Home / Entertainment / ভিড়ের মধ্যে অস্বস্তিতে শাহরুখকন্যা, বাঁচাতে ছুটে এলেন জ্যাকি

ভিড়ের মধ্যে অস্বস্তিতে শাহরুখকন্যা, বাঁচাতে ছুটে এলেন জ্যাকি

শাহরুখকন্যা সুহানা বলিউডে পা রাখার আগে থেকেই চর্চায়। এখন পর্যন্ত মাত্র একটি ছবিতে অভিনয় করেছেন সুহানা খান। কিন্তু সমাজমাধ্যমে তার অনুরাগীর সংখ্যা ঈর্ষণীয়। তাকে ক্যামেরাবন্দি করতে ছুটে আসেন ছবিশিকারিরা। তেমনই এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সুহানা। সেই সময়ে তাকে বাঁচাতে ছুটে এলেন জ্যাকি শ্রফ।

পরনে কালো রঙের পোশাক। কানে বড় দুল। খোলা চুল। জানা যাচ্ছে, সুহানার পাথরখচিত পোশাকটির দাম ৪ লাখ রুপির উপরে। সঙ্গে নিয়েছিলেন দামি ব্যাগ। এ সাজেই সুহানা পৌঁছেছিলেন সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে। মুম্বাইয়ে অর্পিতা খানের নতুন রেস্তোঁরায় বসেছিল জন্মদিনের আসর। তারকাখচিত জন্মদিনের অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময়েই সুহানাকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। সুহানার চোখে-মুখে ফুটে ওঠে অস্বস্তির ছাপ। পেছন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ‘জ্যাকি আঙ্কল’।

জ্যাকি সেই অনুষ্ঠান থেকে সুহানাকে বেরোতে সাহায্য করেন। ছবিশিকারিদের উদ্দেশে কড়া কণ্ঠে বলেন, ‘মুখের ওপর বেশি আলো ফেলবেন না।’ কোনো মতে সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে যান সুহানা। এ দিন নির্বাণের জন্মদিনের অনুষ্ঠানে সুহানা ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, ইব্রাহিম খান, অগস্ত্য নন্দা, ববি দেওলও।

সুহানাকে আগামীতে দেখা যাবে সুজয় ঘোষের ছবি ‘কিং’-এ। অন্য দিকে জ্যাকি শ্রফ ব্যস্ত তার আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে। এ ছাড়া ‘হাউসফুল ৫’ ছবিতেও অভিনয় করছেন তিনি।

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *