
বলিউড অভিনেতা সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজের বাসায় এক দুষ্কৃতকারীর আঘাতে আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে শয্যাশায়ী। তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। এখন তিনি নিরাপদে আছেন। চলুন জেনে নেওয়া যাক— সাইফ-কারিনার বান্দ্রার সেই বাড়িটিতে আছে কী।
যে বহুতলের চারটি তলা নিয়ে তৈরি ‘পতৌদি হাউস’, সেই নাম ও পতৌদির নবাবদের প্রতীক আঁটা একটি পিতলের প্লেট শোভা পায় সাইফ-কারিনার বাড়িতে ঢোকার মুখে বড় কাঠের মজবুত দরজার মাঝ বরাবর। সাধের সেই বাড়িতে হামলা চালিয়েছেন এক দুষ্কৃতকারী। কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের সেই বাড়ি এক নজর দেখে নিই।
সাইফ আলি খানের ওপর দুষ্কৃতের হামলার তদন্তে নেমে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জানতে পেরেছে— অভিনেতার বাড়িতে দুষ্কৃতকারী যুবক প্রবেশ করেছিল পাশের একটি বহুতলের দেয়াল বেয়ে। মুম্বাইয়ের বান্দ্রা পশ্চিমের সেন্ট টেরেসা রোডের ওপর ‘সৎগুরু শরণ’ নামের বহুতলের বাসিন্দা সাইফ-কারিনা। তার লাগোয়া অনেক বহুতল ভবন রয়েছে। কিন্তু কড়া নিরাপত্তাবলয় পেরিয়ে পতৌদির নবাব সাইফের সেই বাড়িতে কীভাবে দুষ্কৃতকারী যুবক প্রবেশ করলেন তা এখনো অজানা। মুম্বাই পুলিশ এখনো সেই সূত্র খুঁজতেই ব্যস্ত। আর পরিবার ব্যস্ত দুষ্কৃতের ছুরিতে জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাইফকে নিয়ে। কিন্তু কেমন সেই বাড়ি যেখানে এত বড় দুর্ঘটনা ঘটল?
বছর চারেক আগে সাইফ ও কারিনা কাপুর সংসার পাতেন ‘সৎগুরু শরণ’ নামের সেই বহুতল বাড়িতে। ১২ তলা ভবনের চারটি তলা নিয়ে তারা তৈরি করেছেন ‘পতৌদি হাউস’। এ বাড়ির বাইরে সদা মজুত থাকেন নিরাপত্তারক্ষীরা এবং আছে আধুনিক নজরদারির প্রযুক্তিও।
এই বাড়িতে চার বছরের সংসার। তবে বান্দ্রার ওই পাড়ায় সাইফ-কারিনা নতুন বাসিন্দা নন। এর আগে কয়েক পা দূরেই ফরচুন টাওয়ারে তারা থেকেছেন প্রায় ১১ বছর। ২০১৬ সালে ওই বাড়িতেই জন্ম হয় তৈমুরের। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইফ-কারিনার দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর হওয়ার পর পরিবার বড় হয়। তখনই সাইফ-কারিনা সপরিবার চলে আসেন ‘বড়’ বাড়িতে।
‘সৎগুরু শরণে’ সাইফ-কারিনার চারতলা বাড়ির প্রতিটি তলার আয়তন তিন হাজার বর্গফুট। তাতে আছে তিনটি করে শোবার ঘর, একটি বড় বসার ঘর, একটি রান্নাঘর ও বারান্দা, স্নানঘর তো রয়েছেই। তার সঙ্গে রয়েছে সাইফদের নিজস্ব গ্রন্থাগার, নিজস্ব সুইমিংপুল, তৈমুর এবং জাহাঙ্গীরের আলাদা ঘর— এমনকি আলাদা খেলার ঘরও। এ ছাড়া বিলাস সামগ্রীতে মোড়া সাইফের বসার ঘরটিও দেখার মতো। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করে আনা শিল্পকর্ম ও ছবি দিয়ে সাজানো ঘরটি।
