Home / Entertainment / বিনিদ্র রজনী কাটানোর পরও কোনো করতালি পাওয়া যায় না: কারিনা

বিনিদ্র রজনী কাটানোর পরও কোনো করতালি পাওয়া যায় না: কারিনা

আন্তর্জাতিক মা দিবসে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর মনে করিয়ে দিলেন— কখনো কোনো মাকে ছোট করতে নেই। কারণ তারা অনেক দুঃখ ও যন্ত্রণা পার করে ফেলেছেন বলে জানান অভিনেত্রী।

বিয়ের পর কর্মজগতে পিছিয়ে পড়বেন—এমন মন্তব্য শুনতে হয়েছিল একসময়ে কারিনা কাপুরকে। কিন্তু এ ধরনের মন্তব্যকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন তিনি। 

দুই সন্তানের মা হওয়ার পরও অভিনেত্রী যেন আরও উজ্জ্বল। অভিনয়ের ক্ষেত্রে আরও সাবলীল। এমনই মনে করেন কারিনা কাপুরের অনুরাগীরা। অভিনেত্রী নিজেও মনে করেন— মা হওয়ার পর নারীদের শক্তি আরও বেড়ে যায়।

সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে কারিনা কাপুর লিখেছেন— একজন মাকে কখনো ছোট করবেন না। পৃথিবী যে যন্ত্রণায় শেষ হয়ে যেতে পারে, সেই যন্ত্রণা একজন মা সহ্য করেছে। রাতের পর রাত না ঘুমালে মাথা কাজ করে না। কিন্তু একজন মায়ের সেই অভিজ্ঞতা রয়েছে।

অভিনেত্রী বলেন,  এত পরিশ্রমের পরও এই মায়েদের জন্য করতালি পড়ে না। মায়েরা কোনো বিরতিও পায় না। তাও মায়েরা নিরলসভাবে ভালোবেসে যান। এটাই তাদের শক্তি বলে মনে করেন কারিনা কাপুর।

অল্প বয়সে বিয়ে করতে কারিনাকে অনেকেই নিষেধ করেছিলেন। কিন্তু সেসব কথায় কান না দিয়ে ২০১২ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা বলেন, জীবনে আমি যা চেয়েছি, তার সবই পেয়েছি, সবই করেছি। 

তিনি বলেন, অনেকেই আমাকে বলেছিল— বিয়ে কর না, ক্যারিয়ার শেষ হয়ে যাবে। অভিনেত্রী বলেন, আমার মনে হয়েছিল, ঠিক আছে যদি শেষ হয়ে যায় যাবে। অথচ আমি কিন্তু বিয়ের পরেই বেশি কাজ করেছি। সন্তান হওয়ার পরও কাজ করা কঠিন হলেও আমি নিজের ওপর বিশ্বাস রেখেছি এবং কাজ করেছি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *