Home / Entertainment / বিখ্যাত গানের স্মৃতি উসকে দিয়ে যে ইঙ্গিত দিলেন দেব

বিখ্যাত গানের স্মৃতি উসকে দিয়ে যে ইঙ্গিত দিলেন দেব

২০১২ থেকে ২০২৫— সেই লন্ডন ব্রিজ। সেই টেমস নদী। হু হু করে সময়টা কেটে গেলেও স্মৃতিতে ধুলো পড়তে দেননি টালিউডের লাভারবয় অভিনেতা দীপক অধিকারী দেব। পুরোনো জায়গায় ফিরে গিয়ে সব কিছু মনে পড়ে যায় তার। 

শনিবার (১২ জুলাই) লন্ডন ব্রিজে ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের ফাঁকে ছবি তোলার সময় অভিনেতার স্মৃতিতে ১৩ বছর আগেকার ঘটনা চলে আসে।  

২০১২ সালে মুক্তি পেয়েছিল তার সিনেমা ‘চ্যালেঞ্জ ২’। রাজা চন্দের লেখা সিনেমার জনপ্রিয় গান ‘পুলিশ চোরের প্রেমে পড়েছে’ এই লন্ডন ব্রিজেই শুট করেছিলেন পরিচালক। শুটিংয়ে ছিলেন অভিনেতা দেব ও সিনেমার নায়িকা পূজা। 

সিনেমায় দেব পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। অনুরাগীদের সঙ্গে পুরোনো স্মৃতি শেয়ার করে নেওয়ার পাশাপাশি তার আগামী সিনেমা ‘প্রজাপতি ২’-এ তার অভিনীত চরিত্রেরও কি আভাস দিলেন অভিনেতা? 

অভিজিৎ সেনের পরিচালনায় এ সিনেমায় দেব কি আবারও পুলিশ অফিসার? ছবি দেখে ইতোমধ্যে কানাঘুষা শুরু হয়েছে। কারণ এ সিনেমায় দেবের ‘লুক’ অনেক বদলে গেছে। তিনি ওজন কমিয়েছেন। তাতে আরও ধারালো দেখাচ্ছে তাকে। চোখে চশমা, বদলে গেছে হেয়ার কাট।

এ বিষয়ে ‘চ্যালেঞ্জ ২’-এর শুটিংয়ের মজার কিছু গল্প শুনিয়েছেন পরিচালক। রাজা চন্দ বলেন, তিন দিন গানের শুটিং হয়েছিল। ভীষণ মজা করেছিলাম। গান তোলাতে গিয়ে আমি আর দেব শিক্ষকের ভূমিকা নিয়েছিলাম। 

সিনেমা পরিচালনার পাশাপাশি রাজা চন্দ এই গানটিও লিখেছিলেন। গানের দৃশ্যে অনেক বিদেশি অভিনেতা ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করেছিলেন। এবার তারা বাংলা বলবেন কী করে? দেব আর রাজা মিলে তখন শিক্ষক। প্রত্যেককে ধরে ধরে গানের নির্দিষ্ট পঙক্তির উচ্চারণ শিখিয়েছিলেন। তারপর গানের দৃশ্যে ঠোঁট মিলিয়েছিলেন সবাই। রাজা আপ্লুত সেসব স্মৃতি দেব এখনো মনে রেখেছেন বলে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *