প্রচার বন্ধে ‘কালা হিরণ’ সিনেমার বিরুদ্ধে সালমানের আইনি নোটিশ

Written by

in

বলিউড তারকা সালমান খান ‘কালা হিরণ’ নামে একটি চলচ্চিত্রের নির্মাতাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন। ১৯৯৮ সালের বহুল আলোচিত কৃষ্ণসার (ব্ল্যাকবাক) শিকার মামলাকে কেন্দ্র করে নির্মিতব্য এই চলচ্চিত্রে তার ব্যক্তিত্ব ও পরিচিতির অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলচ্চিত্রটির কাস্টিং পরিচালক অক্ষয় পান্ডের কাছে পাঠানো আইনি নোটিশে সালমান খান সিনেমাটির প্রচার ও মুক্তি অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন।

‘কালা হিরণ’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন ভারত এস শ্রিনাতে এবং প্রযোজনা করছেন অমিত জানি। এর আগে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘উদয়পুর ফাইলস’ও প্রযোজনা করেছিলেন তিনি।

সালমান খানের আইনজীবীর দাবি, কৃষ্ণসার শিকার মামলাটি বর্তমানে রাজস্থান হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় মামলাটিকে ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ মানহানিকর এবং এটি অভিনেতার ব্যক্তিত্বের অধিকারের গুরুতর লঙ্ঘন। পাশাপাশি বিচারাধীন বিষয়ে চলচ্চিত্র নির্মাণ ন্যায়বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে এবং সালমান খানের ন্যায্য বিচারের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, সালমান খান তার নাম, ব্যক্তিত্ব বা তার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগকে চলচ্চিত্রে ব্যবহারের জন্য কোনো অনুমতি বা সম্মতি দেননি।

আইনি নোটিশে নির্মাতাদের দুটি দাবি মেনে চলতে বলা হয়েছে। প্রথমত, সালমান খানকে কেন্দ্র করে বা তার সঙ্গে সম্পর্কিত কোনো চলচ্চিত্র বা কনটেন্টের উন্নয়ন, নির্মাণ ও প্রচার অবিলম্বে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, তার কাছে নিঃশর্ত লিখিত ক্ষমা চাইতে হবে।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এসব শর্ত পূরণ না হলে নির্মাতাদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি উভয় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

অন্যদিকে প্রযোজক অমিত জানি সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি নোটিশটি প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, এই নোটিশের উদ্দেশ্য সংশ্লিষ্টদের ভয় দেখানো এবং চলচ্চিত্র নির্মাণে বাধা সৃষ্টি করা।  

আরও পড়ুন
আরও পড়ুন

সম্প্রতি ‘কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ চলচ্চিত্রের প্রথম পোস্টার প্রকাশ করা হয়। পোস্টারে দেখা যায়, সালমান খানের মতো দেখতে এক ব্যক্তি হাতে বন্দুক তাক করে আছেন। তার হাতে সালমান খানের পরিচিত ফিরোজা রঙের ব্রেসলেটের মতো একটি ব্রেসলেটও রয়েছে।

নির্মাতাদের দাবি, বাস্তব আইনি লড়াইকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে অ্যাকশন ও নাটকীয়তার সমন্বয় থাকবে। আগামী ২০ জুন সিনেমাটির টিজার প্রকাশের কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ চলচ্চিত্রের শুটিং চলাকালে রাজস্থানের যোধপুর জেলার কঙ্কানি গ্রামে দুটি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমান খানের বিরুদ্ধে।

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১৮ সালে একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেন। পরে তিনি জামিনে মুক্তি পান। ২০২২ সালে মামলাসংশ্লিষ্ট সব আবেদন রাজস্থান হাইকোর্টে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয় এবং বর্তমানে বিষয়টি সেখানে বিচারাধীন রয়েছে।

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *