Tag: আল্লাহ

  • হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন: শাবনূর

    পবিত্র শবে বরাত, বিশ্বভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন এবার পড়েছে একই দিনে। একই দিনে ৩টি দিবস হওয়ায় বেশ আনন্দিত ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত নায়িকা শাবনূর। এ দিবস ৩টি নিয়ে তিনি তার ভক্ত-অনুরাগীদেরও মনে করেছেন। সেই সঙ্গে সবার উদ্দেশ্যে শবে বরাত, পহেলা ফাল্গুন ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন।

    শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের পোশাক পরা তিনটি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, ‘শবে বরাত’।

    এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

    পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, ‘আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে।

    সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’ স্ট্যাটাসের শেষে শাবনূর তার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’।

    প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান।

    ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস,শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

    বিনোদন ডেস্ক

  • হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা: হিনা খান

    বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করেন দর্শকমহলে। এরপর ‘কাসৌটি জিন্দেগি কি’, ‘নাগিন ৫’র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর খাতরো কে খিলাড়ি সিজন’ ৮ ও ১৩, ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। অতিথি শিল্পী হিসেবেও একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

    কিন্তু এ অভিনেত্রী এ মুহূর্তে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত হিনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছিলেন এ অভিনেত্রী।

    বর্তমানে ক্যানসারে চিকিৎসা চলছে হিনা খানের। কিন্তু এই যন্ত্রণার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী। প্রায়ই সময়ই নিজের ক্যানসার যুদ্ধ নিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায় তাকে, যা নিয়ে বেশ চিন্তিত থাকেন হিনার ভক্ত-অনুরাগীরা। এবার অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

    সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন হিনা খান। যেখানে তিনি লিখেছেন— হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সবসময় আপনার ওপর বিশ্বাস রাখতে চাই। এমনকি দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমাকে বের করুন।

    এমন একটি পোস্ট করার পর থেকেই যেন আরও উদ্বিগ্ন হয়ে পড়েন হিনার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই ধারণা— হয়তো সাহস হারিয়ে ফেলছেন হিনা। কেউ ভাবছেন, অসুস্থতাও বেড়ে যেতে পারে অভিনেত্রীর। অন্যদিকে হিনার জন্য প্রার্থনা করতেও দেখা গেছে ভক্ত-অনুরাগীদের।

    বিনোদন ডেস্ক

  • ‘আল্লাহর কাছে শুকরিয়া আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে’

    জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের দফায় দফায় হামলায় সহস্রাধিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অনেক শিক্ষার্থী। আন্দোলনের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও গণগ্রেফতারও হয়। আন্দোলন সামাজিকমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সেই তালিকায় শোবিজ ইন্ডাস্ট্রির তারকারাও ছিলেন।

    তবে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যান। সম্প্রতি শোবিজে কাজও শুরু হয়েছে। আর বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ‘পুতুল পুতুল’ খেলা’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

    এ বিষয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাদিয়া আয়মান বলেন, আন্দোলন, বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না। পরিস্থিতি বিবেচনা করে ওই সময় কাজ করা সম্ভব হয়নি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। আশা রাখি দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।

    এদিকে শিক্ষা আন্দোলনে বেশ সরব ছিলেন হালের এই ক্রেজ অভিনেতা। কিন্তু আওয়ামী সরকার পতনের আগে আন্দোলনে সমর্থন থাকায় অনেক ধকল পোহাতে হয়েছে তাকে। এমনকি হুমকিও পেয়েছিলেন তিনি। কিন্তু এরপরও সেসব গুরুত্ব না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।

    অভিনেত্রী বলেন, ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, সেই সরকারের পতন হয়েছে। তা যদি না হতো, তাহলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। এই সময় অন্তত মানুষ তাদের চিনতে পেরেছে। এমনকি কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • আল্লাহর কাছে শুকরিয়া আ.লীগ সরকারের পতন হয়েছে: সাদিয়া আয়মান

    বিরতি শেষে শুটিংয়ে ফিরেছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি তিনি শেষ করলেন ‘পুতুল পুতুল খেলা’ নামে একটি নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। 

    কাজ শুরু প্রসঙ্গে সাদিয়া বলেন, ‘আন্দোলন, বন্যায় দেশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। পরিস্থিতি বিবেচনায় কাজ করা হয়নি। ফাহমি ভাইয়ের পরিচালনায় একটি নাটকের শুটিং শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।’ 

    ছাত্র-জনতার পক্ষে আন্দোলনে সরব থাকায় বেশ ধকল পোহাতে হয়েছে সাদিয়া আয়মানকে। হুমকি পাওয়ার ঘটনাও ঘটেছে এই অভিনেত্রীর জীবনে। তবে এসব কিছুকে গুরুত্ব না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এসেছেন। 

