Tag: অনুমতি

  • কেন আমার অনুমতি ছাড়া এ রকম ভিডিও করা হলো: সাদিয়া আয়মান

    বর্তমান সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হয়েছেন। তার অনুমতি না নিয়েই এক সাংবাদিক গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন। 

    এ ভাইরাল ভিডিওটি অভিনেত্রীকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে সেই সাংবাদিকের নাম প্রকাশ করে তার শাস্তির দাবি জানিয়েছেন অভিনেত্রী। 

    শুরুতেই দেশের একটি জাতীয় দৈনিকের নাম উল্লেখ করে সাদিয়া আয়মান লিখেছেন, আমাদের প্রত্যেক শিল্পীর জন্য এই সংবাদপত্রটি বিশ্বাসের জায়গা এবং ভরসার জায়গা। প্রতিষ্ঠানটির ভবনে আমরা সবাই সেফ ফিল করি। সেখানেই একটি ইন্টারভিউতে গিয়ে আজ আমি সোশ্যাল মিডিয়ায় ট্রল ও বুলিংয়ের শিকার হচ্ছি।

    এ ঘটনা উল্লেখ করে অভিনেত্রী আর লিখেছেন, ওই সংবাদপত্রের একজন কর্মী আমার ইন্টারভিউ দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করেছে। যখন আমি মাইক্রোফোন ঠিক করছিলাম। ইন্টারভিউতে রেকর্ড করা প্রফেশনাল ভিডিওর বাইরে একজন শিল্পীর অনুমতি ছাড়া গোপন ভিডিও ‘স্বজ্ঞানে’ এডিট করে তার নিজস্ব ফেসবুক পেজে আপলোড করেছে। 

    একদিন পর সেই ভিডিওটি তার নজরে আসে। এ বিষয়ে সাদিয়া আয়মান বলেন, আমি ভিডিওটি একদিন পরে দেখতে পাই। তারপর তাকে জিজ্ঞেস করি— কেন আমার অনুমতি ছাড়া এ রকম ভিডিও করা হলো, আর সেটি প্রকাশ করা হলো? জবাবে সে নানা অজুহাত দেখায়। এরপর আমি যখন বলি, অফিসিয়ালি পদক্ষেপ নেব, তখন সে ভিডিওটি ডিলিট করে দেয়। 

    ভিডিওটি ডিলিট করার পরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ততক্ষণে ভিডিওটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। নানা বাজে ক্যাপশনে বিভিন্ন পেজ থেকে এডিট করে ভিডিওটি প্রচার করা হচ্ছে। 

    এ ঘটনায় নিজের যে ক্ষতি হয়েছে তার দায়ভার কে নেবে— এমন প্রশ্ন রেখে সাদিয়া বলেন, কাজ করার সময় গোপনে ধারণ করা ভিডিও আপলোড করায় সোশ্যাল মিডিয়ায় আমাকে যে হয়রানির স্বীকার হতে হচ্ছে, যে ক্ষতি হয়েছে, আমার যে মানহানি হয়েছে এর দ্বায়ভার কে নেবে? 

    এর পর সেই প্রতিষ্ঠানের কাছে বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী বলেন, ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদের কর্মীর কারণেই ক্ষতির শিকার হচ্ছি, আমি চাই আপনারা এর সুষ্ঠু বিচার করুন। 

    সবশেষ সাংবাদিকদের উদ্দেশে এ অভিনেত্রী লিখেছেন, সব সাংবাদিক ভাইদের অনুরোধ করব— অন্যায়ের প্রতিবাদে আপনারাও সোচ্চার হন। আপনারাই তো একজন শিল্পীর সম্মান ও তার কাজকে প্রমোট করেন। অনুরোধ রইল– এ বিষয়ে আমাকে কারও ফোন করার প্রয়োজন নেই। এখন পর্যন্ত এটাই আমার অফিসিয়াল স্টেটমেন্ট। পরে কোনো আপডেট জানানোর প্রয়োজন হলে আমার পেজেই জানাব। আমি শিল্পী, আমি শিল্পকর্ম নিয়েই ব্যস্ত থাকতে চাই। ধন্যবাদ, আমার সব দর্শককে, যারা অন্যায়ের প্রতিবাদে সবসময় পাশে থেকেছেন।

    এ ঘটনার কিছুক্ষণ পরই আরও একটি স্ট্যাটাসে সাদিয়া আয়মান নিশ্চিত করেন, সেই সাংবাদিককে প্রতিষ্ঠানের সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    বিনোদন ডেস্ক

  • অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন জ্যাকলিন

    বিদেশ যাওয়ার অনুমতি পেলেন ২১৫ কোটি টাকার অর্থ আত্মসাতের মামলায় অভিযুক্ত জ্যাকলিন ফার্নান্দেজ। আপাতত ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে বাইরে আছেন তিনি। তবে নিয়মমাফিক আদালতে হাজিরা দিতে হচ্ছে অভিনেত্রীকে। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাকে ২৫ মে থেকে ১২ জুন পর্যন্ত বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন।

    সুকেশ চন্দ্রশেখর সম্পর্কিত আর্থিক দুর্নীতির মামলায় গত কয়েক মাস ধরে আলোচনায় জ্যাকলিন। কনম্যান সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নিয়েও কম বিতর্কে জড়াননি তিনি। জেল থেকে এখনো জ্যাকলিনকে লাভ লেটার লিখে চলেছেন সুকেশ। 

    মঙ্গলবার বিচারক শৈলেন্দ্র মালিক অভিনেত্রীকে আইফা অ্যাওয়ার্ডে যোগ দিতে আবুধাবি যাওয়ার অনুমতি দেন। ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহিতে থাকবেন জ্যাকলিন।

    এরপর সেখান থেকে সোজা ইতালির মিলানে যাবেন জ্যাকলিন। ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত শুটিংয়ের কাজে মিলানে থাকতে হবে অভিনেত্রীকে। তার আবেদন মঞ্জুর করেছেন কোর্ট।

    গত বছর আগস্ট মাসে ২১৫ কোটির মানি লন্ডারিং মামলায় দিল্লি হাইকোর্টে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অতিরিক্ত চার্জশিটে ইডি স্পষ্ট জানিয়েছে জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের থেকে লাভবান হয়েছেন জ্যাকলিন। সুকেশের তোলাবাজির প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিনেত্রী। যার মধ্যে ৭ কোটি টাকারও বেশি সম্পত্তি ইতোমধ্যেই বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। জ্যাকলিনের পরিবারও সুকেশের থেকে আর্থিক সুবিধে নিয়েছে, সুকেশ যে আদতে তেলবাজ তা ভালোভাবেই জানতেন নায়িকা, দাবি ইডির।

    আদালতের নির্দেশে জ্যাকলিনের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে আদালতের অনুমতি নিয়ে মার্চ মাসে লস অ্যাঞ্জেলসের একটি ফিল্ম ফেস্টিভ্যালে (Los Angeles Italia) যোগ দেন অভিনেত্রী। লস অ্যাঞ্জেলস ইতালিয়াতে ‘টেল ইট লাইক উওম্যান’ ছবির জন্য পুরস্কৃতও হন এই শ্রীলঙ্কান সুন্দরী।

    দিল্লি পুলিশের ইকোনমিক উইংসের তরফে করা এফআইআরের ভিত্তিতে সুকেশ চন্দ্রশেখর মামলার তদন্ত শুরু করে ইডি। সরকারি আধিকারিক সেজে একাধিক ব্যক্তির থেকে টাকা হাতিয়েছেন সুকেশ চন্দ্রশেখর। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এ মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুকেশ এবং তার স্ত্রী লীনা মারিয়া পল। তারপর থেকেই জেলবন্দি সুকেশ।

    গ্রেফতারির পর সুকেশের সঙ্গে জ্যাকলিন ফার্নান্দেজের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে আসে। তদন্তকারীদের সুকেশ জানায়, অভিনেত্রীকে ৫.৭১ কোটি টাকার উপহার দিয়েছে সুকেশ চন্দ্রশেখর। অভিনেত্রীর পরিবারের লোকজনকেও কোটি কোটি টাকা দিয়েছে সে। 

    জ্যাকলিনের সঙ্গে সম্পর্কে থাকবার কথা নিজের মুখেই ইডির আধিকারিকদের জানিয়েছে সুকেশ। ইডির কাছে জবানবন্দিতে জ্যাকলিন দাবি জানিয়েছেন ২০১৭ সালে তার সঙ্গে আলাপ হয় সুকেশের। তবে সুকেশ গ্রেফতার হলে তিনি আর কোনো যোগাযোগ রাখেননি অভিযুক্ত কনম্যানের সঙ্গে।

    বিনোদন ডেস্ক