রঙ খেলতে মিঠুনের হোটেল কক্ষে দুই নায়িকা

Written by

in

দোলের আগেই রঙ খেললেন টালিউড-বলিউডের বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। এ মুহূর্তে তার রিয়্যালিটি শোর শুটিংয়ের জন্য শহরে রয়েছেন জনপ্রিয় এই অভিনেতা। পাশাপাশি শুরু হচ্ছে তার অভিনীত নতুন বাংলা ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র প্রচার। ছবির কলাকুশলীদের সঙ্গে দোলের উদ্যাপনে মাতলেন ‘মহাগুরু’।

কলকাতায় এলে রাজারহাটের একটি বিলাসবহুল হোটেলে থাকেন মিঠুন। অভিনেতার সঙ্গে রঙ খেলতে মিঠুনের হোটেলের ঘরেই পৌঁছে গিয়েছিলেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির দুই অভিনেত্রী অঞ্জনা বসু ও রোশনি ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ছবির পরিচালক পথিকৃৎ বসু। কলাকুশলীদের যে ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, মিঠুন হাসিমুখে গালে আবির মাখছেন এবং অন্যদেরও রঙ মাখিয়ে দিচ্ছেন।

নতুন ছবিটি বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে বার্তা দেবে বলে জানিয়েছেন নির্মাতারা। মিঠুনের সঙ্গে দোল খেলার পরিকল্পনা কেন?—গণমাধ্যমের এমন একটি প্রশ্নের মুখোমুখি হলেন পরিচালক পথিকৃৎ বসু। নির্মাতা বলেন, ভালোবাসার রঙ তো কোনো দিন মরে যায় না। আমার ছবির কেন্দ্রে রয়েছেন মিঠুনদা। তাই তার সঙ্গে দোল খেলেই আমরা সিনেমার প্রচার শুরু করতে চেয়েছিলাম।

এর আগে পথিকৃৎ পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুনকে দেখেছেন দর্শকরা। দ্বিতীয় সিনেমার শুটিং করতে গিয়ে অভিনেতা-পরিচালকের সম্পর্ক আরও পোক্ত হয়েছে বলেই মনে করেন পথিকৃৎ। তাই আপাত গম্ভীর স্বভাবের মিঠুনও পরিচালকের অনুরোধে হাসিমুখে সিনেমার অভিনেতাদের সঙ্গে রঙ খেলতে রাজি হয়ে যান। পথিকৃৎ বলেন, দাদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। প্রথমে রঙ শুনে একটু অবাক হয়েছিলেন। কিন্তু ভেষজ আবির জেনে দাদা আর কোনো আপত্তি করেননি।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *