Home / Entertainment / খামেনির শাসনের বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

খামেনির শাসনের বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি ফের আলোচনায়। চলমান ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে ইসরায়েলের হামলার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ইরানের শাসনব্যবস্থা নিয়েও তীব্র সমালোচনা করেছেন।  

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে কান চলচ্চিত্র উৎসবে সদ্য পুরস্কারজয়ী এই নির্মাতা বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা বিলুপ্ত করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার গঠন করা এখন সময়ের দাবি।’

তার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হয়ে উঠেছে এবং ইরান-ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করছে।

জাফর পানাহি লিখেছেন, ‘আমার কোনো সন্দেহ নেই এবং আবারও স্পষ্টভাবে বলছি, আমি আমার মাতৃভূমি ইরানের ওপর কোনো রকমের হামলার পক্ষে নই। ইসরায়েল আমাদের ভূখণ্ড লঙ্ঘন করেছে এবং তাদের আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি করা উচিত।’

তিনি আরও বলেন, ‘এই অবস্থান নেওয়ার অর্থ এটা নয় যে আমি ইসলামী প্রজাতন্ত্রের চার দশকের দুর্নীতি, নিপীড়ন, দমন-পীড়ন, অপারদর্শিতা এবং ব্যর্থতাকে উপেক্ষা করছি। এই সরকার দেশে শাসন চালানোর মতো ক্ষমতা, ইচ্ছা কিংবা বৈধতা- কোনোটিই রাখে না। এই শাসনের অধীনে থাকা মানেই পতনের ধারাবাহিকতা এবং নিপীড়নের অব্যাহত উপস্থিতি।’

পানাহি দাবি করেন, এই যুদ্ধে উভয় পক্ষের সাধারণ মানুষ মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বসবাসযোগ্য অবকাঠামো। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি দুই দেশের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তার ভাষ্য, ‘ইরানের উপর এমন হামলা দেখার পরও নীরবতা ও নিষ্ক্রিয়তা মানেই এই অপরাধে অংশগ্রহণ করা।’

চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা, কারাবরণ এবং ১৪ বছর দেশত্যাগে নিষেধাজ্ঞা কাটিয়ে জাফর পানাহি সম্প্রতি ইরান ত্যাগ করে অস্ট্রেলিয়ায় গেছেন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট এন এক্সিডেন্ট’-এর জন্য শীর্ষ পুরস্কার জিতেছেন। ছবিটিতে দেখা যায় একদল প্রাক্তন রাজনৈতিক বন্দি সেই ব্যক্তিকে অপহরণ করে যাকে তারা তাদের প্রাক্তন নির্যাতক বলে মনে করে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *