‘অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন’

Written by

in

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এখন আগের মতো সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা না থাকলেও বরাবরই তিনি আলোচনায় থাকেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ঢালিউড কুইনখ্যাত এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন অপু। সেই স্ট্যাটাসে ভক্তদের উদ্দেশ্যে তিনি অনুরোধও জানিয়েছেন।

ফেসবুক পোস্টে অপু লিখেছেন, ‘আজ এই দীর্ঘ পথ চলায় আপনারা যেভাবে আমার ছায়া হয়ে পাশে আছেন, তার জন্য আমি চিরঋণী। আপনারা আমাকে শুধু একজন শিল্পী হিসেবে নয়, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভালোবেসেছেন। আর এই ভালোবাসার পেছনের প্রধান কারণ হলো আমার কাজ। আপনারা আমাকে কাজ দিয়ে চিনেছেন, কাজের মাধ্যমেই আমি আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছি।’

ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘আমি গর্বিত এই ভেবে যে, আমার ভক্তরা শুধু সংখ্যায় নয়, বরং তারা তাদের শিক্ষা, রুচি এবং মার্জিত আচরণের জন্য অনন্য। আপনারা যে কতটা ধৈর্যশীল এবং সুশিক্ষিত পরিবারের প্রতিনিধি, তা বারবার প্রমাণ করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

আমি মনে করি, অপুর ভক্ত হওয়া মানেই আভিজাত্য আর শিষ্টাচারের এক অনন্য মেলবন্ধন। তাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ—আপনারা কারো সঙ্গে কোনো ধরনের অহেতুক তর্কে বা কাদা ছোড়াছুড়িতে জড়াবেন না।’

অপু আরও বলেন, ‘মনে রাখবেন, যারা নিজেদের কাজ বা অর্জন দিয়ে আলোচনায় থাকতে পারে না, তারাই অন্যের পরিবার নিয়ে চর্চা করে বা আজেবাজে পোস্ট করে গুরুত্ব পাওয়ার চেষ্টা করে। কিন্তু আপনাদের ব্যক্তিত্ব এতই ঊর্ধ্বে যে, কারো নিচু মানের মন্তব্যের উত্তর দিয়ে আপনাদের সেই মর্যাদা ক্ষুণ্ণ করার প্রয়োজন নেই। যারা সস্তায় জিততে চায়, তারা কখনোই আপনাদের এই মার্জিত আভিজাত্যের নাগাল পাবে না।

আমার পরিবার আমার অহংকার। যখন প্রয়োজন হয়েছে, আমি নিজেই আমার পরিবারকে আপনাদের সামনে এনেছি। এখন আর নতুন করে কোনো পোস্ট বা কথার মাধ্যমে আমার পরিবারকে নিয়ে কারো কাছে কিছু প্রমাণ করার নেই। আমাদের পরিচয় আমাদের কাজ, আমাদের বংশমর্যাদা এবং আমাদের শিক্ষা।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘আপনারা যেভাবে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ঠিক সেভাবেই আপনাদের ভালোবাসার সেই ছোট্ট আব্রাহাম খান জয়কে আপনাদের স্নেহ আর মমতায় আগলে রাখবেন। তাকে সুন্দরভাবে সবার কাছে উপস্থাপন করাই হোক আপনাদের লক্ষ্য। আমরা কোনো বিতর্ক বা হট্টগোলে নেই; আমরা আছি ভালোবাসা আর কাজের গৌরবে। আপনারা শান্ত ও হাসিখুশি থাকুন, কারণ আপনাদের এই মার্জিত রূপটিই আমার সবচেয়ে বড় শক্তি।’ 

বিনোদন ডেস্ক

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *