Home / Entertainment / স্বামীর মৃত্যু সংবাদ শুনে রাহুলের মায়ের কাছে ছুটলেন প্রিয়াংকা

স্বামীর মৃত্যু সংবাদ শুনে রাহুলের মায়ের কাছে ছুটলেন প্রিয়াংকা

মাত্র ৪৩ বছর বয়সে টালিউড অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় মুখোপাধ্যায় মারা গেছেন। ছোটপর্দা থেকে বড়পর্দা— সর্বত্রই ছিল তার সাফল্য। রোববার পশ্চিমবঙ্গ-ওড়িশা সীমান্তে তালসারি সমুদ্রসৈকতে শুটিং ছিল এ অভিনেতার। পানিতে ডুবে মৃত্যু হয় অভিনেতার। 

তবে শুটিং চলাকালীন, নাকি শুটিং শেষে একা তিনি সমুদ্রে নেমেছিলেন, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ইতোমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। 

দিঘায় শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় রাহুলের। খবর পেয়েই শাশুড়িমায়ের কাছে ছুটলেন অভিনেতার স্ত্রী প্রিয়াংকা সরকার। কীভাবে সামলাচ্ছেন সবটা?

রোববার সন্ধ্যায় যখন রাহুলের মৃত্যুসংবাদ পৌঁছায় কলকাতায়, তখন অভিনেত্রী ‘তারকাটা’ সিনেমার পোস্টার শুট করার জন্য ‘লুকসেট’-এ ছিলেন। স্বামীর মৃত্যু সংবাদ সেখানে পান তিনি। সব কাজ ছেড়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন নায়িকা। খবরের আকস্মিকতায় আর কিছুই গুছিয়ে উঠতে পারছিলেন না তিনি। এ সময় প্রিয়াংকা সরকার দিঘায় না গিয়ে শাশুড়িমায়ের কাছে পাটুলির বাড়িতে গেলেন।

রাহুল-প্রিয়াংকার সম্পর্কের শুরু একটি সিনেমার সেটেই। ২০১০ সালে বিয়ে করেন তারা। ২০১৩ সালে পুত্রসন্তানের জন্ম দেন অভিনেত্রী। 

রাহুল-প্রিয়াংকার ছেলের নাম সহজ। বাবা রাহুলের সঙ্গে সম্প্রতি তারই পডকাস্টে দেখা গিয়েছিল সহজকে। ছেলে সহজকে খবরটা কীভাবে দেবেন, তাকে কীভাবে সামলাবেন, সেটাই তার কাছে সবচেয়ে কঠিন কাজ হয়ে যায় বলে ঘনিষ্ঠ সূত্রের খবর। 

ফলে স্বামীকে যেখানে রাখা আছে, দিঘার সেই হাসপাতালে যাবেন নাকি ছেলেকে নিয়ে গলফগ্রিনের বাড়িতেই থাকবেন, সেটি ঠিক করতেই বেশ সময় নেন প্রিয়াংকা সরকার।

রাহুলের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে আসেন প্রিয়াংকা। সেখানেই রয়েছে সহজ। ছেলেকে বুঝিয়ে সবটা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী। তবে তিনি সহজকে রেখে দিঘা যাবেন কিনা, সেই সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেননি। রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন প্রিয়াংকা সরকার। সেখানে তিনি লিখেছেন, আমাদের জন্য এটা খুবই দুঃখের সময়। এই শোকের সময়ে আমাদের একটু একা ছেড়ে দিন। আমরা ওর কাছের মানুষেরা চেষ্টা করছি এ পরিস্থিতি সামাল দেওয়ার। এ মুহূর্তে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

এদিকে রাহুলের মৃত্যুসংবাদ পেয়ে ইতোমধ্যে প্রিয়াংকার কাছে পৌঁছান প্রযোজক নীলাঞ্জনা শর্মা। তাদের দীর্ঘদিনের আলাপ ও বন্ধুত্ব। একসময়ে রাহুলকে নিয়মিত ভাইফোঁটা দিতেন নীলাঞ্জনা। ফলে এই দুর্দিনেও তিনি আগলে রাখলেন ভাইয়ের স্ত্রী প্রিয়াংকাকে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *