Tag: আবদার

  • ভক্তদের যেসব আবদার পূরণ করলেন সাদিয়া আয়মান

    সাম্প্রতিক কয়েক বছরে বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। রোমান্টিক ও ভদ্র চরিত্রগুলোতেই তাকে বেশি দেখা যায়। 

    সামাজিক যোগাযোগের মাধ্যমে সোমবার ভক্তদের সঙ্গে ‘আস্ক অর টেল’ নামে এক ভিন্ন খেলায় মেতেছেন সাদিয়া। নেটিজেনরা অনেক মজাও পেয়েছেন। 

    এই খেলার মাধ্যমে নেটিজেনরা সাদিয়াকে যেকোনো কিছু নিয়ে প্রশ্ন করেন। তার উত্তরও দেন অভিনেত্রী। শুধু তাই নয়, সাদিয়ার উদ্দেশে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন অভিনেত্রী। সেগুলো নিজের ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন তিনি।

    সাদিয়ার উদ্দেশে এক ভক্ত লেখেন- ‘আপনার ওয়ালপেপারটি দেখান’। উত্তরে নিজের ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি।

    এক ভক্ত তাকে জিজ্ঞাসা করেন, ‘থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা’, উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লেখেন- ‘আই লাভ ফুকেট অ্যান্ড ভাইবস দেয়ার’।

    এক ভক্তের আবদার, ‘আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন’। তিনি তাই করলেন। ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে।

    ভক্তদের একজন অভিনেত্রীর লেখা একটি কবিতা পড়তে চেয়েছেন। নিজের লেখা চার লাইনের কবিতাটি তুলে ধরেন তিনি। 

    এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, মিডিয়াতে আসাটা তার স্বপ্ন ছিল কিনা। উত্তরে সাদিয়া এক শব্দে লেখেন, ‘নেভার’।

    ভক্তদের কেউ কেউ আবার রূপচর্চার পরামর্শও চেয়েছেন অভিনেত্রীর কাছে। তাদের হতাশ করেননি সাদিয়া। আরেক ভক্তের আবদারে গানও শুনিয়েছেন।

    এক ভক্ত সাদিয়াকে প্রশ্ন করেন, ‘আব্বু-আম্মুর মধ্যে কে বেশি আপনাকে ভালোবাসে, বা আদর করে’- উত্তরে সাদিয়া আয়মান লিখেছেন, ‘দুজনেই, তবে আব্বু আমার প্রতি একটু বেশিই উইক’।

    বিনোদন ডেস্ক

  • মৃত মায়ের কাছে যে আবদার পূজা চেরির

    চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায়ের মৃত্যু হয়েছে রোববার। মায়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তিনি। মাকে হারিয়ে এখন স্বাভাবিকভাবেই শোকাহত এই অভিনেত্রী।

    এমন আপন মানুষের মৃত্যুর পরও তার কাছে আবদার রাখতে ভুলেননি নাছোড়বান্দা মেয়ে পূজা। মরদেহ দাহের একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এমনটিই জানান এ অভিনেত্রী।

    রোববার মাঝ রাতে ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনে পূজা লেখেন— ‘শেষ…। যেখানেই থাকো, ভালো থেকো মা আমার। একটা আবদার তোমার কাছে, চলে গেছো বলে ভুলে যাবে, তা কিন্তু হবে না। প্রতিদিন আমার খোঁজ নিতে হবে।’

    ‘হয়তো মেসেঞ্জারে প্রতিদিন কল দিয়ে জিজ্ঞাস করবে না, ‘পূজা আসতে কি দেরি হবে?’ আমার পাশে এসে বসো, তাতেই আমি বুঝে নেব। আর আরেকটা কথা শোনো— ওইখানে কিন্তু বেশি মিষ্টি খাবে না। সুগার বেড়ে যাবে। আচ্ছা তা হলে থাকো মামুনি।’

    এর আগে রোববার বেলা ১১টায় রাজধানীর নিজ বাসায় মৃত্যু হয় পূজার মায়ের। এর পর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি খুলনার গাজিরহাট গ্রামের স্থানীয় শ্মশানে। সেখানে সৎকার করা হয় মরদেহের।

    প্রসঙ্গত, ঝর্ণা রায়ের মৃত্যুর কারণ হিসেবে জানা যায় তিনি ডায়াবেটিস রোগী ছিলেন। ডায়াবেটিসসহ দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় প্রায় দুই সপ্তাহ আগে অসুস্থ হলে তাকে বাসার পাশে মিরপুর ডেল্টা কেয়ারে ভর্তি করানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আইসিইউতে নেওয়া হয়।

    সাত দিনের মতো আইসিইউতে থাকার পর কিছুটা সুস্থ হলে চার-পাঁচ দিন কেবিনে রাখা হয়। তার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এর পর তিন-চার দিন আগে বাসায় ফেরেন ঝর্ণা রায়। এ অবস্থায় রোববার বেলা ১১টায় হঠাৎ করেই সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান তিনি।
     

    যুগান্তর ডেস্ক

  • ক্যান্সার আক্রান্ত বৃদ্ধার আবদার রাখলেন শাহরুখ

    মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ষাটোর্ধ্ব বৃদ্ধার আবদার রাখলেন বলিউড সুপার স্টার শাহরুখ খান। 

    ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার খড়দহের বাসিন্দা শিবানী চক্রবর্তীর ইচ্ছা ছিল শাহরুখ খানকে নিজের হাতে মাছের ঝোলভাত রান্না করে খাওয়াবেন। 

    সেই ইচ্ছার কথা সোশ্যাল মিডিয়ায় লেখেন তার মেয়ে প্রিয়া। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। সেই খবর পৌঁছায় বলিউড সুপার স্টার শাহরুখ খানের কানেও। 

    শাহরুখ সশরীরে না হলেও ভার্চুয়ালি দেখা দিলেন ভক্ত শিবানী দেবীকে। খড়দহে ভিডিও কলে কথা বললেন প্রবীণ ভক্তের সঙ্গে। প্রায় ৪০ মিনিট কথা বললেন মা-মেয়ের সঙ্গে। পাশে থাকার আশ্বাসও দিলেন। জানালেন শীঘ্রই কলকাতায় আসবেন, আর দেখা করবেন শিবানী দেবীর সঙ্গে।

    ২০০০ সাল থেকে শাহরুখের ভক্ত শিবানী দেবী। ঘরের সর্বত্র রয়েছে কিং খানের ছবি লাগানো। দুরারোগ্য ব্যাধি নিয়েও সিনেমা হলে পাঠান দেখতে গিয়েছিলেন। এমনই ভক্ত তিনি। 

    জীবনের শেষ সময়ে প্রিয় তারকাকে একবার দেখার ইচ্ছা জেগেছিল মনে। মেয়ে প্রিয়ার পোস্ট শাহরুখ খানের ফ্যান ক্লাব ভাইরাল করে দেয়। তারপর তা জানতে পারেন শাহরুখ।

    শিবানী দেবীর হাতের রান্না করা মাছের ঝোল আর ভাত খেতে চেয়েছেন শাহরুখ। এমনকি মেয়ে প্রিয়ার বিয়েতেও হাজির থাকার কথা বলেছেন তিনি।

    প্রিয় তারকার কথা শুনে চোখের জল বাঁধ মানেনি শিবানী দেবীর। শাহরুখের সঙ্গে কথা বলে আনন্দে উচ্ছ্বসিত শিবানী এবং তার মেয়ে প্রিয়া।

    বিনোদন ডেস্ক