Tag: ইমরান মাহমুদুল

  • দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

    বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল একসঙ্গে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। বেশ কিছু জনপ্রিয় গান সিনেমাতেও প্লেব্যাক করেছেন এ তারকা জুটি। মাঝে অনেক দিন বিরতি গেছে, আর প্লেব্যাকে একসঙ্গে পাওয়া যায়নি তাদের কণ্ঠ। দীর্ঘদিন পর আবার দ্বৈত গানে কণ্ঠ দিলেন ন্যান্সি ও ইমরান। নির্মাতা কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় তারা প্লেব্যাক করেছেন।

    ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ —এমন শিরোনামের একটি গান তারা গেয়েছেন। এ গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজনে ছিলেন ইমরান। রোববার (২৮ জুন) এ রোমান্টিক ঘরানার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

    নতুন এ গান নিয়ে বেশ উচ্ছ্বসিত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তিনি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে, শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি সিনেমার গানে কণ্ঠ দিলাম।’

    ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ —এ গান প্রসঙ্গে ইমরান বলেন, বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি। তার সঙ্গে দ্বৈত গান মানেই ইমরানের জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত তিনি।

    উল্লেখ্য, পরিচালক কামরুজ্জামান রোমানের ‘শিকার’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য এ গান নিয়ে নেপালে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। 

    বিনোদন ডেস্ক

  • প্রথমবারের মতো হৃদয় খানের সুরে গাইলেন ইমরান

    সময়ের জনপ্রিয় দুই সংগীতশিল্পী হৃদয় খান ও ইমরান মাহমুদুল। দুজনকে এবার একসঙ্গে পাওয়া যাচ্ছে নতুন একটি গানে। প্রথমবারের মতো হৃদয় খানের সুর ও সংগীত আয়োজনে গান গেয়েছেন ইমরান।

    ‘ফিরে এলে না’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গত মাসে হৃদয় খানের স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    হৃদয় খানের সুরে গাইতে পেরে ইমরান বলেন, ‌‘অন্যের সুরে গাইতে সবসময়ই ভালো লাগে। হৃদয় ভাইয়ের সঙ্গে কাজ করা আমার জন্য নতুন অভিজ্ঞতা।’

    আরও পড়ুন
    আরও পড়ুন

    সাম্প্রতিক সময়ে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ইমরান মাহমুদুল। সিনেমা, নাটক ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য একাধিক নতুন গান প্রকাশ করেছেন তিনি। ঈদে মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাতেও তার গাওয়া গান দর্শকপ্রিয়তা পেয়েছে।

    এদিকে, আগামী ২ মে অস্ট্রেলিয়ার সিডনিতে স্টেজ শোতে অংশ নিতে যাবেন ইমরান। ৭ মে দেশে ফেরার পর বাকি কাজ শেষ করে জুলাইয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

    বিনোদন ডেস্ক

  • মাইলস্টোন দুর্ঘটনায় বুবলী, ইমরান, আরশ ও বাঁধনের মানবিক সিদ্ধান্ত

    মাইলস্টোন ট্র্যাজেডিতে এখনো শোকে বিহ্বল দেশের মানুষ। সর্বত্রই চলছে
    আলোচনা। কেন হলো, কীভাবে ঘটল এত বড় দুর্ঘটনা। এর জন্য দায়ী কে? এ নিয়ে চলছে চুলচেরা
    বিশ্লেষণ। থেমে নেই বিনোদন জগতও। এ জগতের বাসিন্দারাও কেউ করছেন রাষ্ট্রের সমালোচনা,
    কেউ দুষছেন পাইলটকে, কেউবা স্কুল কর্তৃপক্ষকে।

    তবে এসবের মধ্যে কেউ কেউ নিজেদের মুক্তি প্রতীক্ষিত কাজ পিছিয়ে দিয়ে
    জানিয়েছেন মৃত ও আহত শিশু এবং তাদের পরিবারের প্রতি সম্মান। ঢাকাই সিনেমার নায়িকা শবনম
    বুবলী প্রথমবার তিনি একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। গানের শিরোনাম ‘ময়না’। এতে বুবলীর
    সঙ্গে জুটি বেঁধেছেন নাটকের অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ভিডিওটি পরিচালনা
    করেছেন তানিম রহমান অংশু। গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও নিলয়। এটি ২৪ জুলাই গানচিল
    মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনায় মুক্তি
    পেছানো হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে, গানটি মুক্তির নতুন তারিখ পরে জানিয়ে
    দেওয়া হবে।

    এদিকে এটিই বুবলীর ক্যারিয়ারে প্রথম মিউজিক ভিডিওর কাজ। স্বভাবতই এটি
    নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন অভিনেত্রী। তবে প্রকাশ পিছিয়ে যাওয়াতে একটুও মন খারাপ হয়নি
    তার।

    এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘মিউজিক ভিডিওটির মুক্তির জন্য শুরু থেকেই অপেক্ষা
    করছিলাম। কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমরা রয়েছি, এ মুহূর্তটি আসলে গান দেখা বা শোনার
    সময় নয়। প্রযোজনা প্রতিষ্ঠানের এমন সিদ্ধান্তে আমিও তাদের ধন্যবাদ জানাই। দিন শেষে
    আমরা তো মানুষের জন্যই কাজ করি।’

    একই সঙ্গে তিনি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছেন এবং আহত হয়েছে
    সেসব শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

    এদিকে এমন ঘটনার পর থেকেই মর্মাহত সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। তিনি
    সিদ্ধান্ত নিয়েছেন পুরো জুলাই মাসেই আর কোনো গান প্রকাশ করবেন না। ইমরান বলেন, ‘আমার
    নতুন একটি গান প্রকাশের কথা ছিল। শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। এটি চলতি মাসে আর
    প্রকাশ করব না। শুধু এটি নয়, এ মাসে কোনো গানই আর আমি দেব না। আগস্টে নতুন গান আসবে।
    সময়টা ভালো যাচ্ছে না। মানসিকভাবেও খুব ভেঙে পড়ছি। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয়
    লাগছে।’

    এদিকে ২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির কথা ছিল ‘এশা মার্ডার : কর্মফল’
    নামে একটি সিনেমার। আজমেরী হক বাঁধন অভিনীত এ সিনেমাটি গত কুরবানি ঈদেই দেশের প্রেক্ষাগৃহে
    মুক্তি পেয়েছিল। ওটিটিতে মুক্তি নিয়ে এর আগে বাঁধন বলেন, ‘সিনেমাটি সাধারণ দর্শকের
    কাছে পৌঁছানো দরকার। এমন নারী প্রধান গল্পের সিনেমা বেশি বেশি নির্মাণ করাও প্রয়োজন।’

    ওটিটির মুক্তি নিয়ে তিনি বেশ আশাবাদীও ছিলেন। কিন্তু এক সপ্তাহের বেশি
    সময় ধরে প্রচার করে এলেও, মুক্তির একদিন আগে ওটিটি প্ল্যাটফর্মটি জানায়, সিনেমাটির
    প্রকাশ স্থগিত করা হয়েছে। নতুন তারিখ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। সিনেমাটি বানিয়েছেন
    সানী সানোয়ার।

    গল্পে দেখা যায়, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় তিন মেয়ে। তদন্তে নামে
    পুলিশ কর্মকর্তা লিনা। এই চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আরও রয়েছেন ফারুক
    আহমেদ, মিশা সওদাগর, শরীফ সিরাজ, পূজা ক্রুজ প্রমুখ।

    এদিকে দেশের এমন মর্মান্তিক ঘটনায় গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে পরিচালক-প্রযোজকদের
    প্রতি নিজের অভিনীত নাটক মুক্তি না দেওয়ার অনুরোধ করেছেন অভিনেতা আরশ খান। বিমান বিধ্বস্তের
    ঘটনার দিনই সামাজিক মাধ্যমে অভিনেতা লেখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এ মুহূর্তে
    ঠিক নেই। চোখ বন্ধ করলে বাচ্চাগুলোর আর্তনাদ ভাসে। এমন অবস্থায় আগামী চলতি মাসের বাকি
    যে কয়দিন আছে, এসময়ে আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’

    আরশ খান বলেন, ‘আমি সবসময় মানুষের কথা বলি। এজন্য আমাকে সবাই বিরোধীদল
    ভাবে। কিন্তু যে ঘটনাটি ঘটেছে এটি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনার পর মানুষ আসলে নাটক দেখার
    মতো পরিস্থিতিতে নেই। একজন মানুষ হিসাবে মনে হয়েছে এ মুহূর্তে নাটক-সিনেমা নয়, দোয়া
    করাটা বেশি প্রয়োজন।’

    এমন ঘটনায় আরও একাধিক প্রজেক্টের মুক্তি পেছানো হয়েছে। ২৪ জুলাই মুক্তির
    কথা ছিল ‘অনুতপ্ত’ নামে একটি নাটকের। দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তা স্থগিত করা
    হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানায়, ‘নাটকটি ২৪ জুলাইয়ের পরিবর্তে ২৭ জুলাই মুক্তি
    পাবে। আমরা সবাই নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

     কে এম সোহাগ রানার পরিচালিত
    নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন পার্থ শেখ ও মালাইকা চৌধুরী। এছাড়া একই সময় ‘দেনা
    পাওনা’ নামে একটি ধারাবাহিক নাটকের নতুন পর্বের প্রচারও স্থগিত করা হয়েছে। প্রযোজনা
    প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেনা পাওনা সিরিজের
    ৫৯তম ও ৬০তম পর্ব এ সপ্তাহে সম্প্রচার বন্ধ থাকবে। পরবর্তী সপ্তাহ অর্থাৎ ২৯ জুলাই
    থেকে যথারীতি সম্প্রচার চলবে।’

    পারিবারিক গল্পের ধারাবাহিকটি পরিচালনা করছেন কে এম সোহাগ রানা। অভিনয়
    করছেন শহীদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, সুষমা সরকারসহ
    অনেকে।

    আনন্দনগর প্রতিবেদক

  • এই মাসে কোনো গান প্রকাশ করবেন না ইমরান মাহমুদুল

    রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুশিক্ষার্থী ও শিক্ষকদের মৃত্যুর ঘটনায় শোকাহত পুরো দেশ। এমন হৃদয়বিদারক ঘটনার পর সংগীত থেকেও সাময়িক বিরতি নিলেন জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল।

    এই দুর্ঘটনার পর থেকে সামাজিক মাধ্যমে চলছিল নীরবতা। এরই মধ্যে বুধবার বিকেলে নিজের একটি ছবি পোস্ট করেন ইমরান। ক্যাপশনে লেখেন, ‘দ্যা শো মাস্ট গো অন।’

    তবে সেখানেই এক ভক্ত কমেন্টে অনুরোধ করেন, ‘ইমরান ভাইয়া, এক সপ্তাহের আগে কোনো গান রিলিজ কইরেন না। মনটা ভালো নেই কারও। ছোট ছোট বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।’

    ভক্তের সেই আবেগঘন অনুরোধের জবাবও দেন ইমরান। লেখেন, ‘এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান ছাড়া হবে না।’

    এর আগে গত মঙ্গলবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ইমরান লিখেছিলেন, ‘ট্রমা কাজ করছে। আকাশ দিয়ে বিমানের শব্দ শুনলেই ভয় লাগছে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোক।’

    তবে শুধু ইমরান নন, এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খানও চলতি সপ্তাহে তার কোনো নাটক সম্প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যান্য শিল্পীরাও যে যার অবস্থান থেকে শোক প্রকাশ করে গেছেন।

    উল্লেখ্য, গত সোমবার ইতিহাসের অন্যতম হৃদয়বিদারক একটি দিন পার করল সারা বাংলাদেশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছরে পড়ে একটি একটি প্রশিক্ষণ জেট। এতে এখন পর্যন্ত ৩১ জনের নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন শতাধিক; যার অধিকাংশই শিশু শিক্ষার্থী।

    বিনোদন ডেস্ক

  • ইমরানের গানে আবারও মডেল হলেন কেয়া পায়েল

    জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মহমুদুল ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন। এটি একটি দ্বৈত গান। ইমরানের সহশিল্পী ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা। এ গানে মডেল হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা। 

    ইমরানের সঙ্গে মডেল হিসাবে কেয়া পায়েলের এটিই প্রথম কাজ নয়। এর আগেও এ অভিনেত্রী ইমরানের বহু গানের মডেল হয়েছেন। এ জুটির জনপ্রিয় মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ ইত্যাদি।  

    কেয়া পায়েল প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারো কেয়া পায়েলের সঙ্গে কাজ করা।’ 

    কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ইমরানের সংগীতায়োজনে হাবিব-ন্যান্সির নতুন গান

    জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি এবার একসঙ্গে গাইলেন নতুন একটি গানে, যার শিরোনাম ‘ভালোবাসি শুধু যে তোমারে’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। এটি ব্যবহার করা হয়েছে ঈদের বিশেষ নাটক ‘হৃদয়ের কথা’-তে।

    এই প্রথমবার হাবিব ও ন্যান্সি গাইলেন ইমরানের সুরে ও সংগীতে। গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। নির্মাতা জাহিদুল ইসলাম সুজন পরিচালিত ‘হৃদয়ের কথা’ নাটকটি সম্প্রতি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।

    গানটি নিয়ে ইমরান বলেন, ‘হাবিব ও ন্যান্সি জুটি বরাবরের মতই দারুণ গান করেন, তবে এই প্রথমবার তারা আমার সুর ও সংগীতে গাইলেন। অনেক ভালোবাসার একটা গান। আশা করছি সবার হৃদয় ছুঁয়ে যাবে।”

    নতুন এই গান ও নাটক ঈদের বিনোদনে শ্রোতাদের জন্য বাড়তি এক আবেগঘন উপহার হয়ে উঠেছে।

    বিনোদন ডেস্ক

  • ঈদের সিনেমার গানে ইমরান ও কণা

    দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এ জুটি অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সিনেমায় গাওয়া এ জুটির অনেক গান এখনও দর্শক-শ্রোতার কণ্ঠে বাজে। সিনেমা ছাড়া নাটকেও তাদের একসঙ্গে গান গাইতে দেখা গেছে। পাশাপাশি স্টেজ শো তো রয়েছে। ফের নতুন একটি সিনেমায় একসঙ্গে গাইতে চলেছেন এ জুটি। 

    ‘জ্বীন-৩’ নামে একটি ঈদের সিনেমার জন্য ‘কন্যা’ শিরোনামের একটি গান গেয়েছে ইমরান ও কণা। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত করেছেন ইমরান। শিগগিরই সিনেমার প্রচারণার অংশ হিসাবে গানটি প্রকাশ পাবে বলে প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে। 

    ভৌতিক ঘরানার এ সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এ জুটির লিপেই গানটি দেখা যাবে পর্দায়। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। 

    গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘কণা আপুর সঙ্গে আমার গাওয়া সিনেমার প্রায় প্রতিটি গান থেকেই খুব ভালো সাড়া মিলেছে। আমাদের কাজের রসায়ণও বেশ ভালো। এবারের গানটিও সবার ভালো লাগবে বলে আশা রাখি।’ 

    কণা বলেন, ‘আমার ও ইমরানের গাওয়া গানের প্রতি শ্রোতাদের একটি বাড়তি কৌতূহল থাকে। তাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই আসলে গানটি করা। এটি অনেক সুন্দর কথা-সুরের গান। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’ 

    এছাড়া আসন্ন ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশে ব্যস্ত রয়েছেন ইমরান ও কণা। একক গান প্রকাশের পাশাপাশি টিভি অনুষ্ঠানের ঈদ আয়োজন নিয়েও ব্যস্ততা রয়েছে বলে জানান তারা। ঈদে এ দুজনের একাধিক নতুন গান প্রকাশ হতে চলেছে বলে নিশ্চিত করেছন তারা।

