Home / Entertainment / শরীরে সংখ্যা লিখে কেন ছবি প্রকাশ করছেন তারকারা?

শরীরে সংখ্যা লিখে কেন ছবি প্রকাশ করছেন তারকারা?

বিনোদন জগতের তারকারা এক অভিনব পন্থা অবলম্বন করছেন। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায়, অনেকেই অদ্ভুত সব কর্মকাণ্ড করছেন। তাদের পোস্টকৃত ছবিতে দেখা যায় বিভিন্ন সংখ্যা। হাত, গাল ও শরীরের বিভিন্ন অংশে কেউ লিখেছেন— ‘৯’, কারও ‘২৪’, কেউবা লিখছেন ‘১০০০’ কিংবা ‘৯৯+’। এই সংখ্যাগুলোর মানে কী, তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অনেক নেটিজেন ভেবেছিলেন, এটি হয়তো নতুন কোনো প্রজেক্ট বা কোনো নির্মাণের প্রচার। কিন্তু না, এই সংখ্যার নেপথ্যে লুকিয়ে আছে তাদের এক নির্মম বাস্তবতা, যার প্রতিবাদেই একত্রিত হয়েছেন এসব তারকা।

প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে এ চিহ্ন। ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে ‘মাই নাম্বার, মাই রুলস’ নামে নতুন এক আন্দোলনে একযোগে যুক্ত হয়েছেন অভিনেত্রী, মডেল, সংগীতশিল্পীসহ দেশীয় বিনোদন অঙ্গনের অসংখ্য পরিচিত মুখ। প্রতিদিন অনলাইনে তারা কতবার হয়রানির মুখে পড়েন, সেই সংখ্যাই প্রকাশ করছেন নিজেদের ছবির মাধ্যমে।

এ নীরব প্রতিবাদ আন্দোলনে প্রথম আওয়াজ তোলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যায়, তার গালে বড় করে লেখা ‘৯’। ক্যাপশনে তিনি লিখেছেন—প্রতিদিন কমপক্ষে ৯টি সাইবার হয়রানির শিকার হন তিনি। নিজের কণ্ঠস্বরকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে অভিনেত্রী আরও লিখেছেন—মানুষ হয়তো কেবল একটি সংখ্যা দেখছে, কিন্তু এর পেছনে রয়েছে আমার প্রতিদিনের সংগ্রাম, ভয়, অপমান এবং সেই সবকিছু কাটিয়ে ওঠার গল্প।

এরপর সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেত্রী রুনা খানকে। তিনি প্রকাশ করেন ‘২৪’;  অভিনেত্রী শবনম ফারিয়া ‘১০০০’; প্রার্থনা ফারদিন দীঘি ‘৩’; মৌসুমী হামিদ ‘৭২’; সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল ‘৯’ ও আশনা হাবিব ভাবনা পোস্ট করেন  ‘৯৯+’। সংখ্যাগুলো ভয়াবহ হলেও বাস্তবতারই প্রতিচ্ছবি— যেন ছবিই কথা বলে। 

আন্তর্জাতিকভাবেও চলমান ডিজিটাল সহিংসতাবিরোধী প্রচারের অংশ হিসেবে এই ‘মাই নাম্বার, মাই রুলস’ আন্দোলন বাংলাদেশে ১৬ দিনব্যাপী চলবে। তারকারা চাইছেন, নিজেদের অভিজ্ঞতা সংখ্যা দিয়ে প্রকাশ করে আরও বড় করে তুলতে সমাজের ভেতরকার সমস্যাকে। সবার উদ্দেশে আহ্বান একটাই— চুপ না থেকে সংখ্যাই হোক প্রতিবাদের ভাষা।

নারীরা প্রতিদিন অনলাইনে কী ভয়াবহ অপমান, কটূক্তি আর মানসিক নির্যাতনের মধ্যে থাকেন, সেটিই সামনে আনছেন তারা। অভিনেত্রী রুনা খান তার হাতের তালুতে লিখেছেন— ‘২৪’। সামাজিক মাধ্যমে হয়রানি প্রসঙ্গে তিনি বলেন, ‘তারকা তো বটেই, সাধারণ নারীও প্রতিদিন সামাজিক মাধ্যমে অগণিত হয়রানির শিকার হন। গত ১০ বছরে সামাজিক মাধ্যমে মানুষের হাতে যত দ্রুত পৌঁছেছে, তার ব্যবহারবিধি শেখেনি অনেকেই।

আশনা হাবিব ভাবনা তার গালে লিখেছেন ‘৯৯+’। ক্যাপশনে নারীদের উৎসাহিত করতে তিনি লিখেছেন, ‘তোমার নম্বরের গল্প বলো, আরও জোরে আওয়াজ তোলো’। ভাবনা আরও বলেন, বিশেষ করে গত ৫ আগস্টের পর নারীদের অনলাইন পরিবেশ আরও অনিরাপদ হয়ে উঠেছে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *