহমানের সহকারী দায়িত্বে ছিলেন। তিনিই অভিজিৎকে গান গাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন। যদিও যে ছবির গান, সেই ছবিটি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। পুরো বিষয়টি নিয়ে একাধিকবার রহমানের কাছে জানতে চান অভিজিৎ। কিন্তু রহমানের তরফে কখনো সদুত্তর মেলেনি বলে জানান এ সংগীতশিল্পী।

    বিনোদন ডেস্ক

  • ‘শারীরিক চাহিদা মেটানোই জীবনের সব নয়’

    এ আর রহমান আধ্যাত্মিকতার বিষয়ে নিজের মতামত শেয়ার করে বলেন, ‘আমাদের সবারই অন্ধকার সময় আছে। এই পৃথিবী সবাই আমরা ভ্রমণ করছি। আমরা জন্মেছি, আবার চলেও যাব। এটা আমাদের জন্য স্থায়ী জায়গা নয়। আমরা কোথায় যাচ্ছি, আমরা জানি না। এটি নির্ভর করে প্রতিটি ব্যক্তির নিজস্ব কল্পনা এবং বিশ্বাসের ওপর।’

    সম্প্রতি স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ-বিচ্ছেদের পথে হেঁটেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এ আর রহমান। বিবাহ-বিচ্ছেদের পর প্রকাশ্যে এসে প্রথমবার মুখ খুললেন অস্কারজয়ী সঙ্গীতশিল্পী। 

    সম্প্রতি গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (IFFI) এ মিউজিক্যাল থিয়েটারের প্রচারের বিষয়ে কথা বলেছেন। সেখানেই কথা প্রসঙ্গে মাস্টারক্লাসে মানুষের জীবনে সঙ্গীতের প্রভাব সম্পর্কে কথা বলেন সঙ্গীতশিল্পী। 

    সঙ্গীতশিল্পী এ আর রহমান বলেন, ‘এখন আমাদের অনেকেরই মানসিক স্বাস্থ্য ঠিক থাকে না। অবসাদ ঘিরে ধরে। কারণ আমার মনে হয়, আমাদের সবার মধ্যেই একটা শূন্যতা রয়েছে। সেই শূন্যতা দূর করতে পারে গল্পকাররা, কখনো আবার দর্শন পড়ে, কিংবা বিনোদনের মাধ্যমে, কখনো আবার ওষুধ খেয়ে তা দূর করা হয়। তবে শুধুমাত্র হিংসা, যৌনতার মতো শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোই জীবনের সব নয়। জীবনের পরিধি এর থেকে আরও অনেক বড়।’

    এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যখন আমি ছোট ছিলাম তখন আমাকে একবার আত্মহত্যার চিন্তা ঘিরে ধরেছিল। আমার মা বলতেন, যখন তুমি অন্যের জন্য বাঁচবে, তখন তোমার মধ্যে এ চিন্তাগুলো আসবে না। অন্যের জন্য বাঁচার অর্থ আপনি স্বার্থপর নন। সেই সময় আমি মায়ের কথাগুলোই গুরুত্ব দিয়েছিলাম।’

    এর আগে স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহ-বিচ্ছেদ নিয়ে এ আর রহমান টুইটারে লিখেছিলেন- ‘আমরা গ্র্যান্ড ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। আমরা ছিন্নভিন্ন তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলো আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন তার জন্য ধন্যবাদ।’

    বিনোদন ডেস্ক