Home / Entertainment / প্রকাশিত হলো আলিফ আলাউদ্দীনের চতুর্থ অ্যালবাম

প্রকাশিত হলো আলিফ আলাউদ্দীনের চতুর্থ অ্যালবাম

জনপ্রিয় সংগীতশিল্পী আলিফ আলাউদ্দীনের চতুর্থ একক অ্যালবাম প্রকাশ হয়েছে। ‘আলিফ আলাউদ্দীন’ সেল্ফ টাইটেল শিরোনামে অ্যালবামটি ছয়টি নতুন গান নিয়ে সাজানো হয়েছে। ইতোমধ্যে গানগুলোর লিরিক ভিডিও এবং একটি গানের মিউজিক ভিডিও আলিফ আলাউদ্দীনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। গানগুলো শোনা যাবে স্পটিফাইতেও।

আলিফ আলাউদ্দীন যুগান্তরকে বলেন, এই অ্যালবামে মোট ৬টি গান আছে। চারটি মৌলিক গানে ২ টার কথা লিখেছি আমি আর দুইটি গানের কথা লিখেছেন কাজী ফায়সাল আহমেদ। ৪টি মৌলিক গানের সুর করেছেন কাজী ফায়সাল আহমেদ।

তিনি আরও বলেন, বাকি দুইটি গান ট্রিবিউট হিসেবে রাখা হয়েছে। দুটি গানই অরিজিনালি আমার মায়ের (সালমা সুলতানা) গাওয়া গান। একটি গানের কথা লিখেছেন কাওসার আহমেদ চৌধুরি। লেখা ও সুর আইয়ূব বাচ্চুর। আরেকটি গানের কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর আমার বাবা আলাউদ্দীন আলীর।

সবগুলো গানের সংগীতায়োজন করেছেন কাজী ফায়সাল আহমেদ। অ্যালবাম রেকর্ড হয়েছে ‘ফেইস দ্য মিউজিক’ স্টুডিওতে।

আরও পড়ুন
আরও পড়ুন

এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় আলিফ আলাউদ্দীনের চতুর্থ অ্যালবাম প্রকাশ উপলক্ষে রাজধানীর নটরডেমিয়ান ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনেকটা ঘরোয়া এ আয়োজনে আলিফ আলাউদ্দীনের বিশাল সংগীত পরিবারের সদস্যরা ছাড়াও বাংলাদেশের সংগীত জগতের অনেক গুণীজন উপস্থিত ছিলেন।

সংগীতশিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা, রেবেকা সুলতানা, সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, মাইলস ব্যান্ডের গিটারিস্ট ও গায়ক হামিন আহমেদ, ফিডব্যাকের কি-বোর্ডিস্ট ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু, ওয়ারফেজের দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু, পেন্টাগনের গিটারিস্ট ও গায়ক মোহাম্মদ আলী সুমন, দলছুটের গায়ক ও গিটারিস্ট বাপ্পা মজুমদার, সংগীত পরিচালক শওকত আলী ইমন, অর্থহীনের বেজিস্ট ও গায়ক সাইদুস সালেহীন খালেদ সুমন, আর্টসেল ও মাইলসের গিটারিস্ট ইকবাল আসিফ জুয়েল, ক্রিপটিক ফেইটের বেজিস্ট ও গায়ক শাকিব চৌধুরী, আর্টসেলের গিটারিস্ট কাজী ফায়সাল আহমেদ, বে অব বেঙ্গল ব্যান্ডের গিটারিস্ট ও গায়ক বখতিয়ার প্রমুখ।

যুগান্তর প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *