
বাংলার পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান হাসপাতাল থেকে একেবারে গটগট করে হেঁটে বাড়ি ফিরলেন। পাঁচ দিন হাসপাতালে থাকার পর গতকাল মঙ্গলবার বিকালে নিজের বাড়ি ‘সৎগুরু শরণ’-এ প্রবেশ করলেন তিনি। যদিও এ মুহূর্তে সাইফের নিরাপত্তা একটা মস্ত চিন্তার বিষয়। শুধু একা সাইফ নন, অভিনেত্রী কারিনা কাপুর এবং তাদের দুই সন্তানের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একাধিক ব্যবস্থা নিল খান পরিবার। এর মধ্যেই নিরাপত্তার দায়িত্ব তুলে দিলেন আরেক অভিনেতার ওপর।
এদিকে সাইফ আলি খান বাড়িতে আসার আগে আবাসনের তিনটি তলা ১০, ১১ ও ১২ লোহার জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এই আবাসনের জায়গায় জায়গায় বসানো হয়েছে সিসিটিভি। এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর ব্যবস্থাও করা হয়েছে। এখন সাইফের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্ব পড়ল আরেক অভিনেতার ওপর, তার নাম রণিত রায়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, হাসপাতাল থেকে ‘সৎগুরু শরণ’-এ নয়, সাইফ যাবেন বান্দ্রায়, তার অন্য আরেকটি ফ্ল্যাটে। কিন্তু না, শেষ পর্যন্ত তিনি ফিরলেন সেখানেই। পরনে সাদা শার্ট ও জিন্স। বাঁ হাতের কব্জিতে বাঁধা ব্যান্ডেজ। ছোট করে ছাঁটা চুল, পরিষ্কার কামানো দাড়ি। একেবারে সোজা হেঁটে বাড়িতে প্রবেশ করলেন অভিনেতা। হাসিমুখে হাত নাড়লেন ফটোগ্রাফার-সাংবাদিকদের উদ্দেশ্যে।
এ সময় সাইফ আলির সঙ্গে দেখা যায় বডিগার্ড হিসেবে অভিনেতা রণিত রায়কেও। অভিনেতা হওয়ার পাশাপাশি নিজস্ব নিরাপত্তা সংস্থাও রয়েছে তার। এর আগে বলিউড বাদশাহ শাহরুখ খান ও বিগবি অমিতাভ বচ্চনের মতো তারকাদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন রণিত। এবার সাইফের দায়িত্ব তার কাঁধে। অভিনেতা বাড়ি ঢুকতেই তাকে ঘিরে ধরেন ফটোগ্রাফার-সাংবাদিকরা। তবে এ মুহূর্তে সাইফের কাছাকাছি না যাওয়ার অনুরোধ করলেন রণিত রায়।
এর আগে আগামী সাত দিন বিশ্রামে থাকার কথা জানিয়েছিলেন চিকিৎসকরা। এমনকি আগামী দুদিন শুয়ে থাকার পরামর্শও দিয়েছিলেন তারা। কিন্তু বাস্তবে অবশ্য দেখা গেল ভিন্ন— একেবারে চাঙা অভিনেতা সাইফ আলি খান।
উল্লেখ্য, বলিউড অভিনেতা সাইফ আলি খান বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে তাকে অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থানে ক্ষত হওয়ার শঙ্কা ছিল। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফেরেন অভিনেতা।
বিনোদন ডেস্ক