বসার ঘর
পুরো বাড়িরই নকশা করেছেন খ্যাতনামা অন্দরসাজশিল্পী দর্শিনী শাহ। শুধু সাইফের নতুন বাড়ি নয়, তার পূর্বপুরুষদের প্রাসাদ ‘পতৌদি প্যালেস’ও সাজিয়েছেন তিনিই। তাই বান্দ্রার ‘পতৌদি হাউস’ও রয়েছে প্রাসাদের বিলাসের ছাপ। সাদা- কালো মার্বেলের মেঝে। ব্রিটিশ স্থাপত্যের কারুকাজ। কাঠের আসবাব ও অন্দরসজ্জাতেও ব্রিটিশ সংস্কৃতির ছোঁয়া। ঝাড়বাতি থেকে শুরু করে বাতিদান, দেয়ালে নামি শিল্পীর হাতের আঁকা— সর্বত্রই ভিক্টোরিয়ান আমলের ছাপ।
নজরকাড়া সেই বসারঘরের একটি দরজা খুলছে খোলামেলা ছাদে। ছাদের পাঁচিলের ওপর খানিকটা বেতের নকশার ব্যারিকেড। তার ওপরে অনেকটা খোলা জায়গা। বাইরে থেকে কেউ চাইলে এই পথে প্রবেশ করতে পারে। তবে এমন খোলামেলা ছাদ বা বারান্দা একটি নয়, বান্দ্রার পতৌদি হাউসের প্রায় প্রতি তলাই রয়েছে। প্রতিটি বারান্দাই নানা রকম আসবাবে সাজানো। কোথাও সিরামিকের টব তো কোথাও ছোট্ট চেয়ার-টেবিলের সেট। কোথাও সোফাসেটে বসার ব্যবস্থা। রাখির দিন ওইসব বারান্দাতেই বসে পতৌদি পরিবারের ভাইবোনদের আসর। কারিনার বন্ধুরা পার্টিও করেন সেখানেই।
শোবারঘর
তেমন এক খোলা বারান্দার দরজা ঠেলেই ঢুকে পড়া যায় সাইফ-কারিনার শোবারঘরে। সেই ঘরের সাজসজ্জাও কোনো অংশে কম নয়। শৌখিন ল্যাম্পশেড থেকে শুরু করে ছোট-বড় আসবাব, ফুলদানি ও সাইফ-কারিনার ছবি দিয়ে সাজানো দেয়াল।
তৈমুর-জাহাঙ্গীরের খেলার ঘর
তৈমুর ও জাহাঙ্গীরের খেলার ঘরটির মেঝে কাঠের। দেয়ালে হালকা রঙ। সেখানে গান শোনা আর সিনেমা দেখার ব্যবস্থা যেমন রয়েছে, তেমনই রয়েছে খেলাধুলার বড় জায়গাও।
কারিনার সাজঘর
কারিনার সাজগোজের ঘরটিও দেখার মতো। সেখানে পোশাক, ব্যাগ, জুতা আর অলঙ্কারই রয়েছে কয়েক কোটি টাকার ।
স্মৃতির সরণি
দুটি ফ্ল্যাটের মাঝের করিডরগুলোতেও সাজিয়েছেন কারিনা। সবুজ গাছপালায় মোড়া সেই করিডরের দুপাশে খোলা জানালা। আর সবুজ গাছগাছালির ঘনঘটা। সাজানো রয়েছে বসার জায়গা এবং সাইফ-কারিনার ভ্রমণের বিভিন্ন মুহূর্তের ছবি দিয়ে।
সুইমিংপুল
খোলা ছাদে রয়েছে সুইমিংপুল। ১২ তলার ছাদের ওপরে সেই সুইমিংপুল থেকে দৃশ্যমান বান্দ্রার বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য দেখা যায়।
এককথায় সাইফ-কারিনার সংসার পাতা আছে একটি গল্প-বলা বাড়িতে। ২০১৩ সালেই ৪৮ কোটি টাকা দিয়ে ওই বাড়ি কিনেছিলেন নবাব সাইফ আলি খান। সাজানো সেই বাড়ির নানা স্তরের ঘেরাটোপ পেরিয়ে সেখানেই হয়েছে এক দুষ্কৃতকারীর হামলা। গুরুতর জখম সাইফ। বৃহস্পতিবার দুর্ঘটনার পর আরেকভাবে চর্চায় উঠে এলো তারকা-দম্পতির সেই বাড়ি।
বিনোদন ডেস্ক





