Home / Entertainment / সুচিত্রার প্রতি জন্মদিনে বাড়ির দরজায় ফুল রেখে আসতেন একজন

সুচিত্রার প্রতি জন্মদিনে বাড়ির দরজায় ফুল রেখে আসতেন একজন

একবার বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়িতেও জোর করে ঢুকে পড়েছিলেন এক ভক্ত। কিং খানের সুইমিংপুলে স্নান সেরে চলে গিয়েছিলেন সেই ভক্ত। শাহরুখের সঙ্গে দেখা পর্যন্ত করেননি। এতেই সন্তুষ্ট সেই অজ্ঞাত। ভক্তদের এ রকম অসংখ্য ‘পাগলামি’র গল্প জানে আরবসাগর তীর। 

বাংলা বিনোদন দুনিয়ায় কি এ রকম কোনো  ঘটনা ঘটেছে? মহানায়ক উত্তমকুমার, মহানায়িকা সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হয়ে বর্তমান প্রজন্মের  নায়ক জিৎ, দেব, অঙ্কুশ হাজরাদের। কখনো কি তাদের বাড়িতে জোর করে ঢুকে পড়েছিলেন কোনো ভক্ত?

এ বিষয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী মুনমুন সেন বলেছেন সেই কথা। তিনি বলেন, সুচিত্রা সেন চট করে জনসমক্ষে আসতেন না। অভিনয় ছাড়ার পর তিনি অন্তঃপুরবাসিনী হয়ে গিয়েছিলেন। ফলে তাকে ঘিরে সদা কৌতূহল ছিল সব বয়সের অনুরাগীদের।

মুনমুন সেন বলেন, তারপরও আমার মায়ের সঙ্গে কেউ এ রকম অভদ্রতা করেননি। স্মৃতি হাতড়াতে গিয়ে তার মনে পড়েছে এক অনুরাগিনীর কথা। অভিনেত্রী বলেন, একটি মেয়ে ছিলেন। তিনি প্রত্যেক বছর নিয়ম করে মায়ের জন্মদিনে বাড়ির গেটের বাইরে এক রাশ ফুল রেখে যেতেন। কখনো বাড়ির অন্দরে পা রাখার ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেননি।

অভিনেত্রী অবাক হতেন তার ভদ্রতাবোধ দেখে। মুনমুন অনেকবার তাকে ভেতরে ডেকেছেন। তিনি পা রাখেননি। শান্তি ভঙ্গ করেননি সুচিত্রার। নিজের নাম পর্যন্ত জানাননি। কেবল ফুল দিয়েই খুশি থাকতেন। নীরব ভক্ত যাকে বলে। সুচিত্রা সেনের মৃত্যুর পর একবার বাড়িতে পূজা হচ্ছে। সে বারেই ওই অচেনা নারী ফুল নিয়ে এসে দাঁড়িয়েছিলেন বাড়ির গেটে। সেদিন মুনমুনের অনুরোধ ফেরাননি তিনি। সেন পরিবারের অন্দরমহলে পা রেখেছিলেন। ওই প্রথম, ওই শেষ।

মুনমুন বলেন, যিনি প্রকৃত ভক্ত, তিনি কখনই তার প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীর বিরক্তির কারণ হন না। দূর থেকে নীরবে নিজের শ্রদ্ধা জানিয়েই খুশি থাকেন।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *