‘চিরপ্রতিদ্বন্দ্বী’ দুই অভিনেত্রী যে ইস্যুতে ‘এক’

Written by

in

বলিউডের চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত হলেও বর্তমানের আলোচিত ‘৮ ঘণ্টার কর্মঘণ্টা’ ইস্যুতে দীপিকা পাড়ুকোনের পাশে দাঁড়িয়ে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত। 

গত বছর কাজের সময় নিয়ে মতভেদের কারণে ‘স্পিরিট’ এবং ‘কাল্কি ২’ থেকে দীপিকার বাদ পড়া নিয়ে যখন চলছে নানা বিতর্ক, তখন কঙ্গনার এই সমর্থন ইন্ডাস্ট্রিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা ব্যাখ্যা করেন, কিভাবে সময় এবং অভিজ্ঞতার সঙ্গে একজন কর্মীর পেশাগত চাহিদা ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের সমীকরণ বদলে যায়। 

ক্যারিয়ারের শুরুতে নিজেদের হাড়ভাঙা খাটুনির কথা স্মরণ করে কঙ্গনা বলেন, ‘আমি মনে করি না এটি নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত। দীপিকা আজ যেখানে পৌঁছেছেন, তিনি কঠোর পরিশ্রম করেই সেই জায়গাটি অর্জন করেছেন। তিনি এখন একজন মা, তার একটি কন্যাসন্তান আছে। তিনি বর্তমানে শীর্ষস্থানীয় অভিনেত্রী। আজ যদি তিনি দিনে আট ঘণ্টা কাজ করতে চান, তবে সেই অধিকার তার আছে।’

আরও পড়ুন
আরও পড়ুন

কঙ্গনা জানান, এক সময় তারা দুজনেই সাফল্যের নেশায় ১২ থেকে ১৪ ঘণ্টা কাজ করতেন। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘একবার দীপিকা আমাকে বলেছিল তারা ইমতিয়াজ আলীর কোনো সিনেমার জন্য ১২ ঘণ্টা শিফটে কাজ করছে। আমি তখন বলেছিলাম, আমি ১০ ঘণ্টা কাজ করি। ও বেশ অবাক হয়েছিল। তখন আমরা সাফল্য পাওয়ার জন্য মরিয়া ছিলাম, তাই দীর্ঘ সময় কাজ করতে আমাদের আপত্তি ছিল না। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন।’

‘মণিকর্ণিকা’ খ্যাত এই অভিনেত্রী নারীদের ওপর কাজের পাশাপাশি পরিবার সামলানোর যে সামাজিক চাপ দেওয়া হয়, তারও তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যখন আপনি নতুন, তখন আপনি পরিবর্তনযোগ্য। কিন্তু দীপিকা যে অবস্থানে আছেন, সেখানে প্রযোজকরাই তাকে চাইবেন এবং তার সময়ের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। এটাই স্বাভাবিক। অথচ আমরা নারীদের ওপর দ্বিগুণ কাজের চাপ দিচ্ছি। একদিকে জন্মহার আর সংসার ভেঙে যাওয়া নিয়ে কথা বলি, অন্যদিকে একজন মাকে কাজের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না। এটা বন্ধ হওয়া উচিত।’

উল্লেখ্য, গত বছর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কাল্কি ২’ সিনেমায় দীপিকা পাড়ুকোন ৮ ঘণ্টার শিফট এবং কাজের উন্নত পরিবেশের দাবি জানিয়েছিলেন। সেই দাবি পূরণ না হওয়ায় তিনি প্রজেক্টগুলো থেকে সরে দাঁড়ান।

সূত্র: ডিএনএ  

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *