Home / Entertainment / কেন ক্যামেরা দেখলেই জয়ার মতো করেন কাজল, জবাব দিলেন অভিনেত্রী

কেন ক্যামেরা দেখলেই জয়ার মতো করেন কাজল, জবাব দিলেন অভিনেত্রী

ঠাকুর প্রণামের আগেই দল বেঁধে ছুটে এলো পাপারাজ্জিরা। কেউ বলছেন, ম্যাডাম ক্যামেরায় তাকিয়ে পোজ দিন, কারও আবার অন্য কোনো আবদার। একরাশ বিরক্তি নিয়েই চিৎকার করে উঠলেন কাজল। মুম্বাইয়ের দুর্গাপূজা মণ্ডপের সেই ছবি নজর এড়ায়নি কারও। 

অনেকেই সেই দৃশ্য দেখে কাজলকে তুলনা করেছেন জয়া বচ্চনের সঙ্গে। ‘মা’ সিনেমার প্রচারের মাঝে একটি সাক্ষাৎকারে কাজলকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি কি সত্যিই জয়া বচ্চনের মতো সবার ওপর চিৎকার করেন? এবার নানা চর্চায় নীরবতা ভাঙলেন অভিনেত্রী।

মাঝেমধ্যে যে তিনি রেগে যান, এই বিষয়টা একেবারেই অস্বীকার করেননি অভিনেত্রী। কাজল জানান, পাপারাজ্জিরা এমন ব্যবহার করতে বাধ্য করেন তাকে। তিনি আরও বলেন, কারও শেষকৃত্যে ক্যামেরা হাতে পাপারাজ্জিদের দেখলে খুব অদ্ভুত অনুভূতি হয় তার।

জয়া বচ্চনের সঙ্গে তুলনা প্রসঙ্গে কাজল ‘জ়ুম’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘যদি কেউ মনে করেন যে আমি সত্যিই খুব ভয়ঙ্কর, তা হলে ঠিকই আছে। দয়া করে ‘মা’ সিনেমাটি দেখুন। আমার মনে হয় এখন তো সবকিছুতেই ভিডিও হয়। কিছু ক্ষেত্রে তো এই বিষয় নিয়ে কিছু বলার অবস্থাও থাকে না। তাই যতক্ষণ না কেউ চিৎকার করছে ওরা থামতেই চায় না।’

কাজল আরও বলেন, ‘এটা শুধু ছবি তোলা বা ভিডিওর ব্যাপার নয়। এই ধরনের ভিডিওর মাধ্যমে মানুষের কাছে ভুল বার্তা যায়। তাই আমি পাপারাজ্জিদের ব্যাপারে একটু বেশিই সতর্ক। আমার মনে হয় এমন কয়েকটা জায়গা আছে, যেখানে তাদের যাওয়া উচিত নয়। যেমন, কারও শেষকৃত্যে অভিনেতাদের পিছনে ছুটে যাওয়া এবং ছবি তুলতে চাওয়া। এই বিষয়টাই তো খুব অদ্ভুত লাগে। আমার কাছে বিষয়টা খুব অপমানজনক।’

শুধু তাই নয়, কাজল জানিয়েছেন, অভিনেত্রীকে জুহু থেকে বান্দ্রা পর্যন্ত কয়েক কিলোমিটার পথ অনুসরণ করা হয়েছে অনেক সময়। তিনি কোথায় যাচ্ছেন এবং কোন বাড়িতে ঢুকছেন সেটা প্রতিনিয়ত জানার চেষ্টা করেছেন বলেও দাবি কাজলের।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *