Home / Entertainment / ‘খান’বিহীন ২০২৪-এর বলিউড, দক্ষিণী সিনেমার মহারণ

‘খান’বিহীন ২০২৪-এর বলিউড, দক্ষিণী সিনেমার মহারণ

চলতি বছর ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনুপস্থিত ছিলেন প্রভাবশালী তিন খান (শাহরুখ, সালমান ও আমির)। এ বছর ছিল না তাদের কোনো সিনেমা। শাহরুখ খান গত বছর অর্থাৎ ২০২৩ মাতিয়েছিলেন তার দুর্দান্ত সব সিনেমা দিয়ে। সে বছর দাপুটে ছিলেন সালমান খানও। 

বলা চলে, খানদের সিনেমা দিয়েই পুরো বছর আনন্দে কাটিয়েছিলেন ভারতীয় দর্শকরা। ‘জাওয়ান’, ‘পাঠান’, ‘ডাঙ্কি’ বছরের পুরোটাই যেন নিজের দখলে রেখেছিলেন শাহরুখ। টাইগার সিরিজের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি ‘টাইগার-থ্রি’ নিয়ে আলোচনায় ছিলেন সালমানও। 

তবে শাহরুখের মতো ততটা বাজিমাৎ করতে পারেননি। আমির খান অবশ্য গত বছরও পর্দায় অনুপস্থিত ছিলেন। এ বছরও তিনি নেই। এবার তার সঙ্গে যোগ দিলেন বাকি দুই খানও। চলতি বছর খানেরা কেউ নেই। মানে, তাদের কোনো সিনেমা মুক্তি পায়নি। তাতে কী! দক্ষিণী তারকারা মাতিয়ে দিয়েছেন। তাদের দাপটের কাছে হার মেনেছে বলিউড। বিশেষ করে প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুন বছরের শুরু থেকে শেষ পর্যন্ত বলিউড সুপারস্টারদের বেশ টেনশনে রেখেছিলেন। শুধু তাই নয়, বলিউডের বছর সেরা সিনেমার সঙ্গে তারা তাল মিলিয়েছেন সমানে সমানে। ব্যবসায়িক দিক থেকে বলিউডের চেয়েও এগিয়ে ছিলেন।

এ বছর ভারতীয় সেরা দশ সিনেমার তালিকায় ঠাঁই নিয়েছে হিন্দি পাঁচ ও দক্ষিণের পাঁচ সিনেমা। বলিউড-দক্ষিণের মহারণ ছিল চোখে পড়ার মতো। তবু সবার ওপরে আছে দক্ষিণই। কারণ, সর্বাধিক ব্যবসা-সফল সিনেমাটি তাদের দখলেই। বছরের সেরা তারকা আল্লু অর্জুন। ২০২৪-এর শেষ দিকে মুক্তি পেয়ে তার অভিনীত ‘পুস্পা : দ্য রুল’ কাঁপিয়েছে বক্সঅফিস। এ বছরের সর্বাধিক ব্যবসাসফল সিনেমা এটি। সুকুমার পরিচালিত ৪০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা শেষ খবর পাওয়া পর্যন্ত আয় করেছে ১ হাজার ৫০০ কোটি রুপিরও বেশি। অ্যাকশন ড্রামা ‘পুস্পা : দ্য রুল’ সিনেমায় অভিনয়ের সুবাদে এ বছর আল্লুর সঙ্গিনী-অভিনেত্রী রাশ্মিকা মান্দানাও ছিলেন আলোচনায়। গেল বছর সর্বাধিক আয় করেছিল শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’, প্রায় এক হাজার ২০০ কোটি রুপি।

তালিকার দুই নম্বরে থাকা ‘কালকি : ২৮৯৮ এডি’ও দক্ষিণের। নাগ অশ্বিন পরিচালিত এপিক সাইন্স ফিকশন এ সিনেমা আয় করেছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় দক্ষিণের সুপারস্টার প্রভাস ও কমল হাসানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন বলিউডের অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।

২০০০ সালে ‘বাঘী থ্রি’ দিয়ে আলোচনায় এসেছিলেন বলিউডের শ্রদ্ধা কাপুর। এরপর দীর্ঘ পাঁচ বছর অপেক্ষার আবার পাদপ্রদীপের আলোয় এলেন তিনি কমেডি সিনেমা ‘স্ত্রী-টু’-এর মাধ্যমে। অমর কৌশিক পরিচালিত হিন্দি এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে তালিকার তিন নম্বরে। তামিল সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ ৪৫০ কোটি রুপি ব্যবসা করে রয়েছে চতুর্থ স্থানে। ভেঙ্কট প্রভু পরিচালিত এ সিনেমাটি দক্ষিণের সুপারস্টার থালাপতি বিজয়ের বিদায়ী সিনেমা। এরপর তিনি আর কোনো সিনেমায় অভিনয় না করার ঘোষণা দিয়েছেন।

২০১১ সালে দ্য ডার্টি পিকচার সিনেমার মাধ্যমে সর্বশেষ আলোচনায় ছিলেন বলিউডের বিদ্যা বালান। এক যুগেরও বেশি সময় পর তিনি ফের আলোচনায় এলেন এ বছর ‘ভুল ভুলাইয়া-থ্রি’ সিনেমার মাধ্যমে। আনিস বাজমি পরিচালিত এ হিন্দি সিনেমা রয়েছে তালিকার পাঁচ নম্বরে। কমেডি হরর এ সিনেমা আয় করেছে প্রায় ৪২০ কোটি রুপি। বিদ্যার সঙ্গে এ সিনেমায় কপাল খুলেছে সহ-অভিনেতা কার্তিক আরিয়ানেরও।

নভেম্বরে মুক্তির আগে যেভাবে আলোচনায় ছিল অজয় দেবগন, অক্ষয় কুমার, কারিনা কাপুর, দীপিকা পাড়ুকোন অভিনীত ‘সিংগাম এগেইন’, সেভাবে ব্যবসা করতে পারেনি সিনেমাটি। রোহিত শেঠি পরিচালিত হিন্দি এ সিনেমা ৩৯০ কোটি রুপি ব্যবসা করে অবস্থান নিয়েছে তালিকার ছয় নম্বরে। আর সাত নম্বরে রয়েছে তেলেগু অ্যাকশন সিনেমা ‘দেবারা : পার্ট ওয়ান’। কোরাটালা শিবা পরিচালিত এ সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ৩৮০ কোটি রুপি। এতে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার এনটিআর জুনিয়র, বলিউডের সাইফ আলী খান ও জাহ্নবী কাপুর।

হিন্দি অ্যাকশন ‘ফাইটার’র অবস্থান তালিকার আট নম্বরে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে হৃত্বিক রোশনের ভাগ্য পরীক্ষা করা হয়েছিল। অবশ্য তিনি টেনেটুনে পাশ করেছেন। সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর প্রমুখ। এটি আয় করেছে ৩৫০ কোটি রুপি। নয় নম্বরে রয়েছে রাজকুমার পেরিয়াসামি পরিচালিত তামিল সিনেমা ‘আমরণ’। 

বায়োগ্রাফিক্যাল অ্যাকশন এ সিনেমায় অভিনয় করেছেন শিব কার্তিক্কান, সাই পল্লবী প্রমুখ। এটি আয় করেছে ৩২০ কোটি রুপি। তালিকার সর্বশেষ অবস্থানে রয়েছে তেলুগু সুপারহিরো অ্যাকশন সিনেমা ‘হনুমান’। প্রশান্ত ভার্মা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন তেজা সাজ্জা, অমৃতা আয়ার প্রমুখ। আর এটি আয় করেছে ৩০০ কোটি রুপি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *