
তরুণ প্রজন্মের মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। ঈদ উপলক্ষ্যে ‘পয়জন’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন এ অভিনেত্রী। তাছাড়া ঈদে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। ঈদের কাজ নিয়ে আজকের ‘হ্যালো…’ বিভাগে কথা বলেছেন তিনি।
rnrn
* ট্রেলারে দেখা গেছে, ‘পয়জন’ ওয়েব ফিল্মে চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন আপনি। চরিত্রটিতে কোন নায়িকার মিল পেয়েছেন?
rnrn
** আমি ব্যক্তিগত অভিমতের জায়গা থেকে বলব, এ চরিত্রের সঙ্গে বাস্তবের কোনো নায়িকার পুরোপুরি মিল নেই। এটা একজন নারীর টিকে থাকার গল্প। একজন নারী সমাজে চলতে গিয়ে কত কিছুর মুখোমুখি হয় এবং সেগুলো কীভাবে প্রতিকার করে সেসব নিয়েই এই ওয়েব ফিল্ম। চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে আমাকে অনেক স্টাডি করতে হয়েছে। সিনেমার নায়িকাদেরও ফলো করতে হয়েছে এটা সত্যি, তবে এ চরিত্রের সঙ্গে বাস্তবের নায়িকাদের মিল নেই।
rnrn
* চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার কাছে?
rnrn
** অবশ্যই অনেক চ্যালেঞ্জিং ছিল। কারণ আমি সিনেমার নায়িকা নই। আমি নাটকের মেয়ে। সেই জায়গা থেকে একটা সিনেমার নায়িকার চরিত্র ফুটিয়ে তোলাটা একটু চ্যালেঞ্জিং ছিল। তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ফুটিয়ে তুলতে। এখানে আমার চরিত্রের অনেক লেয়ার দেখতে পাবে দর্শক।
rnrn
* ‘পয়জন’-এ কী ধরনের বক্তব্য দিতে চেয়েছেন?
rnrn
** আমার কাছে মনে হয়, যে কোনো কিছু অতিরিক্ত মানেই পয়জন। আমি যদি কাউকে ভালোবাসি এবং সেটি অনেক বেশি হয়ে যায় সেটিও পয়জন হতে পারে। আবার আমি যদি কাউকে অতিরিক্ত মাত্রায় ঘৃণা করি সেটিও পয়জন হতে পারে। মোটকথা আমি যা করি, তা যদি অতিরিক্ত হয়ে যায় সেটা পয়জন হতে পারে। আমরা এ বক্তব্যই দিতে চেয়েছি সিনেমাটির মাধ্যমে।
rnrn
* নাটকে এখন আপনাকে কম দেখা যায় কারণ কী?
rnrn
** কই কমেছে? করছি তো। তবে এখন আগের চেয়ে আরও সচেতন হয়ে করছি। দর্শক আমার থেকে যে ধরনের কাজ আশা করেন, সে ধরনের গল্পেই কাজ করার চেষ্টা করছি। বলতে পারেন ভালো কাজের দিকে আরও মনোযোগ দিয়েছি। আগের মতো ধারাবাহিকভাবে অভিনয় করছি না। স্ক্রিপ্ট পছন্দ হলেই করছি। বেছে বেছে কাজ করছি।
rnrn
* আপনাকে বড় পর্দায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে কি?
rnrn
** আমার তো বড় পর্দায় কাজ করার স্বপ্ন অনেক আগে থেকেই। তবে সঠিক সময় ও সঠিক স্ক্রিপ্টের জন্য অপেক্ষা করছি। ব্যাটে-বলে মিলে গেলে অবশ্যই বড় পর্দায় দেখা যাবে। আমিও আপনাদের মতোই অপেক্ষায় আছি সঠিক সময়ের।
rnrn
* ঈদে আর কী কী কাজ আসছে?
rnrn
** আমার অভিনীত মাত্র ৪-৫টি নাটক দেখতে পাবেন দর্শক। পুরো ক্যারিয়ারে এবারই প্রথম ঈদে এত কম কাজ করেছি শুধু ‘পয়জন’ সিনেমাটির কাজ ও রিসার্চের জন্য। এ সিনেমাটিই আমার এবারের ঈদের মেইন ফোকাস। কারণ এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রম কাজ। এ চরিত্রটি আমাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। সাধারণত আমাকে আমার দর্শক রোমান্টিক নাটক কিংবা মিষ্টি মেয়ের চরিত্রে দেখেছে। তবে তারা সব সময় চাইতেন আমি যেন ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরি। এ সিনেমায় সে সুযোগটা পেয়েছি।
রিয়েল তন্ময়





