
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি ২০২৩ সালে ক্রিকেট তারকা কেএল রাহুলকে বিয়ে করেন। দু বছর পর কিছুদিন আগে মা হয়েছেন সুনীলকন্যা। যদিও বিয়ের বেশ কয়েক বছর আগে থেকেই বলিউডের সঙ্গে দূরত্ব তৈরি করেন আথিয়া শেঠি। তার কর্মজীবন বেশ ছোট। মোটে তিনটি সিনেমা করেছেন অভিনেত্রী।
২০১৫ সালে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ আথিয়া শেঠির। কোনোটিই সেভাবে সফল বলা যায় না। যদিও আথিয়া ‘মোতিচুর চখনাচুর’ সিনেমার জন্য প্রশংসা পেয়েছেন নানা মহলে। এরপর আর কোনো সিনেমায় সেভাবে দেখা যায়নি সুনীলকন্যাকে। এবার মা হতেই মেয়ে আথিয়ার সিদ্ধান্তের কথা জানালেন বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি।
সম্প্রতি একটি গণমাধ্যমে সুনীল জানিয়েছেন, তার মেয়ে আর সিনেমা করতে চায় না। বলিউডের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। সুনীল বলেন, আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে। ও জীবন নামক সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা করছে— মায়ের চরিত্র।
তিনি বলেন, আর সিনেমা করতে চায় না। অনেকে খেটেছিল একসময়। তবে আর এসব সহ্য হচ্ছে না। ‘মতিচুর চাকনাচুর’ সিনেমার পর একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা। আর বেরিয়ে চলে গেল। সুনীল জানিয়েছেন মেয়ের এই সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই তার, বরং মেয়ের জন্য গর্বিত।
মাত্র তিনটি সিনেমায় কাজ করেই রুপালি পর্দা থেকে মুখ ফিরিয়ে নেন আথিয়া। তার শেষ সিনেমা ২০১৯ সালে মু্ক্তি পায়। এরপর কেবলই মার্জার সরণিতেই হাঁটতে দেখা গেছে। ফটোসাংবাদিকদের দেখলেই দূরে সরে যান অভিনেত্রী। এমনকি তার বাড়ির সামনে ফটোসাংবাদিকরা দাঁড়িয়ে আছেন দেখলেও মেজাজ হারান সুনীলকন্যা।
বিনোদন ডেস্ক