    আনন্দনগর প্রতিবেদক

  • রমজানে নতুন ইসলামী গানে কণ্ঠ দিলেন ইমরান

    জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল নতুন একটি ইসলামী গানে কণ্ঠ দিয়েছেন। ‘দ্বীনের পথে রোজার সাথে’ শিরোনামে গানটি লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক। 

    ইতোমধ্যে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ।

    গানটি প্রসঙ্গে ইমরান বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার।

    ইমরান মাহমুদুলের অধিকাংশ গানই রোমান্টিক ঘরনার। ইদানিং এই জায়গার পাশাপাশি ব্যতিক্রমী গানে হাজির হচ্ছেন তিনি। 

    বিনোদন ডেস্ক

  • ডিএমএস থেকে আসছে আসিফ ও ইমরানের গান

    দেশের শীর্ষস্থানীয় অডিও ভিডিও প্রযোজনা সংস্থা ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের নতুন গান। একই গানে হাজির থাকছেন দেশের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গানের শিরোনাম ‘মন জানে’। এটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। 

    মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। ভিডিওতে উপস্থিত রয়েছেন আসিফ ও ইমরান। 

    এ গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘ইমরান এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’ 

    ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। তার জন্য গান করতে গেলেই মনের ভেতর অন্য রকম এক অনুভূতি কাজ করে। আমাদের এ কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’ 

    ডিএমএস জানিয়েছে, ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মন জানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।

    আনন্দনগর প্রতিবেদক

  • একসঙ্গে চমক নিয়ে আসছেন আসিফ ও ইমরান

    দেশের সংগীতাঙ্গনে জনপ্রিয় দুই মুখ আসিফ আকবর ও ইমরান মাহমুদুল। এই দুই তারকার মধ্যে সম্পর্কের মধুরতা যেমন দৃঢ় সেই সঙ্গে দু’জন দুজ’নার কাজের প্রতি মুগ্ধতাও অনেক। মাঝে মধ্যেই আড্ডায় মাতেন এই দুই তারকা। তবে একসঙ্গে কাজ করতে তাদের খুব একটা দেখা যায়নি। কিন্তু এবার সংগীতের দুই প্রজন্মের এই দুই তারকাকে একীভূত করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটি প্রকাশ করতে যাচ্ছে এই দুই তারকার গান।

    ইতোমধ্যে নির্মিত হয়েছে গানটির ভিডিও। ভিডিওতে চমক হিসেবে থাকছে এই দুই তারকার উপস্থিতি। বিষয়টি নিয়ে আসিফ ও ইমরানের অগণিত ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

    স্নেহাশীষ ঘোষের কাব্যমালায় ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে ‘মন জানে’ শিরোনামের গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

    বিষয়টি নিয়ে আসিফ আকবর বলেন, ‘ইমরান মাহমুদুল এ প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় শিল্পী-কম্পোজার। বাস্তববাদী পেশাদার মানসিকতা ধারণ করে সে। ‘মন জানে’ শিরোনামে আমরা একসঙ্গে যে কাজটি করলাম আশা করি তা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

    এ গান নিয়ে ইমরান বলেন, ‘ছেলেবেলা থেকে আসিফ ভাইয়ের গান শুনে বড় হয়েছি। আমাদের কাছে তখন গান মানেই ছিল আসিফ ভাই। আসিফ ভাইয়ের জন্য গান করতে গেলেই মনের ভিতর অন্যরকম এক অনুভুতি কাজ করে। আমাদের এই কাজটি শ্রোতাদের ভালো লাগবে আমার বিশ্বাস।’

    ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায় নতুন বছরে তারা শোতাদের উপহার দিচ্ছে ‘মন জানে’ শিরোনামের এই গান। ৫ জানুয়ারি তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ‘মনজানে’ গানের ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপে।

    বিনোদন ডেস্ক