
‘সারেগামাপা’ রিয়্যালিটি শোতে বিচারক হওয়ার পর লোকে বুঝেছে আমি বাংলা গান গাইতে পারি। তার আগে সবার ধারণা ছিল, আমি বোধহয় বাংলা বলতেই পারি না বলে জানান গায়িকা অন্তরা মিত্র।
বলিউডের পর নিজভূমে ক্রমশ জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। তার গাওয়া ‘কিশোরী’ গান এই প্রজন্মের মুখে মুখে ফিরছে। টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী ইধিকা পাল অভিনীত ‘খাদান’ সিনেমার এই গানের দর্শক-শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। পর্দায় দেব-ইধিকার রসায়ন গাঢ় রথিজিৎ ভট্টাচার্য-অন্তরা মিত্রের গায়কীতে। সেই রেশ নিয়েই পর্দায় আরও একবার গানের দৃশ্যে ইধিকার ঠোঁটে শোনা যাবে অন্তরার গান। অভিনেতা সোহম চক্রবর্তীর আগামী ছবি ‘বহুরূপ’-এর একটি রোমান্টিক গান সদ্য রেকর্ড করলেন শিল্পী।
পর্দায় নায়ক-নায়িকার জুটির মতোই অভিনেতা-কণ্ঠশিল্পীর জুটিও জনপ্রিয়। যেমন ষাট-সত্তরের দশকে উত্তমকুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়। সুচিত্রা সেন সবসময় ঠোঁট মেলাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে। অনেক দিন পর কি সেই যুগ ফিরছে? ছবির বাইরেও কি ছবির গান শুনছে এ প্রজন্ম? একটি গণমাধ্যমের এমন প্রশ্ন ছিল গায়িকার কাছে।
‘কিশোরী’ হিট হওয়ার পর অন্তরাও আশাবাদী। তিনি বলেন, আমিও ভাবতে পারিনি ‘কিশোরী’ এত ভালো ফল করবে। এখন গানের জনপ্রিয়তা দেখে মনে আশা জাগছে। বিয়েবাড়ি থেকে পূজা প্যান্ডেল— সর্বত্র শোনা যাচ্ছে এই গান। সিনেমা ছাড়াও আলাদাভাবে বেসরকারি রেডিও চ্যানেলে শোনা যাচ্ছে ‘কিশোরী’ বলে জানালেন উচ্ছ্বসিত অন্তরা।
সেই জায়গা থেকেই তার আশা ‘বহুরূপ’-এর যে গান তিনি এবং কুনাল গাঞ্জাওয়ালা সদ্য রেকর্ড করেছেন, সেই গানও সবাই শুনবেন। এই সিনেমাতে সোহম-ইধিকার রোমান্টিক জুটি।
অন্তরা বলেন, গান ভালো না লাগলে আমি গাই না। গান শুনেই মনে হলো শ্রোতাদের ভালো লাগবে। তার পর যখন জানতে পারলাম কুনাল গাইবেন, আশা দ্বিগুণ বেড়ে গেল। কারণ ইতোমধ্যে কুনালের অনেক বাংলা গান হিট।
অস্বীকার করেননি অন্তরা। জানিয়েছেন শ্রোতা গান শুনবেন সেই আশাতেই শিল্পীরা গান শোনান। গান জনপ্রিয় হলে তারাও আশ্বস্ত হন। বলিউডের পাশাপাশি এবার বাংলা ইন্ডাস্ট্রিও তা হলে অন্তরাকে আরও বেশি করে পাবে?
এবার অনুযোগ শিল্পীর কণ্ঠে— আমি যে বাংলা বলতে পারি, বাংলা গান গাইতে পারি— তাই-ই কেউ বিশ্বাস করেন না! জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শোতে বিচারকের আসনে বসায় রাজ্যবাসী অন্তরাকে চিনতে পারল। এই জায়গা থেকেই শিল্পীর অনুরোধ, তিনি ভীষণভাবে বাংলা গান গাইতে চান। অনুপম রায়ের সঙ্গে এখনো কাজ করতে পারেননি বলে আক্ষেপ তার। মুখিয়ে রয়েছেন বারিশ, রণজয় ভট্টাচার্য, সপ্তক সানাই দাসের সঙ্গে কাজ করার জন্য।
বিনোদন ডেস্ক





