Tag: অভাব

  • সালমান শাহর অভাব অনুভব করছেন দীঘি

    ১৯৯৬ সালে ২৪ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেন নায়ক সালমান শাহ। তার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ। সালমান শাহর মৃত্যু এখনো রহস্যে ঘেরা। তিনি আত্মহত্যা করেছিলেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে খুব অল্প সময়েই সালমান শাহ যে মানের কাজ করেছেন, তাতে এখনো তরুণ প্রজন্মের নায়ক-নায়িকাদের আদর্শ হয়ে আছেন তিনি।

    সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সালমান শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘সালমান শাহ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক অনন্য রত্ন, যিনি তার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন। তার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য ছিল একেকটি জীবন্ত অনুভূতি, যা আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের অভিজ্ঞতা ভাগাভাগি করেছিল’।

    সালমান শাহর অভাব অনুভব করছেন জানিয়ে দীঘি যোগ করেন, ‘যতই দিন গড়াচ্ছে, আপনার উপস্থিতি এবং প্রতিভার অভাব ততই অনুভব হচ্ছে। আপনার স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে এবং আপনার শূন্যতা কখনো পূরণ হবার নয়। সালমান শাহ আমাদের অশ্রুসিক্ত চোখে ও হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আজও অমলিন’।

    প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে দেশের চলচ্চিত্র জগতে আবির্ভাব হয় দীঘির। অনেক চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করা দীঘি এখন বড় পর্দা এবং ওটিটিতে দাপিয়ে বেড়াচ্ছেন।

    বিনোদন ডেস্ক

  • ‘দেশে শিল্পীর এতই অভাব যে মঞ্চে গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়’

    ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। মাঝে মাঝে ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও ব্যবসার বিষয়ে নানা কথা বলে থাকেন তিনি। পাশাপাশি ইন্ডাস্ট্রির সমসাময়িক বিষয়েও কথা বলতে দেখা যায় এ নায়ককে।

    সম্প্রতি এ নায়ক ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে প্রশ্ন রাখেন— দেশে কী শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়? 

    রোববার রাত ১২টায় ফেসবুকে ওমর সানী লেখেন— ‘আমাদের দেশে শিল্পীর এতই অভাব যে, মঞ্চে দুই-একজন গরু-ছাগলের পারফরম্যান্স দেখতে হয়।’

    এর পর তিনি লেখেন, ‘দালালি-চামচামি এগুলো করলেই পারফরম্যান্স করা যায়। আর শিল্পী সবাই হতে পারে না রে, সবাই হলে তো হয়েছিল। যারা সিলেকশনে আছেন, তারাই চায় না বাংলা চলচ্চিত্র দর্শক দেখুক।’

    এর পরই এ অভিনেতা নায়করাজ রাজ্জাকের প্রসঙ্গ টানেন। বলেন, ‘যাক, নায়করাজ রাজ্জাক (আঙ্কেল) বেঁচে নাই, তা হলে আমাদেরকে থাপড়াতেন।’

    এদিকে ওমর সানীর এই মন্তব্যকে অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে গেলেন নিরব— এ ঘটনার প্রসঙ্গ টেনে আলোচনা-সমালোচনা করছেন নেটিজেনরা। তাদের মতে, তবে কি নাম উল্লেখ না করে অপু ও নিরবকে ইঙ্গিত করলেন এ নায়ক?

    আবার ওমর সানীর ওই পোস্টে মন্তব্যের ঘরে কেউ বলছেন, সিনিয়র একজন শিল্পীর (ওমর সানী) থেকে এমন মন্তব্য আশা করা যায় না। আবার কেউ বলছেন, সাহসী উচ্চারণ। ভালোই বলেছেন।

    প্রসঙ্গত, স্টেজে পারফরম্যান্সের সময় চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে পড়ে যান নায়ক নিরব। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

    গত ১১ মার্চ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষ্যে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এ ঘটনা ঘটে। এ বিষয়ে অভিনেতা নিরব স্টেজের সমস্যা জানিয়ে বলেছিলেন, এটা কেবলই একটা দুর্ঘটনা।

    বিনোদন ডেস্ক