
বগুড়ার চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক সুপিন বর্মন পেতে যাচ্ছেন ‘আন্তর্জাতিক অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’। গত বছর নেপালে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক আয়োজনের সফলতার পর আয়োজক সংগঠন এবিএম (অমল ভগত মিডিয়া) দ্বিতীয়বারের মতো আগামী ৬ জুলাই ভুটানে আয়োজন করছে দ্বিতীয় আন্তর্জাতিক অ্যাচিভার্স অ্যাওয়ার্ড-২৫।
রাজধানী থিম্পুর আইকনিক ক্লক টাওয়ার স্কোয়ারে অনুষ্ঠিতব্য এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রজক্তা শিন্ডে। আয়োজক সূত্রে জানা যায়, মফস্বল শহরে বসবাস করে চলচ্চিত্র নির্মাণের মধ্যদিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ধারাবাহিক সফলতার কারণে বিনোদন শাখায় বগুড়া তথা বাংলাদেশ থেকে নির্মাতা ও চলচ্চিত্র সংগঠক সুপিন বর্মনকে সম্মাননা জানানোর জন্য মনোনীত করা হয়েছে।
বাংলাদেশের হয়ে এই সম্মান প্রাপ্তির বিষয়ে সুপিন বর্মন বলেন, আমাকে যেহেতু একজন নির্মাতা ও সংগঠক হিসাবে এই সম্মান প্রদান করা হচ্ছে। সেহেতু আগামীতে কাজের কোনো বিকল্প নেই, আগামীতে আরও ভালো কাজ করার জন্য এই পুরস্কার আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করবে। এজন্য আমার সহযোদ্ধা, সহকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সঙ্গে আমাদের ভালোবাসার সংগঠন পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে আয়োজকবৃন্দকে অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আগামী ৬ জুলাই ভুটানে গিয়ে ওই পুরস্কারটি গ্রহণ করার ইচ্ছে আছে বলে জানান সুপিন বর্মন।
বগুড়া ব্যুরো





