Tag: আশফাক নিপুন

  • দেশী ওটিটিতে জয়া

    বাংলাদেশ  ও ভারত দুই দেশেই কাজ করেন দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। চলতি বছর মার্চ মাসে একটি সিরিজে অভিনয়ের কথা জানান তিনি।  এ সিরিজের মধ্য দিয়েই দেশীয় ওটিটিতে তার অভিষেক হওয়ার কথা। তবে সেটির কোনো অগ্রগতি ছিল না। এদিকে বছরের শেষপ্রাপ্তে এসে জানালেন, শিগগিরই তিনি সিরিজটির শুটিংয়ে অংশ নিচ্ছেন। ‘জিম্মি’ নামের এ সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুন। 

    জয়া বলেন, ‘সিরিজের কাজটা আরও আগে শুরু হওয়ার কথা ছিল। নানান কারণে সেটা করা যায়নি। তবে শিগগিরই শুটিং শুরু হচ্ছে। আর এটাই হতে যাচ্ছে আমার প্রথম ওয়েব সিরিজ।’ এ সিরিজে স্বামীকে নিয়ে সংগ্রামী এক সরকারি নারী কর্মচারীর চরিত্রে দেখা যাবে জয়াকে। 

    এদিকে গত কয়েক বছর জয়াকে বাংলাদেশের তুলনায় ভারতীয় সিনেমায় বেশি দেখা গেছে। অনেকেই মনে করেন, তিনি তার নিজের দেশের চেয়ে ভারতেই বেশি সময় ব্যয় করেন। সে প্রসঙ্গে অবশ্য অভিনেত্রী খোলাসা করেছেন। 

    জয়া বলেন, ‘আমি মূলত শুটিংয়ের জন্য কলকাতায় যাই, যেমন অভিনয়শিল্পীরা আউটডোর শুটে যায়, সেরকম। আমার কলকাতায় কাজ থাকলে যাই, এবং একবার কাজ শেষ হলে আমি ঢাকায় ফিরে আসি। কিন্তু লোকে ভাবে, আমি বেশিরভাগ সময় সেখানেই থাকি।’

    আনন্দনগর প্রতিবেদক

  • ‘মহানগর ৩’ এ ডাক পাওয়ার অপেক্ষায় ভারতীয় অভিনেতা

    নির্মাতা আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত এই সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন মুক্তি পেয়েছে। বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সামাজিক-রাজনৈতিক ঘরানার থ্রিলার সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

    তাদের মতোই অপেক্ষার প্রহর গুনছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। ‘মহানগর ২’ এর শেষদিকে রজব আলী নামের একটি চরিত্রে কয়েক মুহূর্তের জন্য দেখা যায় তাকে। দর্শকরা ধারণা করছেন, সিরিজের তৃতীয় কিস্তিতে আরও ব্যাপক পরিসরে তার চরিত্রের দেখা মিলবে।

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা ‘মহানগর ৩’ এর জন্য তার অপেক্ষার কথা জানিয়েছেন। বলেছেন, ‘সিরিজ মহানগর ৩ এর অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পর্বের একেবারে শেষ দৃশ্যে ছিলাম। মহানগর ৩ হলে আমার ডাক পাওয়ার কথা। কবে করবে জানি না।’

    সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মহানগর ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছেন আশফাক নিপুন। ‘মহানগর ২’এর জন্য সেরা পরিচালকের পুরস্কার গ্রহণের সময় তিনি বলেছেন, ‘মহানগর ৩ উইল বি ব্যাক। ওসি হারুন উইল বি ব্যাক।’

    বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ‘মহানগর ৩’ এর শুটিং করতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অনির্বাণ বলেছেন, এক্ষেত্রে তার কোনো আপত্তি নেই।

    ভারত-বাংলাদেশ টানাপড়েন নিয়ে অনির্বাণের ভাষ্য, ‘বর্তমান অবস্থা নিয়ে খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ, আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। রাজনীতির এটা একটা মুখ।’

    প্রসঙ্গত, ২০২১ সালে ‘মহানগর’ মুক্তি পরই ব্যাপক সাড়া ফেলে। দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায় মোশাররফ করিম অভিনীত চরিত্র ওসি হারুন। এর ধারাবাহিকতায় গত বছর সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’ নিয়ে আসেন নির্মাতা আশফাক নিপুন। এবারও ওসি হারুনের গল্প লুফে নেন দর্শক।

    বিনোদন ডেস্ক

  • আমার জীবনে তুমি সবচেয়ে সেরা, কাকে লিখলেন সাদিয়া আয়মান

    বিনোদন জগতে দীর্ঘদিন ধরেই আলোচনা-সমালোচনায় আছেন ঢালিউড নির্মাতা রেদোয়ান রনি ও অভিনেত্রী সাদিয়া আয়মান। বেশ রাকঢাক করেই প্রেমসম্পর্ক চালিয়ে যাচ্ছেন তারা। গুঞ্জন যতই ডালপালা মেলুক না কেন, মুখ খুলবেন না এ জুটি। তবে এবার যেন সেই লুকোচুরি প্রেমের সম্পর্কে সিলমোহর দিলেন দুজনেই। যদিও এখনো শুধু ইশারাতেই সীমাবদ্ধ রয়েছে তাদের এ খুনসুটি।

    গত ২০ অক্টোবর ছিল ঢালিউড পরিচালক রেদোয়ান রনির জন্মদিন। আর এদিনই নির্মাতার সঙ্গে সাদিয়ার প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো। রনির জন্মদিন উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন বিনোদন জগতের তারকারা।

    এ সময় উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিমসহ অনেকেই। তবে সবার মাঝে একটু বিশেষভাবেই নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’বলেই সম্বোধন করলেন নির্মাতা।

    ইতোমধ্যে জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন পরিচালক রেদোয়ান রনি। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন— সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা-শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।

    সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রনি আরও লিখেছেন—আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সঙ্গে কৃতজ্ঞ— আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।

    এসবের মাঝে নিজের ‘প্রিয়তমা’-কে ধন্যবাদ জানাতে ভোলেননি এ পরিচালক। তার প্রতি ভালোবাসা প্রকাশ করে নির্মাতা লিখেছেন— আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা ও প্রশংসা করার জন্য।

    রনির সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও কমেন্টস করেছেন। তবে একটি কমেন্টস বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। নির্মাতার উদ্দেশে সাদিয়া লিখেছেন—‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

    এতে ভক্তদেরও বুঝতে আর বাকি রইল না যে, প্রেমে হাবুডুবু খাচ্ছেন সাদিয়া-রনি। অনেক দিনের সেই গুঞ্জনই সত্যি। বলা যায়, নির্মাতা-অভিনেত্রীর মাঝের সমীকরণ বুঝতে খুব একটা বেগ পেতে হয়নি নেটিজেনদের।

    এদিকে বিষয়টি নিয়ে সাদিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই নারাজ তিনি। বরং প্রেমের বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন অভিনেত্রী।

    বিনোদন ডেস্ক

  • ‘মহানগর’ বানিয়ে বিপদে পড়েছিলেন আশফাক নিপুন!

    নির্মাতা আশফাক নিপুন নিজের কাজের মধ্যে সময়কে ধরে রাখার চেষ্টা করেন। তার বেশিরভাগ কাজেই সমাজের নানা অসঙ্গতি উঠে আসে। সাহসী নির্মাতা হিসেবে খ্যাতি আছে তার। ২০২১ সালে তার নির্মিত ওয়েব সিরিজ ‘মহানগর’ দারুণ জনপ্রিয়তা পায়। সিরিজের মুখ্য চরিত্র ওসি হারুনকে নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা দেখা যায়।

    সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে ‘মহানগর’ নির্মাণের পর তিক্ত অভিজ্ঞতা হয়েছিল বলে জানান আশফাক নিপুন। তিনি বলেন, ‘মহানগর ওয়েব সিরিজটি দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয় হয়েছিল। কিন্তু এটি নির্মাণের পর আমাকে বেশ সমস্যাতেও পড়তে হয়। যেই বিষয়টি নিয়ে আমি কখনো মিডিয়াতে কথা বলিনি। মহানগর সিরিজের সফলতা নিয়ে আমরা একটি পার্টি রাখি এক মাস পর। ঠিক তার পরদিন আমার কাছে একটি কল আসে। একটি প্রতিষ্ঠান থেকে। আমাকে তাদের অফিসে যেতে বলে, আমি তখন তাদের বলি আমি ঢাকায় নেই। তারপর তারা আমাকে বলে, আপনার লোকেশন তো ঢাকা দেখাচ্ছে। তখন আমি বলি কখন আসতে হবে। এটা শুনে ফোন করা ব্যক্তি রেগে কল কেটে দেয়। তারপর আরেক নম্বর থেকে আমার কাছে কল দিয়ে রাগান্বিত কণ্ঠে কথা বলে, পরে তাদের অফিসে যাই। এরপর নিয়মিতই আমাকে তাদের অফিসে যেতে হতো।’

    এই ঘটনার পর তাকে বাসার বাইরেও থাকতে হয়েছিল বলে জানান এই জনপ্রিয় নির্মাতা, ‘তারপর আমার আইনজীবী আমাকে বাসায় থাকতে নিষেধ করেন। বলেন নিজের বাসায় থাকলে ঝামেলা হতে পারে। কিছুদিন একটু লুকিয়ে থাকুন। এই পুরো বিষয়টি আমি গল্পের মাধ্যমে সবার কাছে তুলে ধরতে চাই।’

    ‘মহানগর’ নির্মাণের পর তার যে অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে সামনে কাজ করার ইচ্ছে আছে জানিয়ে আশফাক নিপুন যোগ করেন, ‘এই তিক্ত অভিজ্ঞতা নিয়ে আমার সামনে কাজ করার ইচ্ছে আছে।’

    ২০২১ সালে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায় ‘মহানগর’। সিরিজে ওসি হারুন চরিত্রে অভিনয় করেন মোশাররফ করিম। ২০২৩ সালে মুক্তি পায় সিরিজের দ্বিতীয় কিস্তি।

    বিনোদন ডেস্ক