
চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে চিত্রায়িত হলো সংগীতশিল্পী ফাহিম ফয়সালের নতুন সুফি গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’। সাঈদ চৌধুরীর গীতিকবিতায় এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। গানে দেখা যাবে শ্রীমঙ্গলের দৃষ্টিনন্দন নানান স্থান।
মিউজিক ভিডিও প্রসঙ্গে ফাহিম ফয়সাল বলেন, দীর্ঘদিন যাবৎ আমি এই গানটি নিয়ে পরিকল্পনা করছিলাম। গানটি নির্মাণের শুরু থেকেই চেয়েছি প্রাকৃতিক ও দৃষ্টিনন্দন কোন লোকেশনে এর শুটিং করবো। এরজন্য বেশকিছু লোকেশন দেখার পর সিদ্ধান্ত নিই গানটির চিত্রায়ণ করবো শ্রীমঙ্গলে। কারণ, বছরের এই সময়টায় শ্রীমঙ্গলের অসাধারণ রূপ ও চমৎকার আবহাওয়া থাকে। তাই সুন্দর একটি পরিকল্পনা করে গানটি চিত্রায়ণ করে ফেলি। আমরা শিল্পীরা নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সবসময়ই চেষ্টা করি দর্শক-শ্রোতাদেরকে নতুন ও মনোমুগ্ধকর গান উপহার দিতে। তাই এই গানের ভিজ্যুয়ালাইজেশনের ক্ষেত্রে আমি চেষ্টা করেছি দারুণ দারুণ সব লোকেশনের ল্যান্ডস্কেপ ভিউ রাখতে। আশা করি এই গানের কথা, সুর, সঙ্গীত, গায়কী এবং চিত্রায়ন শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।
এছাড়াও শ্রোতারা বাংলা, ইংরেজি ও আরবি এই ৩ ভাষার গান ‘ও আল্লাহ, ইউ আর দ্য পিস’র অডিও শুনতে ও ডাউনলোড করতে পারবেন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউনস, অ্যামাজন মিউজিক, ইউটিউব মিউজিক, ডিজারসহ আরও বেশকিছু প্ল্যাটফর্ম থেকে।
বিনোদন ডেস্ক





