
তিন দশকের অভিনয়জীবনের দীর্ঘযাত্রায় প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমায় সেরা অভিনেতার সম্মান জিতে নিয়েছেন তিনি। এ অর্জনে উচ্ছ্বসিত ভক্ত-অনুরাগীরা। শুধু তাই নয়, পরিবারের সদস্যরাও আনন্দিত।
গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণের পর থেকেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভাসছেন কিং খান। তবে সবচেয়ে মর্মস্পর্শী ছিল তার সন্তানদের প্রতিক্রিয়া।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ খোলা চিঠিতে আরিয়ান খান ও সুহানা তাদের বাবাকে অভিনন্দন জানিয়েছেন। তারা খোলা চিঠিতে লিখেছেন—বাবা, তোমাকে খুব ভালোবাসি।
তারা আরও লিখেছেন— শাহরুখ সব সময়ই বলেন, তিনি কখনো রুপা জেতেননি, কেবল সোনা হারিয়েছেন; কিন্তু এ ক্ষেত্রে রুপাই আসল সোনা। এ সম্মান পেয়ে তারা অত্যন্ত আপ্লুত ও গর্বিত।
শুধু এখানেই শেষ নয়; আরিয়ান ও সুহানার মতো শাহরুখপত্নী গৌরী খানও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন। গৌরী খান লিখেছেন— কী অসাধারণ তুমি শাহরুখ! তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তি অনেক পরিশ্রমের ফল। এখন সেই পুরস্কারটি বাড়িতে রাখার জন্য একটি বিশেষ ব্যবস্থা করছি।
বিনোদন ডেস্ক





