
নিজের চেহারা নিয়ে সাফাই গাইলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। আর সেই সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সামলোচিত হন নায়িকা। এর আগেও মুখে অস্ত্রোপচারের জন্য তির্যক মন্তব্যের শিকার হয়েছিলেন তিনি। সেই বিতর্কেও জবাব দিয়েছিলেন ভূমি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’। দর্শকদের মধ্যে সেভাবে সাড়া ফেলতে পারেনি এ সিরিজ। দর্শকদের মতে, ওটিটিতে এমন বিদেশি সিরিজ অনেক আছে। তবে ইশান খট্টরের অভিনয় প্রশংসিত হয়েছে। কিন্তু সিরিজের নায়িকা ভূমি পেডনেকরের চেয়ে তার ঠোঁট নিয়ে আলোচনা হচ্ছে বেশি। পর্দায় নাকি ভূমির চেয়ে তার ঠোঁটই বেশি নজর কেড়েছে। নেটপাড়ায় এমনই নানা কটাক্ষ ধেয়ে এসেছে নায়িকার দিকে। এর মোক্ষম জবাবও দিলেন নায়িকা।
তবে এই প্রথম নয়; এর আগেও অনেক কথা শুনেছেন ভূমি। সেই তিনি বলেছিলেন—মানুষের অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগে। একজন তো আমাকে সরাসরি বলেছিলেন—তোমার ঠোঁট খুব বড়। কিন্তু এতে সমস্যা কবে থেকে তৈরি হলো?
নায়িকা বলেন, এমন বড় ঠোঁট পাওয়ার জন্যই তো মানুষ লাখ লাখ টাকা খরচ করে। ঠোঁট নিয়ে ভূমির এ মন্তব্য ছড়িয়ে পড়েছিল। তারপরও কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি।
‘দ্য রয়্যালস্’ সিরিজে ইশানের বিপরীতে অভিনয় করেছেন ভূমি। এই প্রথমবার জুটি বাঁধলেন তারা। তাই প্রথম থেকেই তাদের রসায়ন নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল দর্শকদের মধ্যে। যদিও সিরিজে নাকি তাদের রসায়ন দর্শকদের মনে সেভাবে দাগ কাটতে পারেনি।
এ সিরিজে ইশান ও ভূমি ছাড়াও অভিনয় করেছেন জিনত আমন, নোরা ফাতেহি, সাক্ষী তনওয়ার, মিলিন্দ সোমান, দিনো মোরিয়া, চাঙ্কি পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, এর আগে ভূমি পেডনেকরকে দেখা গেছে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ও ‘ভক্ষক’ সিনেমায়। ‘ভক্ষক’-এ তার অভিনয় প্রশংসা পেয়েছিল।
বিনোদন ডেস্ক





