Home / Entertainment / ২ বছর পর ঢাকার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

২ বছর পর ঢাকার মঞ্চে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

দীর্ঘ দুই বছর বিরতির পর আবারও ঢাকার মঞ্চে ফিরছে ম্যাড থেটারের প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির ১০ম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

নাটকটি নির্মিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৯২৪ সালের দক্ষিণ আমেরিকা ভ্রমণ এবং আর্জেন্টিনায় তার অবস্থানকে কেন্দ্র করে। 

ঐতিহাসিক এই সফরের নানা অজানা আবেগ, দ্বন্দ্ব এবং মানবিক দিককে নতুনভাবে তুলে ধরার প্রয়াস দেখা যায় প্রযোজনাটিতে। বিশেষ করে আর্জেন্টিনার সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পো-এর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নাটকের মূল সুর হয়ে উঠেছে।

ম্যাড থেটারের প্রধান পরিচালক আসাদুল ইসলাম নাটকটি রচনা, নির্দেশনা ও পরিকল্পনা করেছেন। এতে রবীন্দ্রনাথ চরিত্রে অভিনয় করেছেন তিনি নিজেই, আর ভিক্টোরিয়া চরিত্রে রয়েছেন সোনিয়া হাসান। মাত্র দুটি চরিত্রের মধ্য দিয়েই এক শতাব্দী আগের আবেগঘন সময়কে মঞ্চে জীবন্ত করে তোলার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

নাটকটির কাহিনিতে দেখা যায়, পেরুর আমন্ত্রণে যাত্রা করলেও অসুস্থতার কারণে রবীন্দ্রনাথ আর্জেন্টিনায় অবস্থান করতে বাধ্য হন। সেখানে সান ইসিদ্রোর মিরালরিও ভিলায় অবস্থানকালে ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্যে কাটানো সময় তার জীবনে এক বিশেষ আবেগঘন অধ্যায় হয়ে ওঠে। এই সময়ের অভিজ্ঞতা থেকেই পরবর্তীতে সৃষ্টি হয় তার কাব্যগ্রন্থ পূরবী, যা তিনি ওকাম্পোকে উৎসর্গ করেছিলেন।

ম্যাড থেটারের এই প্রযোজনা প্রেম, স্মৃতি ও মানবিক সম্পর্কের এক শাশ্বত রূপ তুলে ধরে। নির্মাতাদের মতে, যুদ্ধ-বিধ্বস্ত ও বিভাজিত পৃথিবীতে মানুষের প্রতি মানুষের ভালোবাসার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই নাটক। 

যুগান্তর প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *