Home / Entertainment / ‘শাপলা শালুকে’ পরাণ চরিত্রে বুবলী

‘শাপলা শালুকে’ পরাণ চরিত্রে বুবলী

বর্তমানে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে। এটি নির্মাণ করছেন রাশেদা আক্তার লাজুক। টানা ১০ দিন ধরে এখানে শুটিং চলছে।

এ শুটিং চলবে ঈদের আগ পর্যন্ত বলে জানা গেছে। ঈদের পর বাকি শুটিং হবে ঢাকার গাজীপুরসহ বিভিন্ন লোকেশনে। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢালিউড নায়িকা শবনম বুবলী ও জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

সিনেমার এই দুঃসময়ে যে কয়েকজন অভিনেত্রী নিয়মিত কাজ করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শবনম বুবলী। অন্যদিকে অভিনেতা সজল আছেন বড়পর্দায় বেশ নিয়মিত। এই প্রথমবারের মতো তারা জুটিবেঁধে একসঙ্গে কাজ করছেন ‘শাপলা শালুক’ সিনেমায়।

প্রথমবারের মতো বুবলীর সঙ্গে জুটিবেঁধে কাজ নিয়ে একটি গণমাধ্যমকে সজল বলেন, বুবলী ভীষণ সিনসিয়ার একজন অভিনেত্রী। একটা চরিত্রের জন্য তিনি এতটা এফোর্ট দেন, যা দেখার মতো। আর আমরা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছি, কিন্তু মনেই হচ্ছে না প্রথমবার কাজ করছি।

অন্যদিকে শবনম বুবলি সিনেমাটি নিয়ে বলেন, যে কোনো সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয় একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে আবিষ্কার করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়? 

এ সিনেমাতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটি আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে বলেও জানান অভিনেত্রী।

সজল বলেন, আমরা শেরপুরে প্রায় ১০ দিন হলো শুটিং করছি। চমৎকার পরিবেশ! তবে প্রচণ্ড গরম এখানে। এই গরমের মধ্যেই শুটিং করতে হচ্ছে।

‘শাপলা শালুক’ সিনেমায় তার চরিত্র সম্পর্কে জানতে চাইলে সজল আরও বলেন, খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এটুকু বলি— এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সব চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ ও চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সে ক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *