‘বয়স ৬০ হলেও মারামারি করতে ভুলিনি’, ফটো সাংবাদিকদের সালমান খান

Written by

in

দীর্ঘদিন পর আবারও নিজের স্বভাবসুলভ চেনা ছন্দে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। কোনো রকম রাখঢাক না রেখে নিজের স্পষ্ট মতামত প্রকাশ করছেন তিনি। 

তবে মঙ্গলবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে তোলপাড়। বিনোদন সাংবাদিক এবং বিশেষ করে ফটো সাংবাদিকদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন বলিউড ভাইজান। 

মূলত মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করেই সালমানের এই বিস্ফোরণ। সেদিন তিনি এক ঘনিষ্ঠ রোগীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সেখানে তাকে দেখামাত্রই ঘিরে ধরেন পাপারাজ্জিরা। তারা চিৎকার করে সালমানের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’-র আপডেট জানতে চান। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে সালমানকে অত্যন্ত ক্ষুব্ধ ও বিরক্ত দেখায়। 

হাসপাতাল থেকে ফিরেই একের পর এক অগ্নিগর্ভ পোস্টে নিজের ব্যক্তিগত গোপনীয়তায় আঘাত করার জন্য পাপারাজ্জিদের ধুয়ে দিয়েছেন এই অভিনেতা। 

ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন, ‘আমি যদি আর কখনো কোনো গণমাধ্যমকে হাসপাতালের বাইরে আমার কষ্ট নিয়ে তামাশা করতে দেখি, তবে ফল ভালো হবে না। এই সেই গণমাধ্যম যাদের পাশে আমি সবসময় দাঁড়িয়েছি, কথা বলেছি, খেয়াল রেখেছি এবং নিশ্চিত করেছি যেন তারাও তাদের রুটি-রুজির সংস্থান করতে পারে। 

আরও পড়ুন
আরও পড়ুন

কিন্তু তোমরা যদি আমার ক্ষতি বা দুঃখ বিক্রি করে টাকা কামাতে চাও… তবে চুপ থাকো, এটা উপভোগ করার চেষ্টা করো না।’ 

হুমকির সুরে সালমান আরও যোগ করেন, ‘পরের বার আমার কোনো ভাইয়ের দুঃখের সময়ে আমার সঙ্গে এমনটা করার চেষ্টা করেই দেখ। জাস্ট একবার চেষ্টা করে দেখ…। তোমাদের নিজেদের কেউ যখন হাসপাতালে থাকে, আমি কি তখন এমন আচরণ করব? আমার বয়স এখন ৬০ বছর হয়েছে, কিন্তু আমি মারামারি করতে ভুলে যাইনি, এটা মাথায় রেখ। কী করবে তোমরা, আমাকে জেলে পাঠাবে? হা হা!’ 

পাপারাজ্জিদের করা হইচইয়ের মাঝে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মাতৃভূমি’-র নতুন মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 

তবে ভক্তদের জন্য সুখবর হলো, এই অভিনেতার হাতে রয়েছে আরও একটি বড় প্রজেক্ট। প্রযোজক দিল রাজু এবং পরিচালক ভামশি পাইডিপাল্লির পরিচালনায় একটি নতুন সিনেমায় কাজ করছেন তিনি, যার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘এসভিসি৬৩’। এই বিগ-বাজেট প্রজেক্টে সালমানের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় লেডি সুপারস্টার নয়নতারাকে। 

সূত্র: সিনেমা এক্সপ্রেস 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *