Home / Entertainment / পুরুষ ক্রিকেটারদের সামনে কেঁদেছিলেন মন্দিরা

পুরুষ ক্রিকেটারদের সামনে কেঁদেছিলেন মন্দিরা

তখনো তিনি আজকের মন্দিরা বেদি নন। যার প্রশ্নবাণে ধরাশায়ী তাবৎ পুরুষ ক্রিকেটার, তার শরীরী ঝাঁজেও। সেই সময় সঞ্চালিকা-অভিনেত্রী অনেক নরম ভাষী ছিলেন। যে কোনো বিষয়ে চট করে প্রতিক্রিয়া জানিয়ে ফেলতেন। কেঁদেও ফেলতেন অনেক সময়। সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর খানের একটি অনুষ্ঠানে সেই সময় ঘটে যাওয়া একটি ঘটনার কথা জানিয়েছেন সঞ্চালিকা-অভিনেত্রী মন্দিরা বেদি।

ঘটনা ২০০৩ সালের। বিশ্বকাপ চলছে। একটি জনপ্রিয় চ্যানেল তৎকালীন প্রজন্মকে আকৃষ্ট করতে তারকা ক্রিকেটারদের মুখোমুখি সুন্দরী সঞ্চালিকাকে বসানোর কথা ভেবেছিল। সেই অনুযায়ী ডাক পেয়েছিলেন মন্দিরা বেদি। তিনিও এক কথায় রাজি হয়ে যান। নতুন অভিজ্ঞতা হবে তার, এই আশাতেই রাজি ছিলেন তিনি। 

পাশাপাশি খেলা তারও প্যাশন। কিন্তু হাতেকলমে কাজ করতে গিয়ে নাকাল তিনি। ভেবেছিলেন, খেলা দেখতে দেখতে বিষয়টি নিয়ে আলোচনা আর ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসা প্রায় এক। প্রথম শো করতে গিয়ে দেখলেন, যতটা সহজ ভেবেছিলেন ততটাও সোজা নয় ক্রিকেট সঞ্চালনা। পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী সঞ্চালক। মন্দিরা প্রশ্ন করেছিলেন এক, আর উত্তর পেয়েছিলেন আরেক। অপমানে প্রায় চোখে পানি আসার জোগাড়।

মন্দিরা জানিয়েছেন, পুরুষ ক্রিকেটাররা এ ধরনের অনুষ্ঠানে পুরুষ সঞ্চালকদের সঙ্গে বসে অভ্যস্ত। মন্দিরাকে দেখে তাদের সে কী অবজ্ঞা আর অবহেলা। মন্দিরা প্রশ্ন করেন এক, সেই উত্তর আসে অন্যটা। ইচ্ছাকৃতভাবেই এমনটি করা হতো। 

শো শেষে সেই প্রথম প্রকাশ্যে কেঁদে ফেলেছিলেন সঞ্চালিকা। কিন্তু সেই প্রথম, সেই শেষ। সেদিন চ্যানেল কর্তৃপক্ষ তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিল। নিজের মতো করে অনুষ্ঠান সঞ্চালনার স্বাধীনতাও দিয়েছিল তাকে। পরের অনুষ্ঠানেই ঘুরে দাঁড়িয়েছিলেন মন্দিরা। ক্রিকেটার তার প্রশ্নের ভিন্ন জবাব দিতেই সরাসরি সম্প্রচারের সময় সপাট বলেছিলেন— আপনি ভালোই উত্তর দিয়েছেন। কিন্তু আমার প্রশ্নের জবাব তো এটা নয়— আমার করা প্রশ্নের জবাবে কী বলবেন?

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *