Home / Entertainment / ফেসবুক পোস্টে যা বললেন লাক্স সুপারস্টার বিজয়ী বর্ণিতা

ফেসবুক পোস্টে যা বললেন লাক্স সুপারস্টার বিজয়ী বর্ণিতা

সাত বছর পর আয়োজিত দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার-২০২৫’-এর সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। শুক্রবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে বর্ণিতার হাতে বিজয়ের ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং সাবেক লাক্স তারকা ও জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন।

জনপ্রিয় এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বিদুষী বর্ণিতা। ট্রফি হাতে তার একটি বিশেষ ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে তিনি লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’

ভক্তদের ভালোবাসায় সিক্ত বর্ণিতা আরও জানান, তিনি এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।

আরও পড়ুন
আরও পড়ুন

জানা গেছে, বর্ণিতাকে নিয়ে নির্মাতা রায়হান রাফী সিনেমা নির্মাণ করবেন। এছাড়া অনুষ্ঠানে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, বিজয়ীদের নিয়ে শিহাব শাহীন ওয়েব সিনেমা নির্মাণ করবেন।

প্রসঙ্গত, এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের লড়াইয়ে টিকে ছিলেন পাঁচজন প্রতিযোগী। সাত বছর বিরতির পর অনুষ্ঠিত এই দশম আসরটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। চূড়ান্ত আসরে বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে বর্ণিতা এখন দেশের নতুন গ্ল্যামার গার্ল হিসেবে নিজের যাত্রা শুরু করলেন।

উল্লেখ্য, সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া চূড়ান্ত আসরটি উপস্থাপনা করেন মোশাররফ করিম ও আরিফিন শুভ। এবারের আসরের মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী।

বিনোদন ডেস্ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *