Home / Entertainment / জামিন পেলেও মুক্তি নেই সোনাপাচারকাণ্ডে গ্রেফতার কন্নড় অভিনেত্রীর

জামিন পেলেও মুক্তি নেই সোনাপাচারকাণ্ডে গ্রেফতার কন্নড় অভিনেত্রীর

গত ৩ মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দরে ১২ কোটি টাকার সোনাপাচার প্রাক্কালে গ্রেফতার হন কন্নড় অভিনেত্রী রানিয়া রাও। পরে তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লাখ টাকা এবং ২ কোটি টাকারও বেশি মূল্যের সোনা। এসব টাকা ও সোনার কোনো উৎসের কথা জানাতে পারেননি অভিনেত্রী। 

তবে রানিয়া রাও সেই সময় জানিয়েছিলেন, তিনি ব্যবসাসংক্রান্ত একটি কাজে দুবাই যাচ্ছিলেন। নির্দিষ্ট সীমার থেকে অনেক বেশি সোনা নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, তার কাছে মোট ১৪.৮ কেজি সোনা ছিল।

পরে দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে তিনি দুবাই থেকে সোনা কিনেছিলেন। এবং ঘোষণা করেছিলেন— ওই সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও দেখা গেছে, সোনা নিয়ে তিনি ভারতেই ফিরেছিলেন।

এবার সেই সোনাপাচার মামলায় অভিযুক্ত অভিনেত্রী জামিন পেলেন। তবে রানিয়া রাও জামিন পেলেও জেলেই থাকতে হবে তাকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে—  অর্থনৈতিক অপরাধসংক্রান্ত বিশেষ আদালত দুই লাখ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। এর পাশাপাশি এ মামলায় আরেক অভিযুক্ত কোন্দারু রাজুকেও একই টাকার বিনিময়ে জামিন দেওয়া হয়েছে। 

তবে সে মামলায় জামিন পেলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না রানিয়া রাও। কারণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও চোরাচালান কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারাতেও অভিযুক্ত অভিনেত্রী। সেই মামলায় তিনি এখনো জামিন পাননি। 

এদিকে আদালত জানিয়েছেন, জামিন পেয়ে জেলের বাইরে গেলেও দেশ ছাড়তে পারবেন না কন্নড় অভিনেত্রী।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *