Home / Entertainment / যেসব চমক থাকছে ধনকুবের আদানিপুত্রের বিয়েতে

যেসব চমক থাকছে ধনকুবের আদানিপুত্রের বিয়েতে

চলতি বছর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতের শিল্পপতি গৌতম আদানির কনিষ্ঠ পুত্র জিৎ আদানি। বাগদত্তা স্ত্রী দিভা জৈমিন শাহকে বিয়ে করেছেন তিনি। আদানিপুত্রের বিয়ে বলে কথা, দেশ-বিদেশের তারকাদের ঢল নামবে সেখানে। বিলাসী আয়োজনও করা হয়েছে অতিথিদের জন্য।

এর আগে ২০২৩ সালের মার্চ মাসে গুজরাটের আহমেদাবাদে আংটিবদল হয়েছিল জিৎ ও দিভার। দিভার বাবা পেশায় একজন হীরা ব্যবসায়ী। বাগদান অনুষ্ঠানে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুবান্ধবরাই নিমন্ত্রিতদের তালিকায় ছিলেন।

গুঞ্জন রয়েছে— হলি গায়িকা টেলর সুইফটকে পুত্রের বিয়েতে শিল্পী হিসাবে আমন্ত্রণ জানাতে পারেন গৌতম আদানি। জিতের বিয়ে উপলক্ষে মঞ্চে গানও গাইতে পারেন এ হলি গায়িকা। শুধু টেলর একা নন, আদানিপুত্রের বিয়ের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় থাকতে পারেন সেলেনা গোমেজ, সিডনি সুইনি, কেন্ডেল জেনার ও কাইলি জেনারের মতো তারকারা। একাংশের দাবি— টেলরের পাশাপাশি আদানিপুত্রের বিয়েতে মঞ্চে গান গাইতে পারেন ট্রাভিস স্কট ও হানি সিংয়ের মতো গায়ক।

অতিথিদের যাতায়াতের সুবিধার্থে এক হাজার বিলাসবহুল গাড়ির আয়োজন করেছেন আদানি। বিয়ে উপলক্ষ্যে অনুষ্ঠানবাড়িতে নজরকাড়া রঙোলি আঁকা থাকবে বলেও জানা গেছে। সেই রঙোলি নাকি আকারে এতই বড় হবে যে, তা আঁকার জন্যই হাজার হাজার শিল্পীর প্রয়োজন হবে। প্রায় ২০ থেকে ৫০ হাজার শিল্পী সেই রঙোলি আঁকবেন।

খাওয়া-দাওয়ার আয়োজনেও থাকছে বিশাল। মেন্যুতে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন প্রান্তের খাবার। ৫৮ দেশ থেকে রন্ধনশিল্পীরা নাকি আসবেন আদানিপুত্রের বিয়েতে। জিৎ ও দিভার বিয়ের উপলক্ষ্যে রাতে একটি ‘ড্রোন শো’র আয়োজন করা হতে পারে বলেও জানা গেছে। 

উল্লেখ্য, পড়াশোনা শেষ করে ২০১৯ সালে পারিবারিক ব্যবসা সামলাতে শুরু করেন জিৎ। এখনো তিনি ব্যবসার সঙ্গেই যুক্ত রয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে প্রাকবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জিৎ ও দিভার। দুদিন ধরে চলেছিল সেই অনুষ্ঠান। জানা গেছে, চলতি বছরে আরও একবার প্রাকবিবাহ অনুষ্ঠানের আয়োজন করবেন গৌতম আদানি। সেখানে অতিথিদের জন্য হোলির আয়োজনও করা হতে পারে বলে শোনা গেছে। তবে বিয়ের তারিখ এখনো চূড়ান্ত হয়নি আদানিপুত্রের।

গৌতম অবশ্য জানিয়েছেন, ছেলের বিয়েতে তেমন জাঁকজমক কিছু চাইছেন না তিনি। সম্প্রতি কুম্ভমেলায় গিয়েছিলেন ধনকুবের গৌতম। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌতম বলেন, আমার ছেলের বিয়ে খুব সাধারণভাবে চিরাচরিত রীতি মেনে হবে। তাই এখানে আশীর্বাদ নিতে এসেছি।  পুত্রের বিয়েতে তারকাদের ঢল নামবে কিনা তা প্রশ্ন করায় শিল্পপতি বলেন, একদমই নয়; পরিবারের লোকজনদের নিয়েই বিয়ের অনুষ্ঠান হবে।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *