Home / Entertainment / ফারহান আখতারের সঙ্গে মতবিরোধের পর নিষিদ্ধ হলেন রণবীর সিং

ফারহান আখতারের সঙ্গে মতবিরোধের পর নিষিদ্ধ হলেন রণবীর সিং

নির্মাণাধীন ‘ডন ৩’ সিনেমা থেকে অভিনেতা রণবীর সিংয়ের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অসহযোগিতামূলক নির্দেশনা জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। বিষয়টি নিয়ে নির্মাতা ফারহান আখতারের সঙ্গে তার মতবিরোধও তৈরি হয়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটির শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে রণবীর প্রোজেক্টটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ কারণে নির্মাতাদের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রথমদিকে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও পরে ফারহান এফডব্লিউআইসিইর সহযোগিতা চান।

এরপর সংগঠনটি রণবীরের বিরুদ্ধে নন-কোঅপারেশন নির্দেশনা জারি করে, যার ফলে ইন্ডাস্ট্রির সদস্যদের তার সঙ্গে কাজ না করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, ‘ডন ৩’–এর প্রযোজনা সংশ্লিষ্ট প্রায় ৪৫ কোটি টাকার ক্ষতির বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তার সঙ্গে কাজ থেকে বিরত থাকতে হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

এর আগে ১৮ মে এফডব্লিউআইসিই জানিয়েছিল, আলোচনার জন্য একাধিকবার ডাকা হলেও রণবীর তাদের সামনে উপস্থিত হননি।

অন্যদিকে এ ঘটনা প্রকাশ্যে আসার পর রণবীরের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, তিনি চলচ্চিত্র জগত এবং ‘ডন ৩’–এর সঙ্গে যুক্ত সবার প্রতি সম্মান বজায় রাখেন। পুরো পরিস্থিতিতে তিনি সচেতনভাবেই নীরব থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ব্যক্তিগত ও পেশাগত বিষয়গুলো তিনি পারস্পরিক সম্মান এবং মর্যাদার সঙ্গে সামাল দেওয়ার পক্ষে। নানা আলোচনা ও গুঞ্জন তৈরি হলেও তিনি প্রকাশ্যে প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন অনুভব করেননি। বর্তমানে তার মনোযোগ নিজের কাজ ও ভবিষ্যতের পরিকল্পনার দিকেই রয়েছে। পাশাপাশি ‘ডন ৩’–এর সফলতাও কামনা করেছেন তিনি।

সূত্র: এনডিটিভি

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *