
ভারতের ছোটপর্দার আলোচিত-সমালোচিত অভিনেত্রী রুপা দত্ত কেনাকাটার সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বড়বাজার নন্দরাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ অভিনেত্রী চুরির ঘটনা এবারই প্রথম নয়, এর আগেও ২০২২ সালে বইমেলা থেকে চুরির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। এ ছাড়া ২০২০ সালে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে অশ্লীল বার্তা পাঠানোর অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রুপা। তিনি সাধারণত বাংলা সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করে থাকেন। ‘জয় মা বৈষ্ণদেবী’ নামের একটি হিন্দি ধারাবাহিকেও কাজ করেছেন রুপা দত্ত।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, কলকাতার পোস্তা থানা এলাকার আদি বাঁশতলা লেনে কেনাকাটা করছিলেন অভিনেত্রী রুপা দত্ত। এ সময় এক নারীর ব্যাগ থেকে স্বর্ণ ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৫ অক্টোবর দীপা আগরওয়াল থানায় অভিযোগ করেন— কেনাকাটার সময় তার পার্স চুরি হয়েছে। পার্সে ২০০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের একটি স্বর্ণের চেইন, যাতে বৈষ্ণদেবীর একটি লকেটও ছিল। দুটি স্বর্ণের বালা ও চার হাজার টাকাও ছিল। ঘটনাটি ঘটেছে পোস্তা থানার আদি বাঁশতলা লেনে।
সেই ভুক্তভোগী নারীর অভিযোগ পাওয়ার পর অবশ্য তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপর অভিযুক্তকে শনাক্ত করার পর বৃহস্পতিবার রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী রুপা দত্তকে।
তাকে গ্রেফতারের পর তার গরচা রোডের বাড়ি থেকে চুরি যাওয়া সব স্বর্ণের অলংকার উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া মোট স্বর্ণালংকারের পরিমাণ ৬২.৯৫ গ্রাম।
বিনোদন ডেস্ক