    আন্দোলনের সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেন, ‘সে সময়ে লেখালেখি করায় আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া যে সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই বিপদে ফেলত ওরা। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে। তাদের আসল চেহারা প্রকাশ পেয়েছে।’

    আনন্দনগর প্রতিবেদক

  • আল্লাহ আমার ডাক শুনেছে, বন্যাদুর্গতের পাশে দাঁড়াতে পেরেছি: জাহারা মিতু

    ঢালিউড অভিনেত্রী জাহরা মিতুর দেশে-বিদেশে ভ্রমণ করতে পছন্দ করেন। এখন তার ফেসবুকে দেখা যাচ্ছে বন্যাদুর্গতদের মানবিক পোস্ট। জাহারা মিতুর ফেসবুক এখন বানভাসী মানুষকে বাঁচানোর আকুতিতে ভরে উঠেছে। এরই মধ্যে বন্যাদুর্গত এলাকায় বন্ধুদের নিয়ে কয়েক ট্রাক ত্রাণ বিতরণ করেছেন বলে জানালেন জাহারা মিতু।

    বন্যার্ত এলাকায় যা দেখে এসেছেন সে প্রসঙ্গে জাহারা মিতু গণমাধ্যমকে বলেন, ‘আমরা ত্রাণ বিতরণ করছি এই খবর প্রকাশ করার দরকার নেই। পারলে সবাই আমাদের টিমকে ত্রাণের ব্যবস্থা করে দিন। দুর্গত এলাকার মানুষের অবস্থা খুবই খারাপ। এসব দৃশ্য দেশে অস্থির হয়ে যাচ্ছি। ভীষণ খারাপ লাগেছে।’

    বন্যাদুর্গত এলাকার অভিজ্ঞার জািনয়ে মিতু বলেন, ‘আমি ফেসবুকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণের কোনো লেখা শেয়ার করতাম না, যদি দুর্গতের সাহায্যের জন্য সবকিছু পেয়ে যেতাম। গণমাধ্যমে যখন দেখলাম বন্যার অবস্থা ভয়াবহ, তখন কয়েকজন বড় ভাই, বন্ধুদের ফোন দিলাম। তারা বলেছেন পাশে আছি। কিন্তু সব তোর দায়িত্ব। আমি বলেছিলাম, কোনো সমম্যা নাই। কিন্তু কাজে নেমে দেখলাম, অনেক কিছু পাচ্ছি না। তখন এক বন্ধুর পরামর্শে ফেসবুকে পোস্ট দিলাম। দেখলাম কাজগুলো সহজ হয়ে গেছে।’
    বড় ভাই ও বন্ধুদের সাহায্যে কয়েক ট্রাক ত্রাণ দিতে পেরেছেন জানিয়ে মিতু বলেন, ‘আমি কখনো চিন্তাও করতে পারিনি যে, আমার একটা ফোনে আমার কাছের বড় ভাই ও বন্ধুরা এভাবে সাহায্য পাঠাবেন। তারা না থাকলে অনেক কিছু করতে পারতাম না। তাদের কারণে বন্যাদুর্গত এলাকায় এত ত্রাণ পৌঁছে দিতে পেরেছি। আমি তো এত টাকার মালিক না। কিন্তু দেওয়ার ইচ্ছে আছে। তাই আল্লাহ আমার ডাক শুনেছেন। আমিও মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’

    বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা প্রসঙ্গে মিতু জানান, পানি কমলেও বন্যার পর নানান রোগের প্রাদুর্ভাব দেখা দেবে দুর্গত এলাকায়। এ অবস্থায় এসব এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করার কথা ভাবছেন তিনি। মিতু বলেন, ‘এর আগেও ডাক্তার বন্ধুদের নিয়ে মেডিকেল ক্যাম্প করেছি। আগামী দুই-এক সাপ্তাহ পর বন্যাদুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

    উপস্থাপক হিসেবেও পরিচিতি পেয়েছিলেন জাহারা মিতু। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতার মাধ্যমে তিনি শোবিজে কাজ শুরু করেন। ২০১৯ সালে ‘আগুন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে তার অভিষেক হয়। তার প্রথম সিনেমা ‘জয় বাংলা’ ২০২২ সালে মুক্তি পায়। এরই মধ্যে শাকিব খানের সঙ্গে ‘আগুন’ সিনেমার কাজও শেষ করেছেন তিনি।

    বিনোদন ডেস্ক

  • ‌আল্লাহ ছাড়া এই যন্ত্রণা কেউ দূর করতে পারবে না, আকুতি হিনার

    স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে অভিনেত্রী হিনা খান। অভিনয় নিয়ে ব্যস্ত ছিলেন এত দিন। অভিনেত্রীর সাজ পোশাক নিয়েও তার অনুরাগীদের আগ্রহ কম ছিল না। কিন্তু হঠাৎই বদলে গেছে তার জীবনে। ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি।

    ইতোমধ্যেই প্রথম কেমো নেওয়া হয়ে গেছে। কেমো থেরাপির ক্ষতের ছবি অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন তিনি। আর এবার প্রকাশ করলেন যন্ত্রণার কথা। যন্ত্রণা দূর করতে আল্লাহকে স্মরণ করলেন তিনি। হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আল্লাহ ছাড়া এই প্রবল যন্ত্রণা আর কেউ দূর করতে পারবেন না। আল্লাহ, দয়া করুন আমায়।’

    কেমো থেরাপি নেওয়ার পরে নিজে হাতে লম্বা চুলও কেটেছেন হিনা। কেমো থেরাপির পরে শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দুই চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।’

    হিনা সেই পোস্টে আরও লিখেছিলেন, ‘আমার মনের ভিতরটা কেমন আছে, তা আমার আশাবাদী চোখই বলে দিচ্ছে। এই সফরের শেষে যে আলো রয়েছে, তা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি আমার সুস্থতা প্রার্থনা করছি। আপনারাও সুস্থ থাকুন, এই কামনা করছি।’

    উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসাবেই সকলেই কাছে পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 

    এরপর কসৌটি জিন্দেগি কি, নাগিন ৫- এর মতো ধারাবাহিকে কাজ করেছেন। রিয়্যালিটি শো বিগ বস, ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি সিজন ৮ ও ১৩, ইন্ডিয়ান আইডলেও অংশ নিয়েছিলেন। স্পেশাল অ্যাপিয়ারেন্স বা অতিথি শিল্পী হিসাবে একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে। 

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন: শাহরুখ

    বলিউড সুপারস্টার শাহরুখ খান প্রতি বছর ঈদে ভক্তদের সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। প্রতিবারের ন্যায় এবার ঈদেও মুম্বাইয়ে তার বাড়ির বাইরে জড়ো হওয়া ভক্ত-অনুরাগীদের সঙ্গে দেখা করেন এবং ঈদ শুভেচ্ছা জানান এই সুপারস্টার।

    ঈদের দিনটিতে শাহরুখকে দেখতে তার বাড়ির সামনে লাখো জনতার ঢল নামে। তবে দিন শেষে চমকে দিয়েছেন শাহরুখ খান। নিজের মান্নাতের সামনে হাত নাড়িয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    ঈদের দিন বিকালে বরাবরের মতো হাজির হন শাহরুখ। মান্নাতের বারান্দায় পেতে রাখা ছাদে হাজির হন শ্বেত শুভ্র পাঞ্জাবি গায়ে। ততক্ষণে মান্নাতের সামনে লাখো জনতার ঢল।

    বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই এক ভিডিও পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানান বলিউডের এই মেগাস্টার। যা সারা বিশ্বের শাহরুখ ভক্তদের মন কেড়ে নিয়েছে! 

    ভিডিওর ক্যপশনে শাহরুখ লিখেছেন- ‘সবাইকে ঈদ মোবারক…। আমার দিনটিকে এত বিশেষ করে তোলার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে ভালোবাসা, সুখ ও সমৃদ্ধি দান করুন।’

    বিনোদন ডেস্ক

  • আল্লাহ আমার পরিবারের পরীক্ষা নিচ্ছে: তিশা

    নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এবার হাসপাতালে ভর্তি হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ও ফারুকীর মেয়ে। তিশা সামাজিকমাধ্যমে প্রকাশ করলেন সন্তানের ক্যানুলা করা হাতের ছবি। সেইসঙ্গে লিখলেন, তার পরিবারের পরীক্ষা চলছে।

    নিজের ফেসবুকে কন্যা ইলহামের হাতের ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে তুলতুলে হাতটিতে নির্মমভাবে জায়গা করে নিয়েছে ক্যানুলা। এতে স্পষ্ট একরত্তি অসুস্থ। ছবির ক্যাপশনে তিশা লিখেছেন- আল্লাহ মানুষের অনেক ভাবেই পরীক্ষা নেয়। আমার পরিবারের ও পরীক্ষা চলছে। সবাই ইলহামের জন্য দোয়া করবেন প্লিজ।

    গত ২২ জানুয়ারি অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়েছিল নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। ব্রেন স্ট্রোক হয়েছিল তার। বেশ কয়েকদিন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

    মোস্তফা সরয়ার ফারুকীর সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি। এতে ইলহামকেও দেখা গেছে। আরও অভিনয় করেছেন মোস্তফা সররয়ার ফারুকী, তিশা, ইরেশ যাকের, ডিপজল, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর প্রমুখ।

    বিনোদন ডেস্ক

  • ‘যারা অন্যের হক নষ্ট করে, তারা আর যাই হোক আল্লাহকে পাবে না’

    ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের চেয়ে রাজনীতি নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী। পারিবারিক ছবি ও নিজের অনুভূতি ব্যক্ত করে প্রায়ই কোনো না কোনো পোস্ট দেন। এ ছাড়া মাঝে মধ্যেই রাজনীতি সংক্রান্ত পোস্ট দেখা যায় তার ফেসবুক ওয়ালে।

    এ ছাড়া ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিজের নানান কথা। এবার ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ ঝারলেন মাহি। শুধু ক্ষোভই নয়, নাম উল্লেখ না করে দুই ব্যক্তিকে অভিশাপও দিয়েছেন তিনি।

    ফেসবুকে এক পোস্টে মাহি লেখেন, ‘আমি কোনো দিন কাউকে সজ্ঞানে অভিশাপ দিইনি। সবসময় আমার শত্রুদের জন্য আল্লাহর কাছে হেদায়েত চেয়েছি। বিনিময়ে শত্রুদের খুব করুণ পরিণতিও দেখেছি আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাবৎ দুনিয়াতে দুইটা প্রাণী আছে— যারা দেখতে অবিকল মানুষের মতোই। তাদের জন্য আমার অন্তর ভরা অভিশাপ।

    তিনি লেখেন, ‘এই ছোট্ট জীবনে আমার কোনো একটা ভালো কাজ আল্লাহ যদি কবুল করে থাকেন, তা হলে সেই ভালো কাজের বিনিময়ে সৃষ্টিকর্তার কাছে মৃত্যু পর্যন্ত শেষ সিজদাতে গিয়েও আমি ওই দুজনের কঠিন পরিণতি দেখতে চাইব।’

    আরও পড়ুন:

    মাহি আরও লেখেন, ‘আমি জানি ইনশাআল্লাহ আল্লাহ আমাকে খালি হাতে ফেরত দেবে না। যারা অন্যের হক নষ্ট করে জায়নামাজে আল্লাহকে খোঁজে, তারা আর যাই হোক আল্লাহকে পাবে না। লেখাটা টাইমলাইনে রেখে দিলাম। যেদিন তাদের কঠিন পরিণতি দেখব, সেদিন লেখাটা আবার শেয়ার করব।’

    প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহি। এ বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন এই দম্পতি। সন্তানের নাম রাখেন মো. মোসাইব আরোশ শামসুদ্দিন ফারিশ সরকার।

    বিনোদন ডেস্ক

  • ফারুকের মৃত্যুতে যা বললেন আলমগীর

    চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ভেঙে পড়েছেন নায়ক আলমগীর। তার মৃত্যুর সংবাদ পেয়ে কষ্ট হচ্ছে বলে জানান আলমগীর।

    চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় তার মৃত্যু হয়। 

    এখন স্মৃতিচারণা করার মতো মন-মানসিকতা নেই। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর গণমাধ্যমে এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা আলমগীর।

    আলমগীর বলেন, চলচ্চিত্রে নায়ক ফারুক এবং নায়ক আলমগীর হওয়ার পর আমরা পরিচিত হইনি। তার আগে থেকে আমরা পরিচিত। ১৯৬৪ সাল থেকে আমরা বন্ধু, আমরা ভাই। সে ৭০–এ নায়ক হয়েছে, আমি ৭২–এ। আমাদের ইতিহাসটা অনেক লম্বা। অনেক কথা আছে, পরে বলব। 

    তিনি বলেন, ফারুক নেই কথাটা ভাবতে কষ্ট হচ্ছে তার, কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আবার অসুস্থ অবস্থায় গত দুই বছর কষ্ট পাচ্ছিলেন ফারুক।

    তিনি আরও বলেন, ‘সিঙ্গাপুরে চিকিৎসা চলাকালীন ভাবির সঙ্গে আমার প্রায়ই কথা হতো। ফারুক অনেক কষ্ট পাচ্ছিল। সে তার কষ্ট থেকে মুক্তি পেয়েছে। আল্লাহ ফারুকের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করুক। ওর আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

    সেইসঙ্গে তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেন, যে যেভাবে পারেন সেভাবে যেন চিত্রনায়ক ফারুকের জন্য দোয়া করেন।

    দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা ফারুক। সবশেষ ২০২১ সালের মার্চ মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় রক্তে সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে। সেখানে তার চিকিৎসা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসা ব্যর্থ হয়। সোমবার সিঙ্গাপুরে স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

    বিনোদন ডেস্ক