Home / Entertainment / ‘ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি’

‘ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছি’

প্রথম প্রেমের প্রস্তাব পাওয়ার পর ভয় ভয় লাগছিল, সেটা ক্রমেই স্বাভাবিক হয়ে ওঠে। ক্যারিয়ারে হাজারের বেশি প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে জানালেন অভিনেত্রী কুসুম শিকদার।

‘আমাকে বন্ধু, বন্ধুর বন্ধু, কাজিনের বন্ধুরা এতটাই পছন্দ করতেন যে, বলে শেষ করা যাবে না। দেখা যেত প্রতিদিন প্রেমের প্রস্তাব পেতাম। কত যে প্রেমের প্রস্তাব পেয়েছি, বলে শেষ করা যাবে না। হাজারের বেশি তো অবশ্যই হবে।’

অভিনয় জীবনের শুরু, প্রেম প্রস্তাব, এসব নিয়ে খোলামেলা কথা বললেন কুসুম শিকদার। 

কবে থেকে প্রেমের প্রস্তাব পান- জানতে চাইলে অভিনেত্রী বলেন, যে বয়সে মেয়েরা নজরে পড়তে শুরু করে। আমার ১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাওয়া শুরু। দেখা যেত চিঠিতে কেউ প্রেমের প্রস্তাব দিতেন। কেউ হাতে আমার নাম লিখে রাখতেন। তবে চিঠি বেশি পেয়েছি। দেখা যেত স্কুলে পড়াশোনার পরে প্রেমের প্রস্তাবের সংখ্যা আরও বেড়ে গেল। এমনও হয়েছে একদিনে একাধিক প্রেমের প্রস্তাব পেতাম।

২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কুসুম শিকদার। তার জীবনটাই পাল্টে দেয় এ পুরস্কার। এরপর আরও বেশি নজরে পড়তে থাকেন। বাড়তে থাকে ভক্ত। 

অভিনেত্রী বলেন, এই বয়সে আমি যত প্রেমের প্রস্তাব পেয়েছি, তার অর্ধেকই ২০০২ সালে। সেরা হওয়ার পরে বিশ্ববিদ্যালয় কিংবা শুটিং যেখানেই গিয়েছি, প্রেমের প্রস্তাব পেয়েছি। অভিনয় শুরু করলাম, সবাই চিনতে শুরু করল, আরও বেড়ে গেল প্রেম প্রস্তাব পাওয়া।

কুসুম বলেন, শুটিংয়ে গেলে কেউ সরাসরি ভালো লাগার কথা বলতেন। কেউ ধরিয়ে দিতেন চিরকুট। সময়ের সঙ্গে প্রেমের প্রস্তাবে এসেছে পরিবর্তন। মুঠোফোন আসার পরে বেশিরভাগ প্রস্তাব আসত এসএমএসে বা ফোনে। একসময় বিষয়গুলো বেশ এনজয় করতাম। ফোনের পরে ফোন পেতাম। যখন ফেসবুক এলো, ইনবক্সে নিয়মিত প্রেমের প্রস্তাব আসা শুরু হলো। দেখা যায় ইনবক্স খুললেই প্রেমের প্রস্তাব। 

সদা হাস্যোজ্জ্বল অভিনেত্রী কুসুম বলেন, ১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি। আমার ইউনিভার্সিটির এক বন্ধু এইমাত্র ইনবক্সে লিখেছে- সে আমাকে পছন্দ করে। 

তবে শুধু দেশের মধ্যেই নয়, বিদেশের প্রবাসী ভক্তদের কাছ থেকেও পেয়েছেন প্রেমের প্রস্তাব। সেগুলো কোনোটাই মনঃপূত হয়নি বলে জানান কুসুম। 

‘অনেকেই নিয়মিত নক দিয়ে কফি খেতে চায়। হয়তো ভালোবাসার জায়গা থেকে বলে, কিন্তু আমি আর কিছু বলি না। প্রায়ই বিদেশ থেকে অনেকে বলেন, আমার জন্য গিফট পাঠাবেন। বিভিন্ন সময় বাসায় প্রচুর গিফটও পেয়েছি। ভক্তদের ভালোবাসা পেয়েছি, এটাই আমার বড় প্রাপ্তি।’

ছয় বছর পরে সিনেমা দিয়ে গত বছর অক্টোবরে ফিরেছেন কুসুম। তার পরিচালিত সিনেমার নাম ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে। একজন নারী হিসেবে সিনেমার শুটিং থেকে পরিচালনা, পোস্টের কাজ করেছেন। সিনেমাটি এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানারোমায় প্রিমিয়ার হয়। 

আবার ফিরছেন কবে? এমন প্রশ্নে কুসুম বলেন, প্রেমের প্রস্তাবগুলো যেমন মনঃপূত হয়নি, তেমনি এখন যে প্রস্তাব পাই মনঃপূত হয় না। তবে শিগগির ভালো কাজ দিয়েই ফিরব।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *