গ্লামারাস চরিত্র নিয়ে ফিরছেন অপু বিশ্বাস

Written by

in

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন। কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। তার বিপরীতে জুটি হয়ে কাজ করবেন মুরতজা পলাশ। এ সিনেমার শুটিংয়ের জন্য ইতোমধ্যে গান রেকর্ডিং করেছেন নির্মাতা। সেই গানের শুটিং করতে টিম নিয়ে দ্রুতই নেপালের উদ্দেশে পাড়ি দেবেন পরিচালক। সেখানেই হবে এ গানের শুটিং। 

এর আগে ‘শিকার’ নামে একটি ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তারা। অবশেষে চলতি মাসে শুরু হচ্ছে ‘শিকার’ সিনেমার শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়; নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

নির্মাতা জানান, শিকার সিনেমার বেশিরভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তারা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’— এমন শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেন ইমরান। এ ছাড়া আকাশ মাহমুদের সুর করা একটি গানের রেকর্ডিং হওয়ার কথা রয়েছে। স্যাড ঘরানার গানটিতে কণ্ঠও দিয়েছেন আকাশ। 

আরও পড়ুন
আরও পড়ুন

আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে ‘শিকার’ সিনেমাটি প্রযোজনা করছে রেজা ফিল্মস। থ্রিলার ঘরানার সীমান্তবর্তী এলাকার গল্প রয়েছে এ সিনেমায়। এতে অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এ সিনেমার মূল আকর্ষণ। ইতোমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

অপু বিশ্বাসের সঙ্গে জুটি হয়ে কাজ করা ছোটপর্দার অভিনেতা মুরতজা পলাশ প্রসঙ্গে নির্মাতা বলেন, নাটকে পলাশের অভিনয় দেখে এ সিনেমায় তাকে যুক্ত করা হয়েছে। 

ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প ও অভিনয়শিল্পী— সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *