
টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ক্যারিয়ারের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলেছেন একের পর এক সিনেমায় অভিনয় করে। তবে কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জীবনযাপনকে বেশ নিয়মে বেঁধে রেখেছেন তিনি। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, রাতের ঘুম যেন শান্ত হয়, সে জন্য ঘুমাতে যাওয়ার আগে একটি বিশেষ কাজ করেন তিনি। আর সেটি হচ্ছে— ফোন বন্ধ করে ঘুমানো। অভিনেত্রী বলেন, তিনি সর্বক্ষণ ফোনে সময় কাটাতে পছন্দ করেন না। যতটা সম্ভব চেষ্টা করেন ফোন থেকে দূরে থাকতে। আর ফোন কখনই রিলাক্স করার জিনিস নয়; যতই দূরে থাকা যায়, ততই ভালো।
শুধু তাই নয়, বাড়িতে থাকাকালীন সন্তানদের সময় দিতেও ফোন দূরে সরিয়ে রাখেন তিনি। শুভশ্রী বলেন, আমি চাই আমার সন্তানরা যেন ফোনে আসক্ত না হয়। তাই ওদের সামনে উদাহরণ তৈরি করতে ফোন সাইলেন্ট করে দূরে রেখে দিই।
অভিনেত্রী বলেন, এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি ফোন বন্ধ করে ফেলেন। আর সকালে ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠানোর পরই ফোনে হাত দেন। তার সকাল শুরু হয় ব্যাডমিন্টন খেলে। বেলা সাড়ে ১১টার আগে ফোন ধরেন না বলেই জানান শুভশ্রী।
অভিনেত্রী বলেন, তিনি শুধু হোয়াটসঅ্যাপ আর ইনস্টাগ্রাম ব্যবহার করেন। প্রয়োজন ছাড়া অন্য কোনো অ্যাপে সময় নষ্ট করেন না। তার পরামর্শ, প্রকৃতির সঙ্গে সময় কাটান, প্রিয়জনের সঙ্গে গল্প করুন। এতে মন ভালো থাকে।
কোনো বদভ্যাস আছে কিনা—এমন প্রশ্নের উত্তরে হেসে শুভশ্রী বলেন, আমি বাড়িতে ঢুকেই ফোন সাইলেন্ট করে দিই। এ কারণে অনেক সময় রাজ (চক্রবর্তী) বা অন্য কেউ ফোন করলে ধরতে পারি না। এটিকেই আমার বদভ্যাস বলা যায়।
উল্লেখ্য, শুভশ্রী অভিনয়ের পাশাপাশি নিয়মবদ্ধ জীবনের জন্যও প্রশংসা পাচ্ছেন । ‘পরিণীতি’, ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’, ‘বৌদি ক্যান্টিন’-এর মতো সিনেমায় অনবদ্য অভিনয়ের পর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গৃহপ্রবেশ’-এও তার পারফরম্যান্স মুগ্ধ করেছে দর্শকদের। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। ইতোমধ্যে এ সিনেমার প্রচার শুরু হয়েছে।
বিনোদন ডেস্ক





