
আবারও রূপালি পর্দায় একসঙ্গে ফিরছেন বলিউডের অন্যতম সফল জুটি আমির খান ও পরিচালক আশুতোষ গোয়ারিকর। কালজয়ী সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পর, এই ঐতিহাসিক জুটি মেগা প্রজেক্টের জন্য ফের এক হচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভ্যারাইটি ইন্ডিয়া।
জানা গেছে, ১৯৫২ সালের ঐতিহাসিক ভারত-পাকিস্তান টেস্ট ক্রিকেট সিরিজের পটভূমিতে একটি হাই-ভোল্টেজ স্পোর্টস ড্রামা নির্মিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, এটি কোনো প্রচলিত ধারার বায়োপিক বা আত্মজীবনীমূলক সিনেমা হবে না। বরং ১৯৪৭ সালের দেশভাগের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে অনুষ্ঠিত প্রথম আইকনিক ক্রিকেট সিরিজকে কেন্দ্র করে গড়ে উঠবে ছবির গল্প। তৎকালীন মাঠের ভেতরের ও বাইরের আবহ, জাতীয় গৌরব, চিরপ্রতিদ্বন্দ্বিতা এবং মাঠের পেছনের মানবিক আবেগ ও মনস্তাত্ত্বিক টানাপোড়েনই হবে এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
ছবিটির চিত্রনাট্য লেখার দায়িত্ব সামলাচ্ছেন পীযূষ গুপ্ত ও নীরজ সিং।
এই সিনেমায় স্বাধীন ভারতের প্রথম টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার লালা অমরনাথের চরিত্রে অভিনয় করবেন ‘মি. পারফেকশনিস্ট’ খ্যাত আমির। নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত এই তারকা ইতোমধ্যেই চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এবং চরিত্রের প্রয়োজনে তাকে বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে।
সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি।
জানা গেছে, আমির খান ইতোমধ্যেই চূড়ান্ত চিত্রনাট্য অনুমোদন করেছেন এবং সবকিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বর বা ডিসেম্বর নাগাদ ছবির শুটিং শুরু হবে। আগামী জুন মাসের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমির ও আশুতোষের পুনরায় একসঙ্গে কাজ করার খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তুমুল উদ্দীপনা দেখা দিয়েছে। অনেকেই লগান-এর সাফল্যের কথা স্মরণ করে এই জুটিকে ঘিরে বড় স্বপ্ন দেখছেন।
তবে ট্রেড অ্যানালিস্টদের একাংশ, স্পোর্টস ড্রামা ঘরানার চলচ্চিত্রের সাম্প্রতিক বক্স অফিস পারফরম্যান্স নিয়ে কিছুটা চিন্তিত। সাম্প্রতিক সময়ে ‘ময়দান’ বা ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর মতো সিনেমাগুলো সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি। ফলে দর্শকরা এই ঘরানার সিনেমা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে কতটা আগ্রহী হবেন, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে।
অবশ্য সিনেমা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ভারত-পাকিস্তান ম্যাচ এবং দেশভাগ-পরবর্তী প্রেক্ষাপট এমন একটি বিষয়, যা সবসময়ই সাধারণ দর্শকদের সিনেমা হলের দিকে টানে। টানা কয়েকটি সিনেমা আশানুরূপ ব্যবসা না করায় আমির খান নিজেও বর্তমানে ক্যারিয়ারের কিছুটা কঠিন সময় পার করছেন। সঠিক বাজেটের মধ্যে যদি এই আবেগঘন গল্পটি পর্দায় ফুটিয়ে তোলা যায়, তবে এটিই হতে পারে বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর দুর্দান্ত কামব্যাক ফিল্ম।
বিনোদন ডেস্ক





