উদিত নারায়ণের পক্ষ নিলেন কবীর সুমন

Written by

in

ভারতের বিনোদন দুনিয়ায় এ মুহূর্তে চলছে চুমুকাণ্ড। আর এ কাণ্ড ঘটিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী উদিত নারায়ণ। শুধু চুমুকাণ্ডই নয়, এ যেন মহাকাণ্ড ঘটিয়েছেন গায়ক। কারণ মঞ্চে অনুষ্ঠান করার সময় এক অনুরাগিনী সেলফি তোলার পরই চুম্বন করেছিলেন প্রিয় গায়কের গালে।  আবার গায়ক পাল্টা তার ঠোঁটেই ঠোঁট বসিয়ে দেন। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এ প্রসঙ্গে কথা বলেছেন গায়ক কবীর সুমন।

উদিতের নারায়ণের চুমুকাণ্ডে বিনোদন দুনিয়ায় হুলস্থুল। প্রত্যেকে গায়কের এমন আচরণ আতশকাচের তলায় ফেলে বিচার করছেন নেটিজেনরা। এখন পর্যন্ত প্রায় কেউ-ই তাকে সমর্থন জানাননি। উল্টে সমালোচনায় মেতেছেন। সে কথা জানাতেই সুমনের পাল্টা প্রশ্ন করে বলেন, উদিত কি কোনো খারাপ কাজ করেছেন? তিনি তো যুদ্ধ বাধাননি। চারপাশে যে পরিমাণে হিংসা ও হানাহানি, সেখানে এভাবে ভালোবাসা ছড়িয়ে দিলে যদি পরিস্থিতির উন্নতি হয়। 

তিনি বলেন, এখানে একজন পুরুষ যদি অন্য পুরুষকে চুমু খেতেন সেটিও সমর্থন করতেন। এতে তিনি পাপ দেখেন না বলেও জানান কবীর সুমন।

উদিত নারায়ণের এ চুমু প্রসঙ্গে আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল আরেক সংগীতশিল্পী কবীর সুমনের কাছে— কখনো কি এভাবে কোনো অনুরাগিনীকে চুমু খেয়েছেন? উত্তরে কবীর সুমন বলেন, উদিত চুমু খেয়ে বেশ করেছেন। শুনে কী যে ভালো লাগছে। চুমু খাওয়ার মতো ভালো কিছু বিষয় দুনিয়ায় দুটি নেই। এরপরেই দীর্ঘশ্বাস ফেলে হালকা আফসোস করে গায়ক বলেন, কোনো অনুরাগিনী মঞ্চে তাকে এ রকম আবদার জানাননি!

কবীর সুমন তার ছোটবেলার স্মৃতি শেয়ার করে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটার আব্বাস আলি বেগের প্রথম টেস্ট সেঞ্চুরি। ১০০ রান করেই তিনি গ্যালারিতে থাকা বান্ধবীর ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুমু খেয়েছিলেন, যা সেই সময়ের অন্যতম সাড়া ফেলে দেওয়া একটি ঘটনা। তবে বিদেশে নামিদামি শিল্পীর অনুষ্ঠানে এ রকম কোনো ঘটনা ঘটতে দেখেননি ‘গানওয়ালা’। 

গায়ক বলেন,  শরীর নিয়ে ছুতমার্গ ছিল না এলভিস প্রেসলি বা মাইকেল জ্যাকসনের। কিন্তু তারাও একটা সীমারেখা মানতেন। এ রকম বিপ্লব তারাও ঘটাননি। সেই জায়গা থেকে উদিতের সাহসকে কুর্নিশ।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *