Home / Entertainment / বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে: জয়া আহসান

বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে: জয়া আহসান

ঢালিউড অভিনেত্রী জয়া আহসান দুই বাংলাতেই সমানতালে অভিনয় করে যাচ্ছেন। যে কারণে বাংলাদেশ-ভারত— দুই দেশেই রয়েছে তার সমানসংখ্যাক ভক্ত-অনুরাগী। রোববার (৭ সেপ্টেম্বর) ওপার বাংলা কলকাতায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন অভিনেত্রী। সেখানে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন জয়া আহসান।

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, বাংলাদেশ নিয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে সিনেমা তৈরি হচ্ছে না— এমন নয়। বরং আগের মতোই ভালো কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?

জয়া আহসান বলেন, সামাজিক মাধ্যম যেহেতু মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। তাই এ বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সিনেমার নায়িকা যদি সামাজিক মাধ্যমে জনপ্রিয় হন, তাহলে সিনেমার বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনাও বাড়ে।

অভিনেত্রী বলেন, কয়েক মিনিটের ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েটররা যে অভিনয় করছেন, সেটাই হয়তো সেরা মনে হচ্ছে। কিন্তু সিনেমায় অভিনয় করতে গেলে দীর্ঘ প্রস্তুতি লাগে। সেই প্রস্তুতি না থাকলে অভিনেত্রী হওয়া সম্ভব নয় বলেও জানান জয়া আহসান।

বিনোদন দুনিয়া কি এখন অনুসরণকারীর সংখ্যানির্ভর? এমন প্রশ্নের উত্তরে জয়া আহসান বলেন, আমার অভিনয় অনুসরণকারীর ওপরে নির্ভর করে না। সেটি নির্ভর করে পরিচালকের ওপর। আর পরিচালকের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দ নির্ধারিত হয়।

তিনি বলেন, কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা উচিত নয়। তবে প্রযোজনা সংস্থা অনুসরণকারীর সংখ্যা দেখে নায়িকা বাছাই করছে—এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দেননি অভিনেত্রী। 

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *