Home / Entertainment / লাগাতার হুমকি পাচ্ছেন রূপা, যা বললেন অভিনেত্রী

লাগাতার হুমকি পাচ্ছেন রূপা, যা বললেন অভিনেত্রী

কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রূপা ভট্টাচাৰ্য। আরজি করকাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই শামিল হওয়ায় লাগাতার হুমকি পাচ্ছেন এ অভিনেত্রী। কিন্তু প্রশাসন অভিযোগ নিচ্ছে না বলে জানান তিনি।

আনন্দবাজার সূত্রে জানা গেছে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘আনন্দী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রূপা ভট্টাচার্য। আনন্দে বুঁদ হওয়ার কথা অভিনেত্রী রূপা ভট্টাচাৰ্যের। কিন্তু হলো কই? সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার হুমকি বার্তা পেতে পেতে মানসিকভাবে ভেঙে পড়েছেন এ অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনের কাছে শেয়ার করে রূপা বলেন, প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো ফল মেলেনি। তারা নির্বিকার।

কী কারণে হুমকি বার্তা পাচ্ছেন তিনি, কী হুমকি দেওয়া হচ্ছে তাকে—এমন প্রশ্নের উত্তরে রূপা বলেন, আরজি করকাণ্ডের প্রতিবাদে শুরু থেকেই তিনি শামিল ছিলেন। কোনো রাজনৈতিক দলের পক্ষ নিয়ে নয়; ব্যক্তিগত অনুভূতি থেকে। তিনি বলেন, নির্যাতিত তরুণী চিকিৎসকের মতোই আমিও মেয়ে। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি তাতে যে কোনো মেয়ের সঙ্গে এই অঘটন ঘটতেই পারে। সেই জায়গা থেকে প্রতিবাদ আমার। এ অভিনেত্রী বলেন, প্রতিবাদে শামিল হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে। তার চরিত্র হনন করা হচ্ছে। সেসব ভাষা তিনি মুখে আনতে পারবেন না বলে জানান এ অভিনেত্রী।

রূপা বলেন, এর পরেই সাইবার শাখায় ইমেল পাঠাই। কিন্তু কোনো উত্তর নেই। নিরুপায় রূপা হুমকি বার্তার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেই কলকাতা পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তিনি। 

এ অভিনেত্রী বলেন, তাতেও ব্যর্থ তিনি। উল্টো হুমকি বার্তার পরিমাণ বেড়েছে। বিভিন্ন ছদ্মনামে তাকে এ ধরনের অশ্লীল বার্তা পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন রূপা। 

তিনি বলেন, আদতে প্রশাসন চুপ থেকে অপরাধীদের মদত দিচ্ছে। তাই হুমকির পরিমাণ বাড়ছে। পাল্টা প্রশ্ন করে রূপা বলেন, রক্ষক যদি দর্শক হয়, নিরাপত্তা দেবে কে, বিচার চাইব কার কাছে?

বিনোদন ডেস্ক

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *