Home / Entertainment / বিষয়টি লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার মতো কিছুই নেই: সামান্থা

বিষয়টি লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার মতো কিছুই নেই: সামান্থা

সময় এগিয়ে চলেছে। লিঙ্গবৈষম্য দূর হতে চলেছে। সবাই সাম্যের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু ঋতুস্রাব নিয়ে এখনো থেকে গেছে নানা ছুঁতমার্গ। নারীর দেহের এমন একটি স্বাভাবিক প্রক্রিয়া নিয়ে কেন এখনো এমন নীরবতা?— এই প্রশ্ন তোলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

অভিনেত্রী বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামত রাখেন। নিজেও তিনি একাকী ও শক্তিশালী নারী। তাই তার মন্তব্য অনুরাগীদের ওপর প্রভাব ফেলে। সম্প্রতি সমাজের এই অতিগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন সামান্থা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, নারী হিসেবে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। কিন্তু তাও ঋতুস্রাবের কথা উঠলে নীরবতা তৈরি হয়। ফিসফাস করা হয়। এটাকে লজ্জার বিষয় হিসেবে ধরে নেওয়া হয়। তিনি বলেন, এ ধরনের ছুঁতমার্গ ও পিছিয়ে পড়া ধারণা ছেড়ে বেরোনো উচিত । 

সামান্থা বলেন, আমাদের ঋতুস্রাব শক্তির প্রতীক। সবচেয়ে বড় কথা— এটা সুস্থতার লক্ষণ। এ বিষয়টি লুকিয়ে রাখার বা লজ্জা পাওয়ার মতো কিছুই নেই।

ঋতুস্রাবের সময় নারীর মন-মেজাজের হেরফেরও হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ঋতুস্রাব আমাদের মন ও শরীরের ওপরেও প্রভাব ফেলে। এ বিষয়টি সম্পর্কে আমাদের অনবরত শিক্ষা নেওয়া উচিত।

উল্লেখ্য, ২০২২ সালে সামান্থা ‘মায়োসাইটিস’ নামে এক অটোইমিউন রোগে আক্রান্ত হন। সেই অসুখের সঙ্গে এখনো লড়াই করছেন দক্ষিণী অভিনেত্রী। সামান্থাকে শেষ দেখা গেছে ওয়েবসিরিজ ‘সিটাডেল হানিবানি’-তে। তার বিপরীতে ছিলেন বরুণ ধাওয়ান।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *